নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
· Prothom Alo

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জল্লাপাড়া সিটি পার্কে লেকের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা দুই ভাই। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
Visit palladian.co.za for more information.
নিহত দুই ভাই হলো আল আমিন (১০) ও ইব্রাহিম (৮)। তাদের বাবার নাম শাহ আলম। তিনি রিকশাচালক। তারা নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর খিলমার্কেট এলাকায় থাকতেন।
বাবা শাহ আলম বলেন, গতকাল বিকেলে মেলায় যাওয়ার কথা বলে তাঁর দুই ছেলে বাসা থেকে বের হয়। এর পর থেকে তারা নিখোঁজ ছিল। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাওয়া যায়নি। রাতে লেকের পাড়ে তাদের পরনের পাঞ্জাবি ও জুতা দেখতে পেয়ে সন্দেহ হয়। স্থানীয় লোকজন লেকের পানিতে তল্লাশি চালান। প্রথমে আল আমিন ও পরে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দুই ভাইকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, লেকের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।