শাহেদ জামানের গল্প ছায়াবাজি

· Prothom Alo

অনেক দিন অনীক ভাইয়ের সঙ্গে দেখাসাক্ষাৎ হয় না। মনে হচ্ছিল, লোকটার খোঁজখবর নেওয়া দরকার। বাসা থেকে বের হতেই শুভর ফোন। আগেও অনেকবারই এমন হয়েছে, বের হয়ে দেখেছি দুজনই একসঙ্গে চলেছি অনীক ভাইয়ের বাসার দিকে। আসলে লোকটা সারা দিন একাই থাকেন, উদ্ভট সব আবিষ্কার নিয়ে কাজ করেন। আমাদের দুজনকে তিনি যতই ‘ছোট ভাই নামের এক মানবেতর প্রাণী’ বলে খেপান না কেন, আমরা গেলে তিনিও বেশ খুশি হন। তা ছাড়া আমাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল, মানে আমার জন্য তাঁর টাকায় বিনে পয়সায় পেটপূর্তি, আর শুভর জন্য তাঁর নতুন নতুন আবিষ্কারকে ব্যবসায় লাগানোর চেষ্টা এসব তো আছেই।

আকাশটা বেশ মেঘলা। মনটা খুশি খুশি হয়ে উঠল। এমন দিনে একটু ভুনা খিচুড়ি আর মাংস হলে দারুণ লাগে। শুভকে বলতেই রাজি হয়ে গেল। বুঝলাম, মেঘলা আবহাওয়া ওকেও কিছুটা খিচুড়িপ্রেমী করে তুলেছে। চটজলদি বকশীবাজারের মোড় থেকে দুটো ডাবল ডিমের মোগলাই পরোটা আর তিন প্যাকেট বিফ খিচুড়ি নিয়ে অনীক ভাইয়ের বাসার দিকে রওনা দিলাম।

Visit amunra-online.pl for more information.

অনীক ভাইয়ের ড্রয়িংরুমে ঢুকে দেখলাম ঘুটঘুটে অন্ধকার। কোথাও কোনো আলো নেই, এমনকি রাস্তার ধারের জানালার ভারী পর্দাগুলোও টানানো। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, ‘অনীক ভাই? লোডশেডিং নাকি? মোমবাতি জ্বালাব?’

অন্ধকারের ভেতর থেকে অনীক ভাইয়ের গলা ভেসে এল। ‘খবরদার, শাহেদ! আলো জ্বালাবি না। আমি একটা অত্যন্ত সেনসিটিভ পরীক্ষার ঠিক মাঝখানে আছি। তোরা বরং দরজার কাছেই চুপচাপ দাঁড়িয়ে থাক।’

শুভ বিরক্ত হয়ে বলল, ‘ভাই, আমরা কি দারোয়ান নাকি যে দরজার কাছে দাঁড়িয়ে থাকব? আর আপনি এই অন্ধকারে করছেনটা কী?’

‘লুকোচুরি খেলছি,’ অত্যন্ত স্বাভাবিক গলায় জবাব দিলেন অনীক ভাই।

আমি আর শুভ অন্ধকারে মুখ–চাওয়াচাওয়ি করলাম। যদিও একে অপরের মুখ দেখতে পেলাম না, তবে আমি নিশ্চিত যে শুভর মুখেও আমার মতোই একটা ‘আবার কী শুরু হলো’ গোছের অভিব্যক্তি ফুটে উঠেছে।

‘লুকোচুরি খেলছেন? কার সাথে? ঘরে তো আমরা ছাড়া আর কেউ নেই!’ বললাম আমি।

‘আছে তো। ও একটু লাজুক, তাই অন্ধকারের সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করছে। এই তো ধরে ফেলেছি! শুভ, সুইচটা দে তো এবার।’

শুভ দেয়াল হাতড়ে বাতি জ্বালিয়ে দিল। আলো জ্বলতেই দেখলাম, অনীক ভাই ঘরের ঠিক মাঝখানে উবু হয়ে বসে আছেন। ওনার এক হাত মেঝের ওপর শক্ত করে চাপা দেওয়া, যেন অদৃশ্য কিছু একটা ধরে রেখেছেন। আর ডান হাতে অদ্ভুত দেখতে একটা টর্চলাইট। টর্চলাইটের মাথাটা সাধারণ টর্চের মতো গোল নয়, বরং চারকোনা। সেখান থেকে একটা ফ্যাকাশে বেগুনি রঙের আলো বেরোচ্ছে।

আমি প্যাকেটের খাবারগুলো টেবিলে রাখতে রাখতে বললাম, ‘কাকে ধরেছেন, ভাই? তেলাপোকা নাকি ইঁদুর?’

‘ইঁদুর হতে যাবে কেন? এই দেখ।’ অনীক ভাই মেঝে থেকে হাতটা সরালেন। আমরা অবাক হয়ে দেখলাম, ওনার হাতের নিচ থেকে মানুষের আকৃতির একটা কালো ছায়া পিছলে বেরিয়ে গেল! মেঝে বেয়ে দ্রুতগতিতে দেয়ালের দিকে ছুটে গিয়ে দেয়াল বেয়ে সিলিংয়ে উঠে একটা কোনায় ঘাপটি মেরে বসে রইল ছায়াটা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ঘরে আলো জ্বলছে, আমাদের সবার ছায়া স্বাভাবিকভাবে মেঝেতে পড়ছে, কিন্তু ওই ছায়াটা সম্পূর্ণ স্বাধীনভাবে সিলিংয়ে আটকে আছে! আর অনীক ভাইয়ের পায়ের নিচে ওনার নিজের কোনো ছায়া নেই!

মাশুদুল হকের গল্প—ত্রাতারা

২

শুভ চোখ বড় বড় করে বলল, ‘ভাই, আপনার ছায়া...আপনার ছায়া সিলিংয়ে কী করছে? আপনার সাথে আর থাকতে চায় না কেন?’

অনীক ভাই তৃপ্তির হাসি হেসে উঠে দাঁড়ালেন। প্যান্টের ধুলা ঝাড়তে ঝাড়তে বললেন, ‘আরে না না, এটা হলো কোয়ান্টাম শ্যাডো-ডিটাচমেন্ট। ফর্মুলাটা একেবারে এক শ ভাগ কাজ করেছে।’

‘শ্যাডো-ডিটাচমেন্ট মানে ছায়া আলাদা করে ফেলা?’ সিলিংয়ের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বললাম আমি। ‘কিন্তু ছায়া মানে তো আলোর অনুপস্থিতি। সেটা আবার আলাদা হয়ে দৌড়ায় কীভাবে?’

অনীক ভাই টর্চলাইটটা নেড়েচেড়ে বললেন, ‘সাধারণ ছায়া দৌড়ায় না। কিন্তু এই টর্চ সাধারণ আলো দেয় না। এটা ফোটন কণাকে রিভার্স-পোলারাইজ করে। যখন এই বেগুনি আলো কারও ছায়ার ওপর পড়ে, তখন ছায়াটা তার দ্বিমাত্রিক অবস্থা থেকে আধা ভৌতিক বা কোয়াসি ফিজিক্যাল অবস্থায় চলে যায়। সোজা কথায়, ছায়াটা একটা স্বাধীন সত্তা পেয়ে যায়। এই যেমন ধর, আমার এই ছায়ার এখন কোনো ওজন নেই, কিন্তু ওর ওপর বেগুনি আলোটা আরও কয়েক সেকেন্ড ফোকাস করে রাখলে ওর ঘনত্ব বাড়বে। তখন ও চাইলে হালকা জিনিসপত্র নাড়াচাড়া করতে পারবে।’

‘কিন্তু ভাই, ছায়া আলাদা করে কী লাভ হবে?’ প্রশ্ন করলাম আমি।

‘সেটা তো এখনো জানি না,’ মাথা চুলকে বললেন অনীক ভাই। কয়েক দিন আগে এই টর্চের একটা ফর্মুলা পেলাম স্বপ্নে। ল্যাবে দেখলাম, দরকারি প্রায় সব জিনিসই আছে। দুই–একটা শুধু ধোলাইখালের শামসুর দোকান থেকে জোগাড় করে এনে আজ বানিয়ে ফেললাম।’

শুভ সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা ছোট নোটবুক আর কলম বের করে ফেলল। ওর চোখ দুটো লোভে চকচক করছে। ‘ভাই, তার মানে এই ছায়াগুলো কাজ করতে পারবে?’

‘খুব ভারী কাজ পারবে না, তবে হ্যাঁ, টুকটাক কাজ করতে পারবে। ঘর ঝাড়ু দেওয়া, জিনিসপত্র এগিয়ে দেওয়া, এসব আরকি।’

‘ভাই!’ শুভ প্রায় চিৎকার করে উঠল। ‘আপনি বুঝতে পারছেন, আপনি কী বানিয়েছেন? এটা তো শতাব্দীর সেরা বিজনেস মডেল! ফ্রি লেবার! কোনো বেতন দিতে হবে না, খাবার দিতে হবে না, কোনো লেবার ইউনিয়ন নেই! জাস্ট ছায়া আলাদা করো আর কাজে লাগিয়ে দাও!’

আমি বললাম, ‘কিন্তু ছায়াগুলো কি আমাদের কথা শুনবে? ওনার ছায়া তো অলরেডি সিলিংয়ে বসে আছে, কথা শুনছে বলে তো মনে হয় না।’

অনীক ভাই বললেন, ‘ছায়াগুলো আসলে মানুষের অবচেতন মনের প্রতিফলন। তুই সচেতনভাবে যেটা করতে চাস না, কিন্তু অবচেতনে চাস, ছায়া সেটাই করে। আমার অবচেতন মন হয়তো এই টানা এক্সপেরিমেন্টের পর একটু আড়ালে গিয়ে বিশ্রাম নিতে চাইছিল, তাই ছায়াটা সিলিংয়ের কোনায় ঘাপটি মেরে আছে। আয় বাবু, নিচে আয়।’

অনীক ভাই টর্চলাইটটা সিলিংয়ের ছায়াটার ওপর তাক করে একটা বোতাম চাপলেন। সাথে সাথে বেগুনি আলোটা নীল হয়ে গেল। ছায়াটা যেন একটা অদৃশ্য সুতার টানে দেয়াল বেয়ে নেমে এসে সোজা অনীক ভাইয়ের পায়ের কাছে জুড়ে গেল।

আহমেদ খান হীরকের গল্প—ভয়

৩

শুভর মাথায় ততক্ষণে ব্যবসার ভূত পুরোপুরি চেপে বসেছে। ও অনীক ভাইয়ের হাত থেকে টর্চলাইটটা প্রায় ছিনিয়ে নেওয়ার ভঙ্গিতে বলল, ‘ভাই, এটা আমাকে কয়েক দিনের জন্য ধার দেন। প্রফিটের ফিফটি পারসেন্ট আপনার। না, সিক্সটি পারসেন্ট!’

অনীক ভাই ভ্রু কুঁচকে বললেন, ‘তুই এটা দিয়ে কী করবি?’

‘শ্যাডো সাপ্লাই লিমিটেড খুলব! আমাদের আশপাশে কত দোকানপাট, হোটেল, কলকারখানা, লাইব্রেরি আছে। সবার কাজের লোক দরকার। এই জিনিস দিয়ে তো একলাফে ওয়ার্কফোর্স ডাবল করে দেওয়া যাবে! আমি আপাতত আমাদের তিনজনের ছায়াকে আলাদা করে ভাড়া খাটাব। প্রতিদিন হিসাবে পেমেন্ট।’

‘আমাদের তিনজনের ছায়া?’ আমি প্রতিবাদ করে উঠলাম। ‘আমার ছায়া আমি কাউকে ভাড়া দেব না। ওর যদি আমার মতো ক্ষুধা পায়, আর খেতে না পেরে কষ্টে ভোগে?’

‘আরে গাধা, ছায়ার কি আর পাকস্থলী আছে যে খিদে পাবে?’ ধমক দিয়ে বলল শুভ। ‘আর তুই তো সারা দিন বসে বসেই খাস, তোর ছায়াটা অন্তত কিছু কাজ করে দুপয়সা রোজগার করুক।’

অনীক ভাই একটু চিন্তিত মুখে বললেন, ‘বুদ্ধিটা খারাপ নয়। কোয়াসি ফিজিক্যাল এন্টিটিগুলো ফিল্ডে কেমন পারফর্ম করে, সেটা ডেটা হিসেবে সংগ্রহ করা যাবে। ঠিক আছে, শুভ; তুই নিতে পারিস। তবে সাবধানে। এরা কিন্তু অবচেতন মনের ইচ্ছা–অনিচ্ছা দ্বারা চালিত হয়।’

সেসব কথায় কান না দিয়ে টর্চের আলোটা নিজের পায়ের কাছে তাক করল শুভ। বেগুনি আলো পড়তেই শুভর ছায়াটা একটু কেঁপে উঠল, তারপর মেঝের ওপর দিয়ে পিছলে একটু দূরে গিয়ে দাঁড়াল। দেখতে হুবহু শুভর মতো, শুধু টু-ডাইমেনশনাল এবং কুচকুচে কালো। ছায়াটা উঠে দাঁড়ানোর পর দেখলাম, ডান হাত দিয়ে বাঁ হাতে কিছু একটা ধরে টেপাটেপি করছে, শুভ যেভাবে সব সময় ক্যালকুলেটর নিয়ে করে আর ডান পা অনবরত নাচাচ্ছে। অবিকল শুভর মুদ্রাদোষ!

‘কী জোস!’ শুভ উচ্ছ্বসিত হয়ে উঠল। ‘শাহেদ, এবার তোর পালা।’

আমি আপত্তি করার আগেই শুভ আমার পায়ের ওপর আলো ফেলল। একটা অদ্ভুত কনকনে ঠান্ডা স্রোত আমার পায়ের নিচ দিয়ে বয়ে গেল। মনে হলো যেন কেউ একটা ব্যান্ডেজ একটানে ছাড়িয়ে নিল। পরমুহূর্তেই দেখলাম আমার ছায়াটা মেঝে থেকে উঠে দাঁড়িয়েছে। সোজা টেবিলের দিকে এগিয়ে গেল সেটা, যেখানে আমার মোগলাই পরোটা আর খিচুড়ি রাখা আছে। তারপর প্যাকেটের ওপর ঝুঁকে পড়ে এমনভাবে শ্বাস নেওয়ার ভঙ্গি করল, যেন ঘ্রাণ নিচ্ছে।

‘তোর ছায়াও তোর মতো খাদক!’ শুভ হেসে উঠল।

আমি দেখলাম, আমার ছায়াটা খাবারের ঘ্রাণ নিচ্ছে আর চরম তৃপ্তি পেয়েছে এমন ভঙ্গিতে মাথা দোলাচ্ছে। বেশ হাস্যকর দৃশ্য হতে পারত, কিন্তু দৃশ্যটা দেখে আমার পেটের ভেতরটা কেমন যেন করে উঠল। নিজের ছায়াকে আলাদাভাবে ঘুরতে দেখাটা মোটেও সুখকর কোনো অনুভূতি নয়।

ডিউক জনের চার মূর্তি সিরিজের গল্প—দুঃসহ দুপুরে

৪

পরদিন সকাল থেকে শুভর ‘শ্যাডো সাপ্লাই লিমিটেড’-এর অপারেশন শুরু হয়ে গেল। শুভ অনীক ভাইয়ের ছায়াকে ভাড়া দিল পাড়ার মোড়ের হার্ডওয়্যার দোকানে; জিনিসপত্র গোছানোর জন্য। আমার ছায়াকে ভাড়া দিল পাশের গলির ‘কাদের বিরিয়ানি হাউস’-এ, টেবিল মোছা আর প্লেট এগিয়ে দেওয়ার জন্য। আর নিজের ছায়াকে কাজে লাগাল পাড়ার লাইব্রেরিতে, বই গোছানোর কাজে।

প্রথম দুদিন সব ঠিকঠাকই চলল। কাদের ভাই তো আমার ছায়ার কাজে মহাখুশি। আমাকে রাস্তায় দেখে বললেন, ‘শাহেদ ভাই, আপনের এই স্পেশাল ছায়া-মেশিন তো জব্বর জিনিস! ব্যাটা সারা দিন টেবিল মুছে, কোনো কথা কয় না, আর সবচেয়ে বড় কথা, আপনর মতো ফ্রি বিরিয়ানিও খাইতে চায় না! একদম লক্ষ্মী কর্মচারী!’

শুনে আমার একটু অপমানই লাগল, তবে শুভর হাতে যখন রোজগারের প্রথম কিস্তির টাকা দেখলাম, তখন একটু খুশিও হলাম।

কিন্তু সমস্যাটা শুরু হলো তৃতীয় দিনের বিকেল থেকে। আমি তখন আমার রুমে বসে সদ্য কিনে আনা খাসির পায়া আর নান খেতে খেতে টিভিতে একটা রান্নার অনুষ্ঠান দেখছি। এমন সময় শুভর ফোন। গলা কাঁপছে। ‘শাহেদ! জলদি অনীক ভাইয়ের ল্যাবে আয়! বিরাট গ্যাঞ্জাম হয়ে গেছে!’

‘কী গ্যাঞ্জাম?’

‘তোর ছায়া কাদের ভাইয়ের দোকানে বিদ্রোহ করেছে! আর আমার ছায়া...উফ, তুই আগে আয়, তারপর বলছি!’

ছুটে বেরিয়ে যেতে গিয়েও খাবারের কথা মনে পড়ে গেল। এখন না খেলে পরে আর খাওয়ার সুযোগ হবে না। ওদিকে আবার অনীক ভাইয়ের ল্যাব থেকেও জরুরি তলব… অগত্যা খাবারটা আবার প্যাকেট করে সঙ্গে নিয়েই বের হয়ে পড়লাম।

অনীক ভাইয়ের ড্রয়িংরুমে গিয়ে দেখি, পরিস্থিতি বেশ থমথমে। অনীক ভাই সোফায় বসে মাথা নিচু করে আছেন আর শুভ ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পায়চারি করছে, চুল উষ্কখুষ্ক।

‘কী হয়েছে?’ জিজ্ঞেস করলাম আমি।

অনীক ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘অবচেতন মনের ইচ্ছা...আমি বলেছিলাম না? ছায়াগুলো এখন যার যার আদি মালিকের অবচেতন মনের সবচেয়ে তীব্র ইচ্ছাগুলো বাস্তবায়ন করা শুরু করেছে।’

শুভ থেমে গিয়ে বলল, ‘কাদের ভাই একটু আগে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করলেন। তোর ছায়া নাকি আজ দুপুর থেকে টেবিল মোছা বাদ দিয়ে কাস্টমারদের প্লেটের সামনে গিয়ে হাঁ করে তাকিয়ে থাকছে! কাস্টমাররা ভয় পেয়ে বিরিয়ানি রেখে পালিয়ে যাচ্ছে। আর শুধু তা–ই না, তোর ছায়া নাকি বিরিয়ানির ডেকচির ওপর গিয়ে শুয়ে পড়েছে! ওর কোনো ওজন নেই ঠিকই, কিন্তু একটা মানুষের নিকষ কালো ছায়া ডেকচির ওপর শুয়ে থাকলে কে আর সেই খাবার খাবে?’

আমি ঢোঁক গিললাম। ‘আমার অবচেতন মন তো বিরিয়ানি খেতে চাইবেই। এতে আমার দোষ কী? কিন্তু তোর ছায়া কী করেছে?’

শুভর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ‘আমার ছায়া...লাইব্রেরির বই গোছানো বাদ দিয়ে লাইব্রেরিয়ানের ক্যাশ বাক্স থেকে টাকা সরানো শুরু করেছে। যেহেতু ও ছায়া, তাই কেউ ওকে সহজে নোটিশ করে না। ও টাকাগুলো চুরি করে লাইব্রেরির পেছনের একটা অন্ধকার গলিতে জমা করছিল। ধরা পড়ার পর লাইব্রেরিয়ান আমাকে পুলিশে দেওয়ার হুমকি দিয়েছে।’

আমি অনীক ভাইয়ের দিকে তাকালাম। ‘আর আপনার ছায়া, ভাই? ও কী করেছে?’

অনীক ভাই চশমাটা খুলে চোখ মুছলেন। বললেন, ‘আমার ছায়া হার্ডওয়্যার দোকানের সব স্ক্রু-ড্রাইভার আর প্লাস নিয়ে পাড়ার ট্রান্সফরমার খুলতে চলে গিয়েছিল। ওর সম্ভবত মনে হয়েছিল, এলাকার পাওয়ার গ্রিডের ফ্রিকোয়েন্সি ঠিক নেই, ওটাকে কোয়ান্টাম লেভেলে আপগ্রেড করা দরকার। হার্ডওয়্যার দোকানের মালিক লাঠি নিয়ে তাড়া করায় ও এখন ট্রান্সফরমারের ওপর বসে আছে।’

‘আপনি কীভাবে বুঝলেন যে ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি ঠিক করতেই গিয়েছিল ও?’ শুভ চোখ সরু করে জিজ্ঞেস করল।

‘ইয়ে, মানে,’ আমতা আমতা করে বললেন অনীক ভাই, ‘আমার নিজেরও ব্যাপারটা অনেকবার মনে হয়েছে। কিন্তু কাজটা করতে গেলে ইলেকট্রিসিটি বন্ধ রাখতে হবে, আর তাতে এলাকার লোকজন দৌড়ানি দিতে পারে ভেবে কখনো এগোইনি। কিন্তু আমার ছায়া অত কিছু চিন্তা করতে যায়নি।’

বিটকেলে বুট

৫

কয়েক মিনিট সবাই চুপচাপ বসে রইলাম। তারপর আমি বললাম, ‘তাহলে আর দেরি কেন, ভাই? টর্চলাইটটা নিয়ে চলুন। নীল আলো দিয়ে ওদের সবাইকে আবার নিজ নিজ পায়ে লাগিয়ে ফেলি। বিপদ ক্রমেই বাড়বে মনে হচ্ছে। ব্যবসা অনেক হয়েছে, এবার জান বাঁচানো ফরজ।’

শুভ শুকনো গলায় বলল, ‘টর্চলাইটটা আমার কাছে নেই।’

‘মানে? টর্চলাইট কোথায়?’

‘আমার ছায়া যখন টাকা চুরি করছিল, তখন আমি ওকে আটকানোর জন্য টর্চলাইটটা তাক করেছিলাম। কিন্তু ও আমার হাত থেকে ছোঁ মেরে টর্চটা নিয়ে পালিয়েছে। এখন ওটার দখল আমার ছায়ার কাছে!’

‘বলিস কী!’ আমি আঁতকে উঠলাম। ‘তার মানে, তোর ছায়া এখন টর্চলাইটের মালিক? ও তো চাইলে এখন পুরো ঢাকা শহরের সবার ছায়া আলাদা করে ফেলতে পারে!’

অনীক ভাই গম্ভীর গলায় বললেন, ‘ওর অত বড় প্ল্যান আছে বলে মনে হয় না। শুভর অবচেতন মন শুধু ব্যবসা আর মুনাফা বোঝে। ওর ছায়াও সেটাই করবে। ও হয়তো ছায়াদের নিয়ে একটা নিজস্ব ইউনিয়ন বা গ্যাং বানানোর চেষ্টা করবে, যাতে ওরা স্বাধীনভাবে চুরিচামারি করতে পারে।’

শুভ আহত গলায় বলল, ‘আপনি কি আমাকে চোর বলতে চাইছেন, ভাই?’

অনীক ভাই কিছু বলতে যাবেন, ঠিক তখনই ল্যাবের বাইরের বারান্দা থেকে একটা খসখস শব্দ এল। আমরা তিনজন সতর্ক হয়ে সেদিকে তাকালাম। বারান্দার ফ্রেঞ্চ উইন্ডোর ওপাশে বিকেলের ম্লান আলোয় দেখলাম, তিনটে কালো আকৃতি দাঁড়িয়ে আছে। আমার ছায়া, শুভর ছায়া আর অনীক ভাইয়ের ছায়া। মাঝখানে শুভর ছায়া, ওর হাতে সেই কোয়ান্টাম শ্যাডো ডিটাচার টর্চলাইট।

‘ওরা এখানে কেন এসেছে?’ আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম।

অনীক ভাই বললেন, ‘হয়তো নেগোশিয়েট করতে এসেছে। অথবা...’

কথাটা শেষ হওয়ার আগেই শুভর ছায়া টর্চলাইটের বেগুনি আলোটা আমাদের দিকে তাক করল। জানালার কাচ ভেদ করে আলোটা সোজা আমাদের গায়ের ওপর এসে পড়ল। কিন্তু এবার আলোটা আমাদের ছায়ার ওপর পড়ল না, কারণ আমাদের কারও ছায়াই তো নেই। সেটা সরাসরি এসে পড়ল আমাদের শরীরের ওপর!

সঙ্গে সঙ্গে আমার মনে হলো, আমার শরীরের ভেতরের সব শক্তি কে যেন সিরিঞ্জ দিয়ে টেনে বের করে নিচ্ছে। আমার পেশিগুলো অবশ হয়ে এল। আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। দেখলাম, অনীক ভাই আর শুভও ধপাস করে পড়ে গেছে।

‘ভাই...কী হচ্ছে এসব?’ কোনোমতে গোঙানোর মতো শব্দ করে বললাম আমি।

অনীক ভাই অনেক কষ্টে মাথা তুলে বললেন, ‘রিভার্স পোলারিটি! টর্চলাইটের ডায়ালটা উল্টো ঘোরানো হয়েছে। ওটা এখন আমাদের ছায়াকে আলাদা করছে না, বরং আমাদের শরীরটাকেই আধা ভৌতিক অবস্থায় নিয়ে যাচ্ছে! ওরা আমাদের জায়গা নিতে চায়!’

আমি দেখলাম, বারান্দার দরজা খুলে তিনটে ছায়া ঘরের ভেতর ঢুকল। ওদের চেহারা স্পষ্ট নয়, কিন্তু ওদের হাঁটার ভঙ্গি আমাদেরই মতো। আমার ছায়াটা সোজা টেবিলের দিকে গিয়ে আমার নিয়ে আসা খাসির পায়ার দিকে হাত বাড়াল। অসহায় চোখে সেদিকে তাকিয়ে থাকলাম। শরীরে কোনো সাড়া পাচ্ছি না।

কারণ, এখন ওরা সলিড হয়ে যাচ্ছে আর আমরা ছায়া হয়ে যাচ্ছি!

ডিউক জনের গল্প—কে

৬

শুভর ছায়াটা এসে শুভর পকেট থেকে মানিব্যাগটা বের করে নিল। শুভর নিজের শরীর তখন মেঝের সাথে প্রায় লেপটে গেছে, ওর শরীরের পুরুত্ব কমতে শুরু করেছে।

‘ভাই...কিছু একটা করেন!’ শুভ ক্ষীণ গলায় বলল। ‘আমি টু-ডাইমেনশনাল হয়ে গেলে তো ব্যবসার কোনো কাজই করতে পারব না!’

অনীক ভাই মেঝেতে শুয়েই বহু কষ্টে নিজের পকেট হাতড়াতে শুরু করলেন। ওনার পকেটে সব সময়ই দুনিয়ার তাবৎ অদ্ভুত জিনিসপত্র থাকে। ‘ছায়ারা আলোকে ভয় পায়,’ অনীক ভাই বিড়বিড় করে বললেন। ‘প্রচণ্ড আলো। ওদের সলিড ফর্মটা এখনো পুরোপুরি স্টেবল হয়নি। ফোটনের ইনটেনসিটি বাড়িয়ে দিলে ওরা আবার দুর্বল হয়ে যাবে।’

‘কিন্তু আমাদের কাছে তো কোনো লাইট নেই!’ বললাম আমি। ‘ঘরের বাতি তো নেভানো!’

অনীক ভাই পকেট থেকে একটা কাচের তৈরি ছোট্ট গোল মার্বেলের মতো জিনিস বের করলেন। ‘এটা একটা কনসেন্ট্রেটেড ম্যাগনেশিয়াম ফ্লেয়ার-পড। কয়েক দিন খুব লোডশেডিং হচ্ছিল বলে কাল রাতে বানিয়েছিলাম। এটা ফাটলে ঘণ্টাখানেকের জন্য দিনের বেলার সূর্যের মতো আলো তৈরি হবে।’

‘তো ফাটান ওটা!’ শুভ চেঁচিয়ে উঠল।

‘সমস্যা হলো, এটা ম্যানুয়ালি ফাটাতে হয়। আর আমার হাতে এখন একটা দেশলাই কাঠি ধরার মতোও জোর নেই।’ সত্যিই অনীক ভাইয়ের হাতটা ক্রমেই কালো আর ফ্যাকাশে হয়ে যাচ্ছিল।

আমার ছায়াটা তখন আয়েশ করে বসে খাসির পায়ার হাড় চিবোচ্ছে। দৃশ্যটা দেখে আমার এমন রাগ হলো যে শরীরের অবশ ভাবটাও যেন এক মুহূর্তের জন্য উধাও হয়ে গেল। আমার খাবার অন্য কেউ খাবে, হোক সেটা নিজের ছায়া, এ আমি কিছুতেই মেনে নেব না!

শেষ শক্তিটুকু জড়ো করে মেঝে দিয়ে সাপের মতো গড়িয়ে গড়িয়ে আমার ছায়ার পায়ের কাছে পৌঁছালাম আমি। আমার ছায়াটা খাবার নিয়ে এতই ব্যস্ত ছিল যে ও খেয়ালই করেনি। আমি ওর পায়ে একটা সজোর কামড় বসানোর চেষ্টা করলাম। কিন্তু আমার দাঁত ওর পায়ে লাগার বদলে একটা রাবারের মতো অনুভূতি হলো। ছায়াটা চমকে উঠে পা সরাল।

ঠিক সেই সুযোগে অনীক ভাই ম্যাগনেশিয়াম ফ্লেয়ার-পডটা আমার দিকে গড়িয়ে দিলেন। ‘শাহেদ, ওটাকে চিবিয়ে ফাটানোর চেষ্টা কর!’

আমি কোনো কিছু না ভেবেই গোল কাচের বলটা মুখের ভেতর পুরে সজোর একটা কামড় দিলাম। ‘কড়াত’ করে একটা শব্দ হলো।

সাথে সাথে আমার মুখের ভেতর থেকে একটা তীব্র, চোখধাঁধানো সাদা আলো চারদিকে বিস্ফোরিত হলো। মনে হলো যেন ঘরের ভেতর একটা বাজ পড়ল। চোখ বন্ধ করে ফেললেও সেই আলোর তীব্রতা আমি চোখের পাতার ওপর দিয়ে টের পেলাম।

বাবেলের কুকুর

৭

তীব্র আলোর ঝলকানিতে ছায়াগুলো আর্তনাদ করে উঠল। মানুষের মতো নয়, অনেকটা বাতাস লিক করা বেলুনের মতো একটা ‘হিসসস’ শব্দ বেরিয়ে এল ওদের মুখ থেকে। সাদা আলোর বন্যায় ওদের সলিড ফর্মটা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল। শুভর ছায়ার হাত থেকে টর্চলাইটটা ছিটকে মেঝেতে পড়ে গেল।

অনীক ভাই আলোর মধ্যেই একলাফে উঠে দাঁড়ালেন। তার শরীরের জোর ফিরে এসেছে। ছোঁ মেরে টর্চলাইটটা মেঝে থেকে তুলে নিলেন তিনি। গর্জে উঠলেন, ‘তোদের রংবাজি শেষ!’

টর্চলাইটের ডায়ালটা দ্রুত নীল রঙের দিকে ঘুরিয়ে দিলেন অনীক ভাই। তারপর সেটা তাক করলেন ঘরের চারদিকে ছড়িয়ে–ছিটিয়ে থাকা ছায়াগুলোর দিকে। নীল আলো পড়তেই ছায়াগুলো যেন চুম্বকের টানে আমাদের দিকে ছুটে এল। শুভর ছায়া এসে শুভর পায়ের সাথে আটকে গেল, অনীক ভাইয়ের ছায়া ওনার সাথে আর আমার ছায়াটা সোজা এসে আমার পায়ের নিচে জায়গা করে নিল।

হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম আমি। আমার মুখ থেকে তখনো ম্যাগনেশিয়াম ফ্লেয়ারের ধোঁয়া বেরোচ্ছে। ‘উফ! আমার জিবটা মনে হয় পুড়ে গেছে, আর দাঁত মনে হয় অর্ধেক নাই হয়ে গেছে!’ থুতু ফেলে বললাম আমি।

‘ভয় নেই,’ বললেন অনীক ভাই। ‘ওটা স্পেশাল ফ্লেয়ার, শুধু আলো হয়; তাপ নেই।’

শুভ উঠে দাঁড়িয়ে নিজের শরীরটা ভালো করে হাতড়ে দেখল। ‘যাক বাবা, থ্রি-ডাইমেনশনাল ফর্ম ফিরে পেয়েছি! কিন্তু ভাই, আমার মানিব্যাগ কই?’

আমরা দেখলাম, মানিব্যাগটা মেঝেতে পড়ে আছে। শুভ দৌড়ে গিয়ে সেটা তুলল। কিন্তু খুলে দেখল, ভেতরটা একদম ফাঁকা! ‘আমার টাকা! আমার ক্যাশ টাকা কই?’ শুভ প্রায় কেঁদে ফেলল।

অনীক ভাই চশমাটা ঠিক করতে করতে বললেন, ‘তোর ছায়া টাকাগুলো চুরি করে যখন নিজের কাছে রেখেছিল, তখন টাকাগুলোও কোয়াসি ফিজিক্যাল স্টেটে চলে গিয়েছিল। এখন ছায়াটা যখন আবার তোর সাথে জুড়ে গিয়ে টু-ডাইমেনশনাল হয়ে গেছে, কিন্তু টাকাগুলো আর ফিরে আসেনি, দুই ডাইমেনশনের মাঝখানের চিপা দিয়ে হারিয়ে গেছে। ওগুলো আর ফেরত পাবি না।’

শুভর চেহারা দেখে মনে হলো ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে। ‘লাইব্রেরিয়ানের ক্যাশ বক্সের টাকাগুলোও কি গায়েব হয়ে গেছে?’ ভাঙা গলায় প্রশ্ন করল ও।

‘খুব সম্ভবত। কারণ ওগুলোও তোর ছায়ার কাছেই ছিল।’

শুভ মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। ‘তার মানে লাইব্রেরিয়ানের ক্ষতিপূরণ এখন আমার নিজের পকেট থেকে দিতে হবে? এ তো দেখছি লাভের বদলে পুরাই লস প্রজেক্ট!’

আমি আর এসব কথায় কান না দিয়ে সোজা টেবিলের দিকে গেলাম। আমার খাসির পায়াটা অক্ষত আছে কি না, সেটাই আমার কাছে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। প্যাকেট খুলে দেখলাম, আমার ছায়া একটা পায়া আর একটা নানের অর্ধেকটা খেয়ে ফেলেছে, তবে বাকিটা অক্ষত আছে।

‘ভাই, আমার ছায়া যে আমার খাবার খেয়েছে, এইটার ক্ষতিপূরণ কে দেবে?’ বিমর্ষ গলায় বললাম আমি।

অনীক ভাই টর্চলাইটটা সাবধানে একটা ড্রয়ারে তালাবদ্ধ করে রাখতে রাখতে বললেন, ‘তোর ছায়া খেয়েছে মানে তোর অবচেতন মন খেয়েছে, মানে টেকনিক্যালি তুই নিজেই খেয়েছিস। কাজেই অভিযোগ থাকলে নিজের কাছেই কর।’

আমি একটা দীর্ঘশ্বাস ফেলে নানের বাকি টুকরোটা মুখে পুরলাম। অনীক ভাইয়ের যুক্তির সাথে তর্ক করে লাভ নেই। তবে একটা শিক্ষা আমার ভালোই হয়েছে। নিজের ছায়ার ওপর কখনোই ভরসা করা ঠিক নয়, বিশেষ করে তার যদি আমার মতো খাবারের লোভ থাকে। আর শুভর ব্যবসার পার্টনার হওয়ার তো প্রশ্নই ওঠে না!

রবার্ট ব্রুস

Read full story at source