ফ্লোরিডায় ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে সমাজতন্ত্রী অ্যাঞ্জি নিক্সনের চমক

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের সিনেট প্রাইমারিতে চমক দেখিয়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অ্যাঞ্জি নিক্সন। গতকাল মঙ্গলবারের ভোটে তিনি দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স ভিন্ডম্যানকে হারিয়েছেন। চলতি বছর ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে প্রগতিশীল প্রার্থীদের ধারাবাহিক সাফল্যের সর্বশেষ উদাহরণ এটি।

ডেমোক্রেটিক দলের অনেক ভোটার দলটির নেতৃত্বের ওপর হতাশ। তাঁদের অভিযোগ, দলটির শীর্ষ নেতৃত্বের অনেকে বেশ বয়স্ক। তাঁরা রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় যথেষ্ট কার্যকর নন।

Visit sportbet.rodeo for more information.

তবে বিশ্লেষকেরা বলছেন, প্রগতিশীল প্রার্থীদের এই উত্থান নভেম্বরে কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ডেমোক্র্যাটদের প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।

৪২ বছর বয়সী নিক্সন ফ্লোরিডার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত। চলতি বছর অঙ্গরাজ্যটির আইনসভায় নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের একটি বিলের প্রতিবাদে গোলাপি রঙের মেগাফোন নিয়ে ভোটে বাধা দেওয়ায় তাঁকে তিরস্কার করা হয়েছিল।

অন্যদিকে ভিন্ডম্যান ২০১৯ সালে ট্রাম্পের প্রথম অভিশংসন তদন্তে কংগ্রেসে সাক্ষ্য দিয়ে পরিচিতি পেয়েছিলেন। নির্বাচনের জন্য তিনি নিক্সনের চেয়ে ১৬ গুণ বেশি অর্থ সংগ্রহ করেছিলেন। বিশ্লেষকেরা মনে করছেন, ফ্লোরিডায় নভেম্বরে সাধারণ নির্বাচনে রিপাবলিকান সিনেটর অ্যাশলি মুডির বিরুদ্ধে ভিন্ডম্যানের জয়ের সম্ভাবনা বেশি ছিল।

ফ্লোরিডা একসময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য হলেও সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। ফলে নিক্সনের জয় নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য আরও কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে।

আলাস্কায় ডেমোক্র্যাট মেরি পেল্টোলা প্রতিদ্বন্দ্বী ড্যান সুলিভানের চেয়ে বেশি ভোট পেয়ে নভেম্বরের সাধারণ নির্বাচনে উঠেছেন। ৯৩ শতাংশ ভোটকেন্দ্রের ফল অনুযায়ী, পেল্টোলা পেয়েছেন ৪৮ শতাংশ ভোট আর সুলিভান পেয়েছেন ৪২ দশমিক ৮ শতাংশ। ১০০ সদস্যের সিনেটে নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের চারটি আসন বেশি পাওয়া প্রয়োজন।

Read full story at source