আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা

· Prothom Alo

আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি শনাক্তের দাবি করেছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বাইন্যান্স। প্রতিষ্ঠানটির আশঙ্কা, এই ত্রুটির সুযোগ নিয়ে আইফোনে ইনস্টল করা ক্ষতিকর অ্যাপগুলো অন্য অ্যাপে থাকা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ফাইল চুরি করতে পারে। এর ফলে ব্যবহারকারীদের পাসওয়ার্ড, ব্যক্তিগত নথি, এমনকি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের গোপন সংকেতও হ্যাকারদের হাতে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। এ সমস্যা সমাধানে আইফোন থেকে অ্যাপলের অ্যাপ স্টোরের বাইরে ডাউনলোড করা সব অ্যাপ মুছে ফেলার পরামর্শ দিয়েছে বাইন্যান্স।

বাইন্যান্সের তথ্যমতে, আইওএস ২৬ ও আইওএস ২৭ অপারেটিং সিস্টেমের কয়েকটি সংস্করণে ‘ওয়র্স_কোয়েরি’ নামের একটি নিরাপত্তাত্রুটি রয়েছে। এই ত্রুটির কারণে আইফোনে ইনস্টল করা কোনো ক্ষতিকর অ্যাপ একই ফোনে থাকা অন্য অ্যাপের ব্যক্তিগত ফাইল গোপনে পড়ার সুযোগ পেতে পারে। আর তাই দ্রুত অ্যাপ স্টোরের বাইরে থেকে ডাউনলোড করা অ্যাপগুলো মুছে ফেলতে হবে।

Visit arroznegro.club for more information.

সাধারণত আইফোনে প্রতিটি অ্যাপের জন্য আলাদা সুরক্ষিত পরিসর নির্ধারণ করা থাকে। ফলে একটি অ্যাপ অন্য অ্যাপের ব্যক্তিগত ফাইল বা তথ্য ব্যবহারের সুযোগ পায় না। প্রযুক্তির ভাষায় এই ব্যবস্থাকে বলা হয় ‘স্যান্ডবক্সিং’। কিন্তু ওয়র্স_কোয়েরি ত্রুটির কারণে এই সুরক্ষাব্যবস্থা পাশ কাটিয়ে অন্য অ্যাপের তথ্য পড়া সম্ভব হতে পারে।

এই ত্রুটি নিজে কোনো ম্যালওয়্যার নয়। তবে আইফোনে আগে থেকে কোনো ক্ষতিকর অ্যাপ ইনস্টল করা থাকলে সেটি ত্রুটির সুযোগ নিয়ে অন্য অ্যাপের ফাইল খুঁজে বের করতে, সেগুলোর কপি তৈরি করতে কিংবা পরিবর্তন করতে পারে। বিশেষ করে অ্যাপলের অ্যাপ স্টোরের বাইরে থেকে ইনস্টল করা অ্যাপের ক্ষেত্রে ঝুঁকি বেশি। কারণ, অ্যাপ স্টোরের অ্যাপের মতো এসব অ্যাপ অ্যাপলের নির্ধারিত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যায় না।

বাইন্যান্সের আশঙ্কা, এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। এসব ওয়ালেটে ডিজিটাল মুদ্রার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রয়োজনীয় রিকভারি ফ্রেজ বা প্রাইভেট কি সংরক্ষিত থাকে। হ্যাকাররা এসব তথ্য পেলে ব্যবহারকারীর ক্রিপ্টোকারেন্সি চুরি করতে পারে। এমনকি তাঁর ওয়ালেটের নিয়ন্ত্রণও নিয়ে নিতে পারে।

বাইন্যান্সের তথ্য অনুযায়ী, আইওএস ২৬.৭.১, আইওএস ২৭.০.১ ও আইওএস ২৭.২ সংস্করণে এই ত্রুটি শনাক্ত হয়েছে। তবে এক স্বাধীন সফটওয়্যার গবেষক কোডিং প্ল্যাটফর্ম গিটহাবে দাবি করেছেন, আইওএস ২৬-এর আরও বিস্তৃত পরিসরের সংস্করণে এই দুর্বলতা থাকতে পারে। তাঁর প্রকাশিত তথ্য অনুযায়ী, আইওএস ২৬.০ থেকে ২৬.৭.২ সংস্করণ পর্যন্ত অপারেটিং সিস্টেমে এ ত্রুটির উপস্থিতি থাকতে পারে।

তবে এখন পর্যন্ত এই নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে হ্যাকারদের সাইবার হামলা কিংবা ক্রিপ্টোকারেন্সি চুরির কোনো ঘটনা নিশ্চিত হওয়া যায়নি। ক্রিপ্টোকারেন্সি–বিষয়ক সংবাদমাধ্যম ক্রিপ্টোডটনিউজকে বাইন্যান্সের এক মুখপাত্র জানিয়েছেন, ওয়র্স_কোয়েরি ব্যবহার করে কোনো হামলাকারী ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে প্রবেশ করেছে বা অর্থ চুরি করেছে, এমন কোনো ঘটনার প্রমাণ তারা পাননি।

এদিকে গত সোমবার আইফোনের জন্য নতুন নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। এতে আইওএস ২৬.৭.৩ ও আইওএস ২৭.২.১ সংস্করণসহ পুরোনো আইফোনের জন্যও কয়েকটি হালনাগাদ রয়েছে। অ্যাপলের নিরাপত্তাবিষয়ক নোটে একাধিক ত্রুটি সমাধানের কথা জানানো হয়েছে। এর মধ্যে একটি ত্রুটির কারণে ক্ষতিকর অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহারের সুযোগ পেতে পারত। তবে নতুন হালনাগাদে ওয়র্স_কোয়েরি ত্রুটি সমাধান করা হয়েছে কি না, সে বিষয়ে অ্যাপল কিছু জানায়নি।

সূত্র: ডেইলি মেইল

Read full story at source