আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জেকেকেএনইবি, রানার্সআপ জিএসএফ

· Prothom Alo

৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস সামনে রেখে আয়োজিত জিএসএফ বিতর্ক প্রতিযোগিতা-২৬–এ চ্যাম্পিয়ন হয়েছে আদিবাসী ছাত্রসংগঠন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জেকেকেএনইবি)। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ)।

Visit grenadier.co.za for more information.

আজ শুক্রবার রাজধানীর মণিপুরিপাড়ায় দ্য মেট্রোপলিটন ক্রিশ্চিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি অডিটরিয়ামে এ প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে ১ আগস্ট গুলশানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল। প্রথম পর্বে দেশের বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠী ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক আটটি দল অংশ নেয়।

ফাইনালে বিতর্কের বিষয় ছিল, ‘সাংবিধানিক স্বীকৃতি ছাড়া আদিবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয়’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত। তিনি বলেন, ‘আজকের বিতর্ক শুধু যুক্তির লড়াই নয়; এটি ন্যায়, সমতা, সম্মান ও মানবাধিকারের সম্মিলিত বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক আদিবাসী দিবসকে সামনে রেখে আমরা যখন আদিবাসীদের অধিকার, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণের কথা বলি, তখন এগুলো রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এই বৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণ করতে না পারলে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি—কেউই টেকসইভাবে এগিয়ে যেতে পারবে না।’

বিশেষ অতিথি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম খান বলেন, ‘বিতর্কের মতো বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা যত বেশি হবে, ততই মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। নিজেদের অধিকার সম্পর্কে মানুষ আরও সোচ্চার হবে। এমন চর্চাই একটি সুন্দর, সৌহার্দ্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।’

অতিথিদের সঙ্গে ‘সাংবিধানিক স্বীকৃতি ছাড়া আদিবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ দল। আজ শুক্রবার রাজধানীর মণিপুরিপাড়ায় দ্য মেট্রোপলিটন ক্রিশ্চিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি অডিটরিয়ামে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রলয় নকরেক। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) সেবাষ্টিন রেমা, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উন্নয়ন-২ শাখার (সংযুক্ত) উপসচিব হেমন্ত হেনরী কুবি, বাংলাদেশ স্টেশনারি অফিসের (বিএসও) উপপরিচালক (যুগ্ম সচিব) ব্রেনজন চাম্বুগং এবং ঢাকা ওয়ানগালার সাবেক নকমা শুভজিৎ ঘাগ্রা।

এ প্রতিযোগিতা আয়োজনের মূল সুর ছিল, আদিবাসী অধিকার আদায়ে তরুণদের ভূমিকা। পুরস্কার হিসেবে বিজয়ী দলকে ২০ হাজার টাকা ও ক্রেস্ট এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। আর ফাইনালের সেরা বিতার্কিক পেয়েছেন তিন হাজার টাকা ও ক্রেস্ট।

বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ)। আয়োজনে সহযোগিতা করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আয়োজকদের ভাষ্য, আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চর্চা, নেতৃত্বের বিকাশ এবং অধিকারবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Read full story at source