সেনাবাহিনীর কাউন্টার হিসেবে রক্ষীবাহিনী গড়ে তোলা হয়: রিজভী
· Prothom Alo

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত একটি আধুনিক সেনাবাহিনী গড়ে না তুলে সমান্তরালভাবে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল। এই বাহিনী দিয়ে সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের দমন ও নির্যাতন করা হয়েছে। সেনাবাহিনীর কাউন্টার দেওয়ার জন্য রক্ষীবাহিনী গড়ে তোলা হয়েছিল।
আজ শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির র্যালি উদ্বোধনের সময় এ কথা বলেন রুহুল কবির রিজভী।
Visit grenadier.co.za for more information.
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ওই সময়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল।
রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে আধুনিক সেনাবাহিনী গঠনেও তাঁর অবদান রয়েছে।
জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে রিজভী আরও বলেন, তাঁর গড়ে তোলা আধুনিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখছে। সেনাবাহিনীকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক করার কাজও অব্যাহত রয়েছে।
র্যালিটি বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে শুরু হয়ে বিজয়নগর, পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে পেট্রলবোমা হামলার নিন্দা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রলবোমা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার ভোরে এ হামলার ঘটনা ঘটে।
আজ শনিবার দেওয়া এক বিবৃতিতে রিজভী বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আত্মগোপনে থাকা দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। বিচ্ছিন্নভাবে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ও নানা অপকর্মের মাধ্যমে তারা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে চায়। এসব করে আওয়ামী লীগ আর বাংলাদেশের মাটিতে জায়গা পাবে না।
রিজভী বলেন, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই। মানুষের জানমাল রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে। দেশজুড়ে অরাজকতা বন্ধে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ ও আইনের শাসন বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার কথা বলেন।