কক্সবাজারে ভূমিধসে ৪ শিশুর মৃত্যুতে ইউনিসেফের উদ্বেগ
· Prothom Alo

কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভূমিধসে চার কন্যাশিশুর প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এ প্রতিক্রিয়া জানিয়েছে।
বিবৃতিতে ইউনিসেফ বলেছে, গতকাল বুধবার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে, তাতে অন্তত চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় ইউনিসেফ গভীরভাবে শোকাহত। বর্তমানে ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের প্রতি সংস্থাটি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
Visit tr-sport.click for more information.
ইউনিসেফ বলছে, ‘একের পর এক এমন জরুরি অবস্থা আমাদের সামনে তুলে ধরেছে যে অতি নাজুক পরিবেশে বসবাসকারী শিশু ও তাদের পরিবারের জন্য এই বর্ষা মৌসুম কতটা ঝুঁকি নিয়ে এসেছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় শরণার্থীশিবিরগুলোতয় বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়ছে। এতে শরণার্থীশিবিরে বসবাসকারী রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য প্রাণহানির ঝুঁকি সৃষ্টির পাশাপাশি প্রয়োজনীয় সেবাগুলো পাওয়ার ক্ষেত্রেও বিঘ্ন তৈরি হচ্ছে।’
বর্তমানে ইউনিসেফ ও তাদের অংশীজনেরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকারি কর্তৃপক্ষ ও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারগুলোকে জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা প্রদানে ইউনিসেফ প্রস্তুত রয়েছে এবং তাদের প্রয়োজনীয় চাহিদাগুলো চিহ্নিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্ষা মৌসুমজুড়ে শিশুরা যেন নিরাপদে থাকে এবং সম্ভাব্য সব জায়গায় তারা যেন স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, সুরক্ষা, মনোসামাজিক সহায়তা, শিক্ষাসহ জরুরি সেবাগুলো পায়, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও মানবিক সহায়তা প্রদানকারী অংশীজনদের সহযোগিতা প্রদানে ইউনিসেফ তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।