সকালের পর বিকেলেও বাড়ল সোনার দাম, এবার ভরিতে ৪,৪৩৩ টাকা

· Prothom Alo

এক দিনে দুবার সোনার দাম বাড়াল বাংলাদেশ জুয়েলার্স সমিতি( বাজুস)। গতকাল শুক্রবার দাম কমার পর আজ শনিবার সকালে একবার দাম বাড়ানো হয়। এরপর বিকেলে আরেকবার দাম বাড়ানো হয়।

বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম বেড়েছে ৪ হাজার ৪৩৩ টাকা। এর ফলে আজ এক দিনে সোনার দাম বাড়ল ৬ হাজার ৫৯০ টাকা।

Visit tr-sport.click for more information.

নতুন দাম অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২৩ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

বাজুসের ঘোষণা অনুযায়ী, আজ বেলা ৩টা ৪৫ মিনিট থেকে এই দাম কার্যকর হয়েছে। এই দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

বাজুস বলছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় এই দাম বাড়ানো হয়েছে। তবে মূলত বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে এই দাম বাড়ানো হয়েছে। নিউইয়র্কের স্থানীয় ২৭ মার্চ স্পট মার্কেটে সোনার দাম আউন্সপ্রতি ১১০ ডলার বেড়েছে। এর ফলে সোনার দাম বেড়ে হয়েছে ৪ হাজার ৪৯৪ ডলার।

গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৭৯৫ ডলার কমেছে। সে কারণে ১২ মার্চ থেকে গতকাল পর্যন্ত ১৬ দিনে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩৫ হাজার ৫৭৫ টাকা কমানো হয়েছে। এরপর আজ দুই দফায় দাম বাড়ল ৬ হাজার ৫৯০ টাকা। ১২ মার্চের পর সামগ্রিকভাবে সোনার দাম কমেছে ভরিপ্রতি ২৮ হাজার ৯৮৫ টাকা।

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি ও বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ—সব মিলিয়ে সোনার দামে অনেক দিন ধরেই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বিশ্ববাজারে সোনার দাম গত বছর ৭০ শতাংশের বেশি বেড়েছে।

গত জানুয়ারিতে স্পট মার্কেটে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এর প্রভাবে দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। কিন্তু ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর সোনার দাম কমছে।

Read full story at source