বগুড়ায় লেখক মঈদুল হাসানের জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

· Prothom Alo

লেখক মঈদুল হাসানের কেনা জমির গাছ কাটার পর থানায় লিখিত অভিযোগ দিয়েছে তাঁর পরিবার। বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর জোড়গাছা এলাকায়

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও বিশিষ্ট লেখক মঈদুল হাসান তরফদারের ১৯৮ শতক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বগুড়ার এক যুবদল নেতার বিরুদ্ধে। উচ্চ আদালতের স্থিতাবস্থা থাকার পরও প্রতিপক্ষ জমির গাছ কেটে নেওয়া এবং স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে ইট-বালু ফেলায় মঈদুল হাসানের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিরা জমিটি নিজেদের দাবি করে দখলের অভিযোগ অস্বীকার করেছেন।

Visit casino-promo.biz for more information.

বিশিষ্ট লেখক মঈদুল হাসান একাত্তরে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ভারত সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। পরবর্তী সময়ে তিনি লিখেছেন ‘মূলধারা ’৭১’ ও ‘উপধারা একাত্তর: মার্চ-এপ্রিল’–এর মতো আলোচিত বই।

বার্ধক্য ও অসুস্থতার কারণে মঈদুল হাসান তরফদার (৯২) ঠিকমতো চলাফেরা করতে পারেন না। বর্তমানে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। তাঁর পক্ষে দুই সপ্তাহ আগে সোনাতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছোট ভাইয়ের স্ত্রী ইয়াসমিন হাসান (৭০)। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৯৭ সালের ৯ মার্চ ১২১৭/৯৭ নম্বর কবলা দলিলমূলে মঈদুল হাসান তরফদার সোনাতলার উত্তর জোড়গাছা মৌজায় ১৯৮ শতাংশ জমি কেনেন। আরএস ও নতুন খারিজি খতিয়ানভুক্ত ওই জমির চলতি বছরের ৫ নভেম্বর পর্যন্ত হালনাগাদ খাজনা পরিশোধ করা আছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, জমিটি নিয়ে উচ্চ আদালতে দুটি সিভিল রিভিশন মামলা চলছে। সর্বশেষ ১০ নভেম্বর আদালতে মামলাটির শুনানির দিন নির্ধারিত ছিল। অভিযোগকারীর দাবি, শুনানির আগেই ৮ নভেম্বর অভিযুক্ত ব্যক্তিরা আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে জমি থেকে দুটি আমগাছ ও দুটি কাঁঠালগাছ কেটে নিয়ে যান এবং সেখানে ইট-বালু রাখেন। বাধা দিতে গেলে অকথ্য ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও গাছপালা কেটে স্থাপনা ধ্বংস করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জায়গা নিয়ে আদালতে মামলা চলমান থাকার পরও নতুন স্থাপনা নির্মাণের জন্য ইট এনে রাখা হয়েছে। সম্প্রতি বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর জোড়গাছা এলাকায়

অভিযোগকারী ইয়াসমিন হাসান বলেন, ‘আদালতের স্থিতাবস্থার আদেশ থাকার পরও জমিতে গাছ কেটে নেওয়া ও নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়েছি। আদালতের আদেশও দেখিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো আইনি সহযোগিতা পাইনি।’

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সোনাতলা থানার উপপরিদর্শক আলহাজ উদ্দিন বলেন, বিরোধপূর্ণ জমি দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের ভোগদখলে রয়েছে; এটি সাম্প্রতিক কোনো দখলের ঘটনা নয়। ভোগদখলে বাধা না দেওয়ার জন্য বগুড়ার আদালত স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন, যা চ্যালেঞ্জ করে ভাষাসৈনিকের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হলেও হাইকোর্ট এখনো নিম্ন আদালতের আদেশ স্থগিত করেননি।

তবে অভিযোগকারী ইয়াসমিন হাসান দাবি করেন, নিম্ন আদালতের আদেশ স্থগিত করে হাইকোর্ট স্থগিতাদেশ (স্ট্যাটাসকো) দিয়েছেন এবং তাঁর অনুলিপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পৌঁছে দেওয়া হলেও পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি।

জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ওই জমি তাঁরা ১৯৮৮ সালে কবলা দলিল মূলে কিনেছেন এবং তখন থেকেই ভোগদখল করে আসছেন। জমিতে তাঁদের পরিচালিত একটি কোচিং সেন্টার ছাড়াও আবাদি জমি ও পুকুর রয়েছে। মূলত সেখানকার উন্নয়নকাজের জন্যই ইট-বালু রাখা হয়েছে।

যুবদল নেতা রাসেল মাহমুদ আরও বলেন, তাঁর বাবা জোড়গাছা ইউনিয়ন কৃষক দলের সভাপতি। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভাষাসৈনিকের প্রভাব খাটিয়ে তাঁর বিরুদ্ধে ৩৫টি মামলা দেওয়া হয়েছিল। মামলা হয়েছিল তাঁর বাবার নামেও। এখন আবারও তাঁদের হয়রানি করা হচ্ছে।

রাসেল মাহমুদ বলেন, ‘হাইকোর্ট যদি স্থিতাবস্থা দিয়েও থাকেন, তবে তা আমাদের অনুকূলেই আছে। জায়গাটি যেহেতু আমাদের ভোগদখলেই আছে, তাই স্থিতাবস্থার আদেশ থাকলেও আমাদের ভোগদখলে আইনি কোনো বাধা নেই। তবে হাইকোর্ট তাঁদের পক্ষে রায় দিলে আমরা দখল ছেড়ে দেব।’

সোনাতলা থানার ওসি কবির হোসেন আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। বিবাদী পক্ষ আদালতের সর্বশেষ আদেশ দেখিয়েছে বলেও জানান তিনি। অভিযোগকারীর পাঠানো হাইকোর্টের আদেশের অনুলিপি প্রসঙ্গে ওসি বলেন, জমিজমাসংক্রান্ত বিষয় হওয়ায় তা সরাসরি গ্রহণের সুযোগ নেই। হাইকোর্ট থেকে নিম্ন আদালতে আদেশ এলে এবং দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশনা থাকলে পুলিশ সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেবে।

তবে মঈদুল হাসানের পক্ষের সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদুল বারী নিম্ন আদালতের স্থায়ী নিষেধাজ্ঞার দাবিকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, বগুড়ার আদালত একটি মোকদ্দমার পরিপ্রেক্ষিতে প্রথমে ভাষাসৈনিকের পক্ষে রায় দেন; প্রতিপক্ষ সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে আরেকটি আদালত ভাষাসৈনিকের বিপক্ষে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট স্থিতাবস্থার আদেশ দেন। জাহিদুল বারী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশের দায়িত্ব হাইকোর্টের আদেশ কেউ যাতে লঙ্ঘন না করে তা নিশ্চিত করা। ভাষাসৈনিকের প্রতিপক্ষের লোকজন জায়গায় লাগানো গাছ কাটাসহ সেখানে অস্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন, অথচ হাইকোর্টের আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

Read full story at source