গত অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ
· Prothom Alo

গত ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ এবং শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৬০ শতাংশে উন্নীত হয়েছে। আগের ২০২৪-২৫ অর্থবছরের একই প্রান্তিকে এই প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক শূন্য ৫ শতাংশ। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
Visit newsbetsport.bond for more information.
বিবিএসের তথ্যানুযায়ী, চলতি মূল্যে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ১১ হাজার ৬৭৪ কোটি টাকা। আগের অর্থবছরের একই প্রান্তিকে যার পরিমাণ ছিল ১৪ লাখ ৩৮ হাজার ৫২৭ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪ দশমিক ৯৬ শতাংশ, ৩ দশমিক শূন্য ৩ ও ২ দশমিক ২২ শতাংশ। গত চার প্রান্তিকের আনুমানিক হিসাব বিবেচনায় নিয়ে স্থির মূল্যে গত অর্থবছর শেষে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ। গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে শিল্প খাতে প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে একই সময়ে কৃষি খাতে প্রবৃদ্ধি কমেছে। আর সেবা খাতে প্রবৃদ্ধির গতি আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে।
বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, স্থির মূল্যে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৩ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ১৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে চতুর্থ প্রান্তিকের হিসাবে কৃষি খাতের প্রবৃদ্ধি ১ দশমিক ৪৬ শতাংশীয় পয়েন্ট কমেছে।
অন্যদিকে গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে শিল্প খাতে প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্থির মূল্যে সর্বশেষ অর্থবছরের এপ্রিল–জুন প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫২ শতাংশ। তার আগে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এ খাতে প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক ৯২ শতাংশ।
সেবা খাতেও চতুর্থ প্রান্তিকে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের শেষ তিন মাসে (এপ্রিল–জুন) সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২৮ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ২৬ শতাংশ।
সামগ্রিকভাবে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধির উন্নতি হলেও কৃষি খাতে প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।