শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী

· Prothom Alo

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মারক নিয়ে দুই দিনের বিশেষ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এটিই হতে যাচ্ছে দেশে শহীদদের স্মারকের সবচেয়ে বড় উন্মুক্ত প্রদর্শনী।

Visit freshyourfeel.com for more information.

বুধবার বিকেলে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এ সময় অন্তত ৪০ জন শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। এই বিশেষ প্রদর্শনী ২৮ ও ২৯ নভেম্বর প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।

৫৯০ শহীদের দুই হাজারের বেশি স্মারক সংগ্রহ

সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, সরকারি গেজেট অনুসারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৫৬। তবে বিভিন্ন গণমাধ্যম ও অন্যান্য সূত্র অনুসারে এ সংখ্যা দেড় হাজারের বেশি। জাদুঘর কর্তৃপক্ষ এ পর্যন্ত গেজেটভুক্ত শহীদদের মধ্যে ৫৯০ জনের দুই হাজারের বেশি স্মারক নিদর্শন সংগ্রহ করেছে। এর মধ্যে জাদুঘরের গ্যালারিতে ২০৫ জন শহীদের ৫৫০টি নিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে। গেজেটভুক্ত অবশিষ্ট শহীদদের স্মারক সংগ্রহের চেষ্টা চলছে।

মহাপরিচালক আরও জানান, জাদুঘরে স্থানসংকুলান না হওয়ায় সংগৃহীত অনেক নিদর্শন সংরক্ষিত অবস্থায় রাখতে হয়েছে। যেসব শহীদ পরিবার প্রিয়জনের নিদর্শনগুলো জাদুঘরে দান করেছিল, তাঁদের অনেকের স্মারক গ্যালারিতে রাখা যাচ্ছে না। এতে শহীদ পরিবারের অনেকে মনোবেদনা বোধ করেছেন। তাই এবার বড় পরিসরে সংগৃহীত নিদর্শনগুলো নিয়ে দুই দিনব্যাপী এই উন্মুক্ত প্রদর্শনী করা হচ্ছে।

এহসান মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তনের অভ্যুত্থান ছিল না, এর সঙ্গে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিবর্তনের আকাঙ্ক্ষাও নিবিড়ভাবে সম্পৃক্ত ছিল। সে কারণে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তির চর্চাকেন্দ্র হিসেবেও কাজ করবে। এ লক্ষ্যে এরই মধ্যে আর্ট ক্যাম্প ও ধারাবাহিক সেমিনার হয়েছে। এবার জুলাই শহীদদের স্মারক নিয়ে বিশেষ প্রদর্শনী হচ্ছে। যে পরিবর্তনের জন্য তাঁদের আত্মদান, তা জনসাধারণের স্মৃতিতে আরও উজ্জ্বল করে তোলার পাশাপাশি এর মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

সংবাদ সম্মেলনে স্মৃতি জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল এবং নিদর্শন সংগ্রহ, নিবন্ধন ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা আবু বকর সাঈম ও হাসান ইনাম উপস্থিত ছিলেন।

Read full story at source