‘মেয়েকে দেখতে দুই মাসের জন্য দেশে এসেছিল আমার ছেলেটা, ডেঙ্গুতে মারা গেল’
· Prothom Alo

‘দুই বছর আগে তিন মাসের ছুটিতে দেশে এসে বিয়ে করেছে। এরপর আবার কাতারে চলে যায়। নয় মাস আগে তার প্রথম কন্যাসন্তানের জন্ম হয়। এর পর থেকেই দেশে আসার জন্য তার মন ছটফট করছিল। তাই তার মা তাকে দেশে আসতে বলে। মেয়েকে দেখতে দুই মাসের জন্য দেশে এসেছিল আমার ছেলেটা, এর মধ্যেই ডেঙ্গুতে মারা গেল।’
আজ রোববার সকালে মুঠোফোনে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া গ্রামের নুর হোসেন সওদাগরের বাড়ির বাসিন্দা আহম্মদ নবী। মুঠোফোনের অপর প্রান্তে ছেলের মৃত্যুর প্রসঙ্গে বলতে গিয়ে গলায় যেন আটকে যাচ্ছিল তাঁর কথা।
Visit newsbetting.club for more information.
গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর প্রবাসী ছেলে নেজাম উদ্দিন ওরফে পারভেজ (৩৪)। কাতারে একটি প্রকল্পে প্রকৌশলী হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। মৃত্যুর ২৯ দিন আগে তিনি ছুটিতে দেশে আসেন।
পরিবার সূত্রে জানা গেছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে (পুরকৌশল) স্নাতক শেষ করে ২০১৮ সালে কাতারে পাড়ি জমান নেজাম। দুই বছর আগে বিয়ে করেন তিনি। ঘরে তাঁর স্ত্রী ও নয় মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
স্বজনেরা জানান, মৃত্যুর পাঁচ দিন আগে জ্বর এসেছিল নেজামের। প্রথম দুই দিন স্থানীয় পল্লি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করেন তিনি। তবে এতে শারীরিক অবস্থার উন্নতি হয়নি। অসুস্থতা বেড়ে যাওয়ায় দুদিন পর তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডেঙ্গু শনাক্ত হয় নেজামের। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ছেলের এভাবে চলে যাওয়া মানতে পারছেন না নেজামের বাবা আহম্মদ নবী। তিনি প্রথম আলোকে বলেন, ‘ছেলেকে জীবিত হাসপাতালে নিলাম, বাড়িতে এনেছি লাশ। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। পাঁচ দিনের জ্বরে ছেলেটা কীভাবে যে মারা গেল, মনকে কিছুতেই বোঝাতে পারছি না।’
আহম্মদ নবী জানান, দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় নেজাম। তাঁর ছোট ভাই নাজেরও কাতারে থাকেন। তিনি বলেন, ‘ছেলের মৃত্যুতে তাঁর মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। কীভাবে ছেলেকে ছাড়া বেঁচে থাকবেন, তা বুঝতে পারছেন না। এর আগে আমার এক ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়েছে।’