সিলেটে রেলওয়ে রজ্জুপথে বালু তোলার সময় চাপা পড়ে শ্রমিক নিহত

· Prothom Alo

সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ পাথর কোয়ারি–সংলগ্ন রেলওয়ের রজ্জুপথের সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে বালু-পাথর তোলার সময় চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত দুইটার দিকে রজ্জুপথে বালু ও পাথরের চাপায় তিনি আহত হন। পরে তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Visit goldparty.lat for more information.

নিহত ব্যক্তির নাম ফয়জুর রহমান (৩০)। তিনি কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের পুরাতন মেঘারগাঁও গ্রামের বাসিন্দা।।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়জুর রহমান সোমবার রাতে ভোলাগঞ্জ পাথর কোয়ারি–সংলগ্ন রেলওয়ের রজ্জুপথের (রোপওয়ে) সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করতে গিয়েছিলেন। রাতে বালু খুঁড়তে গিয়ে ধসে পড়ে চাপা পড়েন ফয়জুর রহমান। এ সময় অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করেন এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রজ্জুপথ এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করতেই ফয়জুর রহমান গিয়েছিলেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Read full story at source