‘কোনো অপশক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে পারবে না’
· Prothom Alo

মহান মুক্তিযুদ্ধ জাতির জীবনে সবচেয়ে বড় অর্জন। সবচেয়ে বড় ঘটনা। কোনো অপশক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে পারবে না। সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে এ ইতিহাস সৃষ্টি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে এ কথা বলেন অতিথিরা। আজ সোমবার বেলা ১১টার দিকে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ে এই অলিম্পিয়াডের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা।
Visit biznow.biz for more information.
বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা আনিস বলেন, ‘ইতিহাসের সত্যকে ভুলতে নেই। মুক্তিযুদ্ধের ইতিহাস, এমনই সত্য ইতিহাস, যাকে ভুলে যাওয়া যায় না। সত্য ইতিহাসকে আমাদের জানতে হবে। লেখক বাছাই করে সঠিক বইটি পড়তে হবে।’ মুক্তিযুদ্ধভিত্তিক এমন আয়োজনের জন্য তিনি প্রথম আলো ও বন্ধুসভাকে ধন্যবাদ জানান।
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। মুক্তিযুদ্ধের চেতনা হয়তো পুরোপুরি বাস্তবায়ন হয়নি, কিন্তু একদিন তোমাদের হাত ধরেই এসব চেতনার বাস্তবায়ন হবে এ বিশ্বাস আমাদের আছে।’
চাঁপাইনবাবগঞ্জে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরাবীর মুক্তিযোদ্ধা লুৎফল হক বলেন, ‘২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তান হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, তা জানতে পেরে আমার আর সহ্য হয়নি। তার প্রতিশোধ নিতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। যুদ্ধে মারা যেতে পারি, এ ভয় কখনো আমাকে আক্রান্ত করেনি।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া, হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম ও মাহবুব জন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর, শিক্ষার্থী সাফি শাহরিয়ার, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার দপ্তর সম্পাদক ফাহিম আসেফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহসভাপতি ফারাহ উলফাৎ রহমান।
ছিল মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতা। এতে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম হয়েছে নবম শ্রেণির আতিকুর জামান, দ্বিতীয় একই শ্রেণির আহনাফ শাহরিয়ার, তৃতীয় অষ্টম শ্রেণির মাহমুদুল হাসান, চতুর্থ একই শ্রেণির উমায়ের উসাইদ ও পঞ্চম হয়েছে নবম শ্রেণির আরাফ মোর্শেদ। বিজয়ীদের প্রথমা প্রকাশনের মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার দেওয়া হয়।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা