জেনারেটরে ওড়না ও চুল পেঁচিয়ে হাসপাতাল পরিদর্শনে আসা নারী প্রকৌশলীর মৃত্যু
· Prothom Alo

কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে (ক্যাম্প-৩) একটি হাসপাতালের কার্যক্রম পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামের এক নারী প্রকৌশলী মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আশ্রয়শিবিরের এ-১১ ব্লকে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হাসপাতালে এ ঘটনা ঘটে।
Visit biznow.biz for more information.
নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি আইওএমের ফিল্ড প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতালের কার্যক্রম পরিদর্শনের সময় চলন্ত জেনারেটরের সঙ্গে ফারহানা হকের ওড়না পেঁচিয়ে যায়। ওড়না ছাড়াতে গিয়ে তাঁর মাথার চুলও জেনারেটরে আটকে যায়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। সন্ধ্যা পর্যন্ত মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ছিল।
আতিকুর রহমান বলেন, জেনারেটরের সঙ্গে ওই প্রকৌশলীর ওড়না কীভাবে পেঁচিয়ে গেল এবং জেনারেটরে কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।