কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ১৪
· Prothom Alo

রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা–পুলিশ। তারা বলছে, রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপি।
Visit playerbros.org for more information.
শেরেবাংলা নগর থানা সূত্র জানায়, সকাল পৌনে ৮টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতা–কর্মী সমবেত হন। এ সময় মিছিলের প্রস্তুতিকালে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদাবর থানা আওয়ামী লীগের নেতা মো. কবির আহম্মেদ (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার (৪০) ও নয়ন শেখ (৩১), যুবলীগের সক্রিয় কর্মী মো. ইব্রাহিম (২৬), মো. রাকিব (২৬) ও মো. রাকিব (২৩)।
অন্যদিকে মোহাম্মদপুর থানা সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কবির ওরফে হুমায়ন কবির (৫৪), মো. কালাম ফরাজি (৪০), কবির হাওলাদার (৪৮), মো. সিরাজ (৩৮), মো. হেলাল হোসেন (৪০), মো. আলী রাজ হোসেন (৩৭), মো. স্বপন মিয়া (৪০) এবং মুরাদ ওরফে মুরাদ মাতবর (২৭)।