মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আটকে গেল, ওমর সানী বললেন, ‘কাজটা অন্যায়ভাবে করা হয়েছিল’

· Prothom Alo

চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক। যুক্তরাষ্ট্রে নির্মিত খণ্ডকালীন নাটকটিকে চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র দেওয়ার পর আপত্তি তোলেন মৌসুমী ও তাঁর চিত্রনায়ক স্বামী ওমর সানী। পরে এর অভিনেত্রী জেবা জান্নাত আদালতের দ্বারস্থ হলে আটকে যায় ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মুক্তি। আর সেই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করে সিঙ্গাপুর থেকে মুখ খুলেছেন ওমর সানী।

Visit extonnews.click for more information.

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘এটি মূলত একটি খণ্ডকালীন নাটক ছিল, কাজটা বিদেশে অন্যায়ভাবে করা হয়েছিল। অনেক অনুরোধের কারণে মৌসুমী কাজটি করেছিলেন, কিন্তু পরে সেটিকে চলচ্চিত্র হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন হাসান জাহাঙ্গীর।’

ওমর সানী বলেন, ‘বিদেশে এ কাজটা করা হয়েছিল অন্যায়ভাবে। অনেক অনুরোধে ঢেঁকি গিলতে গিয়ে মৌসুমীর ভুল হয়ে যায়। সেই সুযোগে নাটকটাকে ছবি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে পরিচালক। আমি জেবা জান্নাতকে ধন্যবাদ জানাই, প্রতিবাদের ভাষাকে আদালতের মাধ্যমে অব্যাহত রেখেছিল।’

ওমর সানী ও মৌসুমী।

নাটককে সিনেমা হিসেবে উপস্থাপনের বিষয়টিকে ‘অপকর্ম’ বলেও মন্তব্য করেছেন ওমর সানী। তাঁর দাবি, চলচ্চিত্র ও নাটক কখনো এক নয় এবং নাটক বানিয়ে সেটিকে সিনেমা আকারে প্রেক্ষাগৃহে মুক্তির সুযোগ থাকা উচিত নয়। ওমর সানী বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজের মতো গার্বেজ মার্কা কাজ যেন নাটক হিসেবেই মুক্তি পায়। সিনেমা আকারে মুক্তি দিয়ে প্রেক্ষাগৃহের পরিবেশ যেন নষ্ট না করে। যথেষ্ট পরিমাণ অনুরোধের ঢেঁকি গিলতে মৌসুমীর এই ভুলটা হয়েছে। আমি সত্যিই দুঃখিত।’

মৌসুমীকে ঘিরে সমালোচনার জবাবও দেন ওমর সানী। তাঁর ভাষ্য, ‘অনেকে ভাবছেন, এই কাজগুলো মৌসুমী কেন করল। আমি বলব, শুধুই অনুরোধ। আল্লাহ পাক আমাদের অনেক ভালো অবস্থানে রেখেছেন। আজ শুধু অনুরোধের ঢেঁকি গিলতে গিয়ে কিছুটা শাস্তি পাচ্ছি।’ সবশেষে জেবা জান্নাতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওমর সানী বলেন, ‘জেবা জান্নাতকে ধন্যবাদ জানাই। দোয়া করি, চলচ্চিত্রে যেন তোমার অভিষেক ভালোই হয়।’

যুক্তরাষ্ট্রে শুটিংয়ের সময় মৌসুমীর সঙ্গে হাসান জাহাঙ্গীর

আজ শুক্রবার মুক্তির কথা ছিল হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার। চলছিল মুক্তির শেষ প্রস্তুতি। তবে সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় তথ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে অথবা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’–এর অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন এবং কয়েকটি দৃশ্যে অভিনয়ে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি লক্ষ করেন যে তাঁর স্থিরচিত্র-সংবলিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের পোস্টার সামাজিকমাধ্যমে প্রচারিত হচ্ছে।

জেবা জান্নাত

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে নাটকের উদ্দেশ্যে ধারণ করা দৃশ্যগুলো সংশ্লিষ্ট অভিনেত্রীর অনুমতি ছাড়া চলচ্চিত্রে সংযোজনপূর্বক নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে বলে বিভিন্ন অনলাইন ও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এই চলচ্চিত্রের বিষয়ে সংশ্লিষ্ট অভিনেত্রী মৌসুমী ও তাঁর পক্ষে স্বামী ওমর সানী বিভিন্ন গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেছেন। এর পরিপ্রেক্ষিতে চলচ্চিত্রটি সম্পর্কে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-২০২৩-এর ধারা ৮ অনুযায়ী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ (এলএফ-১৯/২০২৬, তারিখ: ১৬-০৩-২০২৬) সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করা হয়েছে।

‘লাভ ইউ’, ওমর সানীকে ভিডিও বার্তায় মৌসুমী মৌসুমী

কয়েক সপ্তাহ ধরে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক চলছিল। কদিন আগেই অভিযোগ করেছিলেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি জানান, এটি কোনো সিনেমা নয়, নাটকের কথা বলেই যুক্তরাষ্ট্রে এটির শুটিং হয়েছিল। মৌসুমীর পর নতুন বিতর্কের জন্ম দেন ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত। পোস্টারে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে জেবা জান্নাতকেও দেখা যায়। কিন্তু এ বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না বলে জানান। এমনকি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা কিংবা নাটকে তিনি অভিনয়ই করেননি বলেও জানান।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ বিতর্কে মৌসুমী-সানী

পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করে কোনো সদুত্তর না পেয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগ করেছেন জেবা জান্নাত। এর সঙ্গে টেলিভিশন অভিনেতার সংগঠন অ্যাক্টরস ইকুইটিতেও লিখিত অভিযোগ দেন তিনি। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে অভিনেতা সিয়াম মৃধাও ফেসবুকে অভিযোগ করেন। জানান, একটি সিরিয়ালে কাজের নাম করেই সিনেমার অনেক অংশ তৈরি করা হয়েছে। গত বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিযোগ করেন জেবা জান্নাত। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে ছবিটির মুক্তি স্থগিত করা হয়।

Read full story at source