পঞ্চগড়ে আওয়ামী লীগের পোস্টার সাঁটানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
· Prothom Alo

পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার সাঁটানোর অভিযোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের নামে মামলা হয়েছে। এই মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত শুক্রবার পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার রায় বাদী হয়ে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করে মামলাটি করেন।
Visit h-doctor.club for more information.
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে দেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন, রাষ্ট্রের ক্ষতি সাধনের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পোস্টার প্রস্তুতসহ বিতরণ, পোস্টার লাগানো, ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক পরিচালনা করে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আনারুল ইসলাম ওরফে বিপুল (২৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আজ বুধবার দুপুরের পর আনারুল ইসলামকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে (কারাগারে) পাঠানোর আদেশ দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলায় পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোকলেছার রহমান, ছাত্রলীগের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সাদমান সাকিক পাটোয়ারী, পৌর কৃষকলীগের সভাপতি আকতারুন নাহার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ, পৌর যুবলীগের সভাপতি হাসনাত মো. হামিদুর রহমান, সাধারণ সম্পাদক ফজলুল করিমসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড বাজারসংলগ্ন শিংপাড়া এলাকায় পরিত্যক্ত ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রের নামফলকে, পরিত্যক্ত ওজন নিয়ন্ত্রণ অফিসের গেটে এবং লোহার তৈরি ত্রিভুজ আকৃতির ট্রাফিক সিগন্যালের মাঝখানে মোট তিনটি রঙিন পোস্টার আঠা দিয়ে লাগানো হয়েছে। পরে পুলিশ গিয়ে দেখতে পায়, সেখানে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং নৌকা প্রতীকের ছবি রয়েছে।
আজ বিকেলে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে (কারাগারে) পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।