পুলিশ লাইনসের পাশে সরকারি দপ্তরে তালা ভেঙে ল্যাপটপ–মুঠোফোন চুরি
· Prothom Alo
শরীয়তপুর জেলা পুলিশ লাইনসের পাশে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়ের পাঁচটি তালা ভেঙে তিনটি কক্ষে ঢুকে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মুঠোফোন চুরি হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে গতকাল শনিবার সন্ধ্যার কোনো এক সময় শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় এ ঘটনা ঘটে। কার্যালয়টির অবস্থান মাদারীপুর–শরীয়তপুর সড়কের পাশে জেলা পুলিশ লাইনসের কাছে একটি ভবনের তৃতীয় তলায়।
Visit sportbet.rodeo for more information.
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দাপ্তরিক কার্যক্রম শেষে কর্মকর্তা–কর্মচারীরা কার্যালয় থেকে চলে যান। গতকাল সন্ধ্যায় অফিস সহকারী বোরহান হাওলাদার দাপ্তরিক কাজে কার্যালয়ে এসে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। এ বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
এরপর কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও মালামাল যাচাই করে দেখা যায়, তিনটি কক্ষের পাঁচটি তালা ভাঙা হয়েছে। সেখান থেকে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মুঠোফোন চুরি হয়েছে। চারটি স্টিলের আলমারির ড্রয়ারও খোলা পাওয়া যায়।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন প্রথম আলোকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় অফিস সহকারী বোরহান আমাকে ফোন করে জানান, অফিসের তিনটি কক্ষের তালা ভাঙা। তবে কোনো নথিপত্র তছনছ করা হয়নি।’ তিনি জানান, ভবনের বাইরে ও ভেতরের বিভিন্ন ফ্লোরে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো অনেক দিন ধরে নষ্ট। চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কার্যালয়ের কর্মকর্তাদের মামলার পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।