অবশেষে মতিঝিলের সেই ভবন বুঝে পেল বেসিক ব্যাংক

· Prothom Alo

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক অবশেষে তাদের প্রধান কার্যালয়ের জন্য কেনা ভবনের দখল বুঝে পেয়েছে। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের পাশেই এ ভবনের অবস্থান। এক যুগের বেশি আইনি লড়াই শেষে আজ মঙ্গলবার আদালতের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম শেষে ভবনটির দখল ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে ভবনটির নির্মাণকাজ এখনো অসম্পূর্ণ। বাকি কাজ শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর পরিকল্পনা করছে ব্যাংকটি।

Visit turconews.click for more information.

বেসিক ব্যাংক আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২ ভবনটির দখল ব্যাংকের অনুকূলে দেওয়ার নির্দেশ দেন। আদালতের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ব্যাংক কর্তৃপক্ষকে ভবনটির দখল বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দখল বুঝে পাওয়ার পর বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত ভবনটির দখল ব্যাংককে বুঝিয়ে দিয়েছেন। আমরা এখন ভবনের অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর উদ্যোগ নেব। এতে ব্যাংকের পরিচালন ব্যয় কমবে।’

বেসিক ব্যাংক জানিয়েছে, নিজস্ব ভবন নির্মাণ ও কেনার জন্য ২০১০ সালে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের মালিকানাধীন নির্মাতাপ্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেডের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবন নির্মাণ শেষ করে ব্যবহার উপযোগী অবস্থায় মালিকানা দলিলসহ ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল। চুক্তিতে ভবনটির নিচতলা থেকে ১২ তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা ব্যাংকের জন্য নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি হস্তান্তর করেনি নির্মাতাপ্রতিষ্ঠান। এতে ব্যাংকের স্বার্থ ও আইনগত অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হয় বেসিক ব্যাংক। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় ব্যাংকের পক্ষে রায় ও আদেশ আসে।

ভবনের পেছনের গল্প

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, বেসিক ব্যাংক ৮১ কোটি টাকায় ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ও সেনাকল্যাণ ভবনের বিপরীত দিকের একটি ভবনের ১২টি তলা কিনবে বলে সিঙ্কু আকরামুজ্জামানের সঙ্গে চুক্তি করে। বেসিক ব্যাংক থেকে টাকা নিয়েই ভবনটির নির্মাণকাজ শুরু হয়। পরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যাচাই করে দেখে চুক্তিটির কোনো বৈধতা নেই। আবার যে জমির ওপর ভবন তৈরি হয়েছে, তা-ও তখন ছিল পরিত্যক্ত সম্পত্তি। জমি নিয়ে আদালতে তখন মামলা চলছিল।

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নতুন ভবন বা ইমারত নির্মাণ, পুরোনো ভবনের সম্প্রসারণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদন লাগে। এ ব্যাপারে ১৯৮৫ ও ১৯৯৮ সালে সরকারের দুই দফা নির্দেশনা রয়েছে। কিন্তু বেসিক ব্যাংক ভবন কেনার ক্ষেত্রে কোনোটিই মানেনি।

আবদুল হাই বাচ্চু ২০০৯ সালের সেপ্টেম্বরে ব্যাংকটির চেয়ারম্যান হয়ে যোগ দেওয়ার তিন মাস পরই ভবন কেলেঙ্কারির সূত্রপাত। ২০০৯ সালের ১৩ ডিসেম্বর আবদুল হাই বাচ্চু স্বাক্ষরিত ব্যাংকের ২৬১তম পর্ষদ সভার কার্যবিবরণীতে বলা হয়, ওই সভায় তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘২০ বছর পার হলো, অথচ ব্যাংকের কোনো ভবন নেই! এটা হতে পারে না।’ এরপর ওই সভাতেই নিজস্ব ভবন করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী মতিঝিলে ৫১ হাজার ৫০০ বর্গফুটের স্পেস কেনার জন্য ২০১০ সালের ১ এপ্রিল চুক্তি করে সিঙ্কু আকরামুজ্জামানের সঙ্গে। এ-সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তিতে বলা হয়, বেসিক ব্যাংক ৮১ কোটি টাকা দেবে আকরামুজ্জামানকে, আর তিনি ১৫ তলা ভবন তৈরি করে ১২টি তলা বেসিক ব্যাংককে দেবেন। ভবনের নাম হবে ‘জামান বেসিক ব্যাংক টাওয়ার’।

চুক্তি হওয়ার দিনই বেসিক ব্যাংক ৪০ কোটি টাকা দিয়ে দেয় আকরামুজ্জামানকে। পরে কয়েকটি কিস্তিতে ব্যাংক তাঁকে আরও ৩৬ কোটি টাকা দেয়।

বেসিক ব্যাংক সূত্রে জানা গেছে, আকরামুজ্জামান ওই ভবনের ওপর আরও সাতটি তলা তৈরি করে সেগুলোও বেসিক ব্যাংককে কিনতে হবে বলে চাপ দিয়ে আসছিলেন। নতুন সাতটি তলা তৈরির জন্য ১৬২ কোটি টাকা দাম ধরে তিনি আরও ৮১ কোটি টাকা অগ্রিম চেয়েছিলেন বেসিক ব্যাংকের কাছে; কিন্তু ব্যাংক তাতে রাজি হয়নি। ২০১৪ সালের জুলাইয়ে আবদুল হাই বাচ্চু চলে যাওয়ার পর ব্যাংকটির চেয়ারম্যান হয়ে আসেন আলাউদ্দিন এ মজিদ। আর এমডির দায়িত্বে আসেন খন্দকার মো. ইকবাল। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২০১৭ সালের জুলাইয়ে জানতে চায়, মোটা অঙ্কের আর্থিক সংশ্লিষ্টতার এ বিষয়টি বেসিক ব্যাংক কেন এ বিভাগকে জানায়নি। বেসিক ব্যাংকের এমডি ২১ আগস্ট এর ব্যাখ্যা দিলেও অসম্পূর্ণ জবাবের কারণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাতে সন্তুষ্ট হয়নি।

ব্যাখ্যায় বেসিক ব্যাংকের এমডি খন্দকার মো. ইকবাল আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানিয়েছিলেন, ১৯৮৯ সাল থেকেই জমিটি পরিত্যক্ত সম্পত্তি। জমির মালিক সরকার না আকরামুজ্জামান, তা নিয়ে মামলা ছিল। কিন্তু ২০১৬ সালে চূড়ান্ত রায় আসে আকরামুজ্জামানের পক্ষে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, আবদুল হাই বাচ্চুর সময়ের পরেও যাঁরা এ ব্যাংক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, তাঁদের গাফিলতির কারণে ভবনটিতে ব্যাংকটির দখল পেতে দেরি হয়েছে।

যোগাযোগ করলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক আজ প্রথম আলোকে বলেন, ‘ভবনটি দখল পাওয়ার পেছনে অনেকের ভূমিকা আছে। বাংলাদেশ ব্যাংক, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, আদালত এবং বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এ জন্য আমরা ধন্যবাদ জানাই।’

Read full story at source