ইসলামিক ট্রেড ফাইন্যান্স: আন্তর্জাতিক বাণিজ্যে সুদবিহীন সমাধান
· Prothom Alo

বিশ্বায়নের এ সময়ে আন্তর্জাতিক বাণিজ্য শুধু বড় করপোরেট প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, ছোট ও মাঝারি উদ্যোক্তারাও এখন বৈদেশিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করছেন। তবে আমদানি-রপ্তানির ক্ষেত্রে অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও লেনদেনের নিরাপত্তা—এই তিনটি বিষয় ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে ইসলামিক ট্রেড ফাইন্যান্স একটি সুদবিহীন, শরিয়াহসম্মত ও নৈতিক অর্থায়নকাঠামো হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Visit iwanktv.club for more information.
শরিয়াহসম্মত আমদানি-রপ্তানি অর্থায়ন
ইসলামিক ট্রেড ফাইন্যান্স মূলত সুদ (রিবা) পরিহার করে বাস্তব সম্পদভিত্তিক লেনদেনের ওপর নির্ভরশীল। এখানে অর্থায়ন হয় পণ্য বা সেবার সঙ্গে সম্পৃক্ত থেকে। মুরাবাহা, মুশারাকা, ইজারা বা সালাম—এ ধরনের চুক্তির মাধ্যমে ব্যাংক ও ব্যবসায়ী অংশীদারত্বমূলক সম্পর্ক গড়ে তোলে। ফলে এটি কেবল ঋণনির্ভর ব্যবস্থা নয়, বরং ঝুঁকি ও লাভের অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত হয়। উদাহরণস্বরূপ আমদানির ক্ষেত্রে ব্যাংক সরবরাহকারীর কাছ থেকে পণ্য কিনে তা নির্ধারিত মুনাফায় গ্রাহকের কাছে বিক্রি করতে পারে (মুরাবাহা ভিত্তিতে)। আবার রপ্তানির ক্ষেত্রে অগ্রিম অর্থায়ন (সালাম) বা অংশীদারত্বমূলক মডেল ব্যবসায়ীদের তারল্যসংকট দূর করতে সহায়তা করে।
এলসি ও ট্রেড ফাইন্যান্সের ইসলামি কাঠামো
লেটার অব ক্রেডিট (এলসি) আন্তর্জাতিক বাণিজ্যে একটি অপরিহার্য মাধ্যম। ইসলামি ব্যাংকিং কাঠামোতে এলসি পরিচালিত হয় শরিয়াহসম্মত নীতির ভিত্তিতে। এখানে সুদের পরিবর্তে নির্ধারিত সার্ভিস চার্জ বা মুনাফাভিত্তিক কাঠামো প্রযোজ্য হয়।
ব্যাংক আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে বিশ্বাসযোগ্যতার সেতুবন্ধ তৈরি করে। এলসি, বিল কালেকশন, গ্যারান্টি ও ডকুমেন্টারি কালেকশন—সব ক্ষেত্রেই শরিয়াহ বোর্ডের তত্ত্বাবধানে প্রক্রিয়াগুলো পরিচালিত হয়। ফলে ব্যবসায়ীরা একদিকে আন্তর্জাতিক মানের ব্যাংকিং সুবিধা পান, অন্যদিকে লেনদেন হয় শরিয়াহসম্মত।
বৈদেশিক বাণিজ্যে ঝুঁকি হ্রাস
আন্তর্জাতিক লেনদেনে মুদ্রা ওঠানামা, সরবরাহ ব্যাহত হওয়া কিংবা অর্থপ্রদানে বিলম্ব—এসব ঝুঁকি সাধারণ ঘটনা। ইসলামিক ট্রেড ফাইন্যান্স ঝুঁকি-ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নৈতিকতার ওপর জোর দেয়। বাস্তব সম্পদভিত্তিক চুক্তি এবং নির্দিষ্ট শর্তাবলির কারণে অনিশ্চয়তা কমে আসে। এ ছাড়া ব্যাংকের তদারকি, ডকুমেন্ট যাচাই এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে পেমেন্ট নিশ্চিত করার মাধ্যমে ব্যবসায়ীরা নিরাপদ লেনদেনের নিশ্চয়তা পান। এতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা সহজ হয়।
তারল্য ব্যবস্থাপনা ও প্রতিযোগিতায় সহায়ক ভূমিকা
ব্যবসায়ীদের জন্য তারল্য (লিকুইডিটি) অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কাঁচামাল আমদানি কিংবা বড় অর্ডার গ্রহণের সময় পর্যাপ্ত মূলধন না থাকলে ব্যবসা সম্প্রসারণে বাধা তৈরি হয়। ইসলামিক ট্রেড ফাইন্যান্স ব্যবসায়ীদের কার্যকর ক্যাশ ফ্লো ব্যবস্থাপনায় সহায়তা করে। বাংলাদেশে কয়েকটি ব্যাংক এ খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বিশেষ করে প্রাইম ব্যাংক পিএলসির হাসানাহ ইসলামিক ব্যাংকিং আন্তর্জাতিক বাণিজ্যে শরিয়াহসম্মত সমাধান প্রদান করছে, যেখানে আধুনিক ট্রেড ফাইন্যান্স সুবিধা ও বৈশ্বিক নেটওয়ার্ক একসঙ্গে কাজ করছে। ফলে দেশীয় উদ্যোক্তারা বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছেন।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে ইসলামিক ট্রেড ফাইন্যান্সের বাস্তব সম্পদভিত্তিক অর্থায়নকাঠামো সবচেয়ে সম্ভাবনাময় হয়ে উঠছে। কারণ, এটি সুদবিহীন ও সরাসরি পণ্য বা সেবার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় ব্যবসায়ীরা ঝুঁকি কমাতে পারেন। অংশীদারিত্বমূলক মডেল যেমন মুশারাকা বা সালাম চুক্তি ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রদান করে। একই সঙ্গে শরিয়াহসম্মত এলসি কাঠামো আন্তর্জাতিক মান বজায় রেখে নৈতিক লেনদেন নিশ্চিত করে, যা বৈশ্বিক অংশীদারদের কাছে আরও গ্রহণযোগ্যতা তৈরি করে। এ ছাড়া ইসলামিক ফাইন্যান্সের নৈতিক ও টেকসই দৃষ্টিভঙ্গি বৈশ্বিকভাবে ইএসজি মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ভবিষ্যতে এর চাহিদা আরও বাড়বে।’
এম নাজিম এ চৌধুরী জানান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ইসলামিক ট্রেড ফাইন্যান্সকে আরও সহজলভ্য করতে ব্যাংকগুলো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করছে। প্রথমত, ডিজিটাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যেখানে উদ্যোক্তারা অনলাইনে এলসি খোলা, ডকুমেন্ট জমা দেওয়া এবং ট্র্যাকিং সুবিধা পাচ্ছেন। দ্বিতীয়ত, এসএমই উদ্যোক্তাদের জন্য কম সার্ভিস চার্জ ও মুনাফাভিত্তিক বিশেষ প্যাকেজ তৈরি করা হয়েছে। তৃতীয়ত, উদ্যোক্তাদের সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া বৈশ্বিক নেটওয়ার্কে সংযুক্তির মাধ্যমে ছোট উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করা হচ্ছে। সর্বশেষ দ্রুত তারল্যসহায়তা প্রোগ্রাম চালু করা হয়েছে, বিশেষ করে কাঁচামাল আমদানি বা বড় অর্ডার গ্রহণের সময় যাতে উদ্যোক্তারা সহজে অর্থায়ন পেতে পারেন।
আন্তর্জাতিক বাণিজ্যে টেকসই, নৈতিক ও সুদবিহীন অর্থায়নের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। ইসলামিক ট্রেড ফাইন্যান্স শুধু একটি ব্যাংকিং পণ্য নয়; এটি একটি দায়িত্বশীল অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, যা ব্যবসা ও নৈতিকতার মধ্যে ভারসাম্য বজায় রেখে বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে।