পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের

· Prothom Alo

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা।

Visit extonnews.click for more information.

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব দেওয়া হয়। তিন ঘণ্টার সভা শেষে সাংবাদিকদের যৌথ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এতে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার তাঁদের প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁরা চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।

সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও দিতে পারেনি তারা। মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন বলেন, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে মালিকদের কারখানার কার্যক্রমে বেশি মনোযোগ দিতে হচ্ছে। ফলে মজুরির প্রস্তাব তৈরির জন্য তাঁদের আরও সময় প্রয়োজন। সে জন্য তাঁরা সাত কার্যদিবস সময় চেয়েছেন, কিন্তু বোর্ডের সবার সম্মতিক্রমে চার দিন সময় দেওয়া হয়েছে। আগামী চার কর্মদিবসের মধ্যে তাঁরা বোর্ডকে প্রস্তাব দেবেন।

তবে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী মালিকপক্ষকে চার কার্যদিবসের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ‘আগামী সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা দিতে ব্যর্থ হলেও আমরা সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে যাব। তাদের প্রস্তাবের জন্য বসে থাকব না।’

তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ

ব্রিফিংয়ে চেয়ারম্যান জানান, সভায় সর্বসম্মতিক্রমে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, শ্রমিকদের বাস্তব অবস্থা ও প্রত্যাশা সরাসরি জানতে চলতি সপ্তাহের মধ্যেই বোর্ডের সদস্যরা বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে সব শ্রেণির পোশাক কারখানা পরিদর্শন করবেন। দ্বিতীয়ত, মজুরি নির্ধারণের আন্তর্জাতিক সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। প্রয়োজনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এবং দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন।

ব্রিফিংয়ে চেয়ারম্যান, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের কাজ শেষ করা হবে। তাঁদের ভাষ্য অনুযায়ী, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকেই কার্যকর হবে। শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত মজুরি হাতে পাবেন।

Read full story at source