ইতিহাস, সিনেমা আর খেলার আসর

· Prothom Alo

১১০তম কিআড্ডা

১১০তম কিআড্ডার শুরুটা ছিল বেশ প্রাণবন্ত। সভায় আসা নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় পর্ব শেষ হতে না হতেই আড্ডায় হাজির হলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। এসেই শুরু করলেন মজার মজার গল্প। শুধু কি গল্প? সবাইকে তাক লাগিয়ে পকেট থেকে বের করলেন টাকার ম্যাজিক, দেখালেন অঙ্কের জাদু! ততক্ষণে আড্ডা একেবারে জমজমাট। আড্ডায় হাসির পালে আরও হাওয়া দেয় নালন্দা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, ফারহান তানজিম তীর্থ। অদ্ভুত আর মজার সব প্রশ্ন করে সে সবাইকে মাতিয়ে রেখেছিল পুরোটা সময়।

হাসিঠাট্টার পর আড্ডার মোড় ঘোরে একটু ভিন্ন দিকে। শুরু হয় ইতিহাস নিয়ে আলোচনা। কিশোর আলোর নিয়মিত লেখক, মোজাহিদুল ইসলাম মণ্ডল শোনান ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বন্দ্বের পেছনের গল্প। একসময় বাণিজ্যিক সম্পর্কের সূত্র ধরেই দেশ দুটির মধ্যে বন্ধুত্বের সূচনা হয়। কিন্তু কীভাবে সেই সম্পর্কে ফাটল ধরল, ইরানে যুক্তরাষ্ট্রের দূতাবাস আটকে রাখার ঘটনাগুলোই বা কেমন ছিল, সেসব ইতিহাস নিয়ে কথা বলেন তিনি। কথার ফাঁকে উঠে আসে নাসার আর্টেমিস মিশন এবং চাঁদে যাওয়া নিয়ে প্রচলিত নানা ষড়যন্ত্র তত্ত্বের কথাও।

Visit betsport.cv for more information.

বেশির ভাগ জিনসের রং কেন নীল

ইতিহাসের পাতা থেকে আড্ডা এরপর চলে যায় সিনেমার পর্দায়। সিনেমা কীভাবে মানুষের মনস্তত্ত্বকে প্রভাবিত করে, তা নিয়ে চমৎকার আলোচনা করেন কিশোর আলোর নির্বাহী সম্পাদক আদনান মুকিত। মানুষের চিন্তাভাবনার ওপর রাষ্ট্রের কর্তাব্যক্তিদের প্রভাব কীভাবে পড়ে, সেটিও বুঝিয়ে বলেন তিনি। ভালো সিনেমা দেখার রুচি তৈরিতে হলিউডের পাশাপাশি ইরানের দারুণ সব চলচ্চিত্র দেখার পরামর্শ দেন তিনি।

কিআড্ডা তো আর কিশোর আলো ছাড়া সম্পূর্ণ নয়! তাই কিআড্ডা আবার মেতে ওঠে কিআর এপ্রিল সংখ্যা নিয়ে পর্যালোচনায়। সংখ্যার ভালো ও মন্দ দিকগুলো নিয়ে সভায় নিজেদের মতামত দেয় পাঠকেরা। এর মধ্যেই খেলাধুলা আর আসন্ন বিশ্বকাপের নানা পূর্বাভাস নিয়ে আড্ডায় যোগ দেন কিশোর আলোর নিয়মিত লেখক মৃণাল সাহা।

আড্ডার একদম শেষ ভাগে ছিল সবার প্রিয় কিআ কুইজ। সঠিক উত্তর দিয়ে বিজয়ীরা লুফে নেয় দারুণ সব পুরস্কার। দিনভর এত গল্প আর হাসির মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে এরপর সবার একসঙ্গে ছবি তোলা হয়। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিল জাহিন যাঈমাহ্ কবির এবং সার্বিক পরিচালনায় ছিলেন কিআর জ্যেষ্ঠ সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের। সবশেষে হাতে হাতে চিপসের প্যাকেট নিয়ে বাড়ির পথ ধরে সবাই, সঙ্গে নিয়ে যায় ১১০তম কিআড্ডার একরাশ স্মৃতি।

বৈশাখের গরমে নিজেকে নিরাপদ রাখব যেভাবে

Read full story at source