সৌরভ অক্সফোর্ড থেকে আমন্ত্রণ পাওয়ায় ক্ষমতার ভেতরের কোনো অশিক্ষিতের হিংসা হচ্ছে: দিপকে
· Prothom Alo

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাসকে লন্ডনগামী বিমানে উঠতে দেওয়া হলো না। গতকাল সোমবার রাতে দিল্লি বিমানবন্দরে তোলা এক ভিডিও বার্তায় সৌরভ নিজেই এই অভিযোগ করেছেন। তিনি বলেন, দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারেই তাঁকে আটকে দেওয়া হয়। বলা হয়, তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করা হয়েছে।
বাধা পেয়ে সৌরভ বিমানবন্দর থেকেই এক্সে এক ভিডিও বার্তায় সরকারের প্রতি তাঁর ক্ষোভের কথা জানান। তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র। প্রশ্নাতীত তার উৎকর্ষ। আমাকে সেখানে যেতে দেওয়া হলো না। এই সরকার পড়াশোনা, জ্ঞান, বিতর্ক, প্রশ্ন করাকে ভয় পায়।’
Visit rhodia.club for more information.
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনের আমন্ত্রণে এক আলোচনা সভায় যাওয়ার কথা ছিল সৌরভের। আলোচনা সভার বিষয় ছিল ভারতের যুবসমাজের আন্দোলন। শুধু অক্সফোর্ডই নয়, তাঁর যাওয়ার কথা ছিল কেমব্রিজ, লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই), এডিনবরায়ও।
সিজেপির আন্দোলন ভারতে কেন ছড়িয়ে পড়ছে, সেই বিষয়ে আলোচনা সভায় ভাষণ দেওয়ার কথা ছিল সৌরভের। গভীর রাতে এক্সে তিনি বলেন, ‘সেখানকার ভারতীয় পড়ুয়ারা মন–প্রাণ এক করে ওই আলোচনা সভার আয়োজন করেছিলেন। দেশে কেন এই আন্দোলন, সে বিষয়ে তাঁরা জানতে চেয়েছিলেন। কিন্তু এই মেধাবিরোধী ভীতু সরকার ওই সব প্রতিষ্ঠানে আমার যাওয়া আটকে দিল।’
সৌরভ ওই ভিডিওতে প্রশ্ন করেছেন, একজন শিক্ষিত তরুণ বিদেশে গিয়ে শিক্ষিত মহলে মেলামেশা করছে, মেধাবিষয়ক আলোচনায় অংশ নিচ্ছে, তাতে এই সরকার কেন এত ভয় পাচ্ছে?
উত্তরের অপেক্ষায় না থেকে সৌরভ বলেন, ‘যদি আমি নীরব মোদি হতাম, বিজয় মালিয়া হতাম, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করতাম, হয়তো তাহলে এই সরকার আমাকে যেতে দিত। যদি আমি অরুণ জেটলির (বিজেপির প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী) সঙ্গে ব্যক্তিগত একটা মিটিং করতে পারতাম, তাহলে হয়তো কয়েক ঘণ্টার মধ্যেই লন্ডন চলে যেতে পারতাম।’
সিজেপির নেতা বলেন, ‘কিন্তু আমরা তো তা নই। আমাদের তরুণদের মধ্যে ওই লুট করো, মারো, কাটো, একে ভয় দেখাও, ওকে ধমকাও, গুন্ডাগিরি করো, এসব নেই। এ কারণে আমাদের আটকে দেওয়া হয়। ভালো কাজ করতে বাধা দেওয়া হয়।’
সৌরভ বলেন, ‘এই সরকার শিক্ষাবিরোধী। পড়াশোনার সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই। তাই স্কুল ঠিক করা হয় না। জনপাঠাগার তৈরি করা হয় না। কয়টা পাবলিক লাইব্রেরি এই সরকার তৈরি করেছে? এই সরকার ভীত। সন্ত্রস্ত। এতটা ভয়ে ভয়ে ওরা বাঁচছে যে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভায় অদলবদল পর্যন্ত ঘটাতে পারছেন না।’
সৌরভ বলেন, ‘এভাবে আমাদের ঠেকানো যাবে না। যায়ও না। আমরা যুব সম্প্রদায়। আমাদের হাতে অনেক সময় রয়েছে। যেখানে খুশি আমরা যাব। বারবার লন্ডন যাব, প্যারিস যাব। জীবনে অনেক কিছু করার অনেক সময় আমাদের হাতে আছে। আমাদের এভাবে আটকে দিয়ে সরকার তার ভয়ার্ত মনোভাবেরই প্রকাশ ঘটিয়েছে।’
গতকাল সোমবার রাতে ওই ঘটনার পর সিজেপি নেতা অভিজিৎ দিপকেও সরব হন। এক্সে তিনি বলেন, সৌরভ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়েছেন বলে মনে হচ্ছে, ক্ষমতার অলিন্দে থাকা কোনো অশিক্ষিতের হিংসা হচ্ছে। হচ্ছে এই কারণে, তিনি বিদেশ ঘুরতে ভালোবাসেন অথচ আমন্ত্রণ পেলেন না, পেলেন সৌরভ। ককরোচ নেতৃত্ব গোটা ঘটনার পেছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে মনে করছে।
নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ভ্রান্ত শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে ককরোচ জনতা পার্টির জন্ম। তাদের আন্দোলনের দরুনই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়। তার পর থেকে সিজেপিকে দিল্লিতে আর আন্দোলনই করতে দেওয়া হচ্ছে না।
মাত্র দুই দিন আগে সিজেপি নেতৃত্ব এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন শহরে ককরোচ ক্লাব খোলার সিদ্ধান্ত নেয়। সেসব ক্লাবে যুব সম্প্রদায় চিন্তা করার, বিতর্ক করার, গান্ধী–নেহরু–আম্বেদকরদের মতো মণীষী ও চিন্তাবিদদের কাজ নিয়ে আলোচনা করার অবকাশ থাকবে বলে জানানো হয়েছে। এই ক্লাবের যাত্রা শুরু হয় ২১ নভেম্বর, পুনেতে, ‘লিগ্যাসি অব বাপু’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে।