বিশ্ববিদ্যালয় ছাত্র হয়েও করছিলেন চাকরি, কাজ থেকে ফেরার পথে দুর্ঘটনায় গেল প্রাণ

· Prothom Alo

পড়াশোনা আর কাজের চাপে সপ্তাহজুড়েই ব্যস্ত থাকতেন মোবারক হোসেন ওরফে রাজু (২৪)। উত্তরায় বেসরকারি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়তেন তিনি। পাশাপাশি একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন। থাকতেন রাজধানীর ভাষানটেক এলাকায়, সেখানে একটি নির্মাণাধীন ভবনের কাজ তত্ত্বাবধান করতেন। প্রতি শুক্রবার তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যেতেন।

আজ শুক্রবার দুপুরেও ভাষানটেক থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরার দিকে যাচ্ছিলেন মোবারক। তাঁর পেছনের আসনে বসেছিলেন সহকর্মী ও নির্মাণ ঠিকাদার ফরিদুল ইসলাম সরদার (৪০)।

Visit asg-reflektory.pl for more information.

বেলা দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসীমউদ্‌দীন রোড সংলগ্ন উড়ালসড়কে দ্রুতগতির একটি পাজেরো পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তাঁরা। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

মোবারকের বন্ধু ও সহপাঠী মো. হাসিব ব্যাপারী প্রথম আলোকে বলেন, ‘দুপুরে হয়তো ক্লাস করতেই মোটরসাইকেল চালিয়ে উত্তরার দিকে যাচ্ছিলেন মোবারক। কিন্তু দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।’

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, মোবারক হোসেন ও ফরিদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এসআই শফিকুল ইসলাম আরও বলেন, মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পাজেরো গাড়িটি পালিয়ে গেছে। সেটি শনাক্ত করা যায়নি। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মোবারকের বাড়ি গাজীপুর সদর উপজেলার কেশরিতা গ্রামে। তাঁর বাবা মো. শফিকুল ইসলাম পেশায় কৃষক। অন্যদিকে নিহত ফরিদুলের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুরে। তাঁর বাবার নাম শহীদুল ইসলাম সরদার।

Read full story at source