লেগুনার ধাক্কায় ভেঙে পড়ল পর্যটক এক্সপ্রেসের বগির দরজা

· Prothom Alo

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি লেগুনার ধাক্কায় যাত্রীবাহী বগির দরজার একটি অংশ ভেঙে পড়ে গেছে। আজ সোমবার বেলা পৌনে ১টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা ননস্টপ পর্যটক এক্সপ্রেস ট্রেনটি গোমদণ্ডী রেলগেট এলাকা অতিক্রম করার সময় রেললাইনের পাশে একটি লেগুনা দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রেনের সঙ্গে লেগুনাটির ধাক্কা লাগে। এতে ট্রেনের একটি যাত্রীবাহী বগির দরজার একটি অংশ ভেঙে মাটিতে পড়ে যায়।

Visit catcross.biz for more information.

গোমদণ্ডী স্টেশনের স্টেশনমাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, ভেঙে পড়া দরজার অংশটি রেলওয়ের হেফাজতে রাখা হয়েছে। লেগুনাটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার সময় লেগুনাটিতে চালক বা কোনো যাত্রী ছিলেন না।

পটিয়া স্টেশনের স্টেশনমাস্টার আবদুস সালাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ট্রেনটি বেলা ১টা ১০ মিনিটের দিকে পটিয়া স্টেশনে পৌঁছায়। সেখানে প্রায় ১৫ মিনিট ট্রেনটি থামিয়ে ক্ষতিগ্রস্ত দরজার অংশ মেরামত করা হয়। পরে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

Read full story at source