কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান
· Prothom Alo

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের বোঝাপড়া রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর বসার কোনো ইতিহাস নেই।
Visit rouesnews.click for more information.
আজ বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন। সেখানে তিনি কোনো দলের নাম উল্লেখ না করে ‘একটি রাজনৈতিক দলের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বোঝাপড়া রয়েছে’ বলে উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা ফ্লোর চাইলে স্পিকার বলেন, ৩০০ বিধির বিষয়ে সংসদের সুনির্দিষ্ট বিধান রয়েছে, এর বাইরে কথা বলার সুযোগ নেই। ৩০০ বিধিতে বক্তব্যের পর এর কোনো পাল্টা জবাবের রেওয়াজ নেই। পরে স্পিকার বিরোধীদলীয় নেতাকে কথা বলার সুযোগ দিলে তিনি বলেন, তাঁকে ইঙ্গিত করে কথা না বলা হলে সংসদে দাঁড়িয়ে এসব কথা বলার প্রয়োজন হতো না। ইঙ্গিত করা হয়েছে বলেই তিনি কথা বলতে বাধ্য হয়েছেন।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনিও একমত। তবে একটি দলের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বোঝাপড়ার কথা বলা হচ্ছে। এই সুড়সুড়ির পেছনে ওই দলের কোনো সম্পর্ক আছে কি না এবং দলটি কোনটি, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খানের প্রতি ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সরকারে নিয়োজিত জামায়াতবিষয়ক একজন সচিব মর্যাদার ব্যক্তির কথার প্রসঙ্গ এসেছে কি না, সে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ‘একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন। আমরা তাঁকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় এক কথা, রাতে আরেক কথা, পরদিন সকালে ও দুপুরে আরেক কথা বলছেন। সে রকম একটা লোককে রেফার করে আমাদের যদি ইঙ্গিত করে বলা হয় যে ওই ধরনের কোনো এজেন্সির সাথে বসেছি, তাহলে এই ৩৫০ সদস্যের হাউসে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার কোনো ইতিহাস আমাদের নেই।’
তাঁরা এ অভিযোগের চ্যালেঞ্জ নিয়েছিলেন এবং প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছিলেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘আমরা একটা রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে। বসব বন্ধুদের সঙ্গে, যদি কোনো জায়গায় বন্ধু থাকে। এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না।’
বরং যাঁরা তাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন, তাঁদেরই দেশে-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসার নথি রয়েছে বলে দাবি করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এজেন্সির দেশে গিয়ে এজেন্সির সামনে দুঃখ প্রকাশ করেছেন এবং প্রকাশ্যে বলেছেন, তাঁদের দলের অতীতের দেশনীতি ভুল ছিল, ভবিষ্যতে আর সেই ভুল করবেন না। এটি তাঁদের প্রকাশ্য বক্তব্য। তিনি বলেন, ‘মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে।’
তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন—এমন দাবি সঠিক নয় জানিয়ে জামায়াত আমির বলেন, গত ১২ আগস্টের সংবাদ সম্মেলনে তাঁকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। তিনি পুরো ২২ মিনিটের বক্তব্যে একবারও আওয়ামী লীগের নাম নেননি। বক্তব্যের ভিডিও এখনো সংরক্ষিত রয়েছে, যে কেউ তা দেখে যাচাই করতে পারেন।
মাদক কারবারে সরকারি দলের লোকজনের জড়িত থাকার অভিযোগ
দেশে মাদক নির্মূলের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, তাঁরা চান মাদক নির্মূল হোক। সংসদে মাদক নিয়ন্ত্রণ আইনও পাস হয়েছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণ করবে কারা? বেড়াই যদি ধান খায়, তাহলে ধান রক্ষা করবে কে?
বিরোধীদলীয় নেতা বলেন, সংসদের একজন জ্যেষ্ঠ সদস্য বলেছেন, আগে ফ্যাসিস্টরা মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত, এখন ক্ষমতাসীন দলের কিছু নেতা তা নিয়ন্ত্রণ করেন। আরেকজন জ্যেষ্ঠ সদস্য বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে। বিরোধী দল এসব কথা বললে সরকার বলবে, বিরোধিতার খাতিরেই কেবল বিরোধিতা করা হচ্ছে।
শফিকুর রহমান অভিযোগ করেন, গতকাল কুষ্টিয়ায় মাদক কারবারিদের ধরতে পুলিশ গেলে সরকারি দলের লোকজন পুলিশের ওপর হামলা করেছেন। সারা দেশেই এ ধরনের অসংখ্য ঘটনা ঘটছে।
আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা সরকারি দলের একজন সদস্য আক্ষেপ করে বলেছেন যে তাঁদের দলের লোকেরাই টাকা খেয়ে ফ্যাসিবাদকে পুনর্বাসন করছেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘আমি বলতে চাই, দোষারোপের রাজনীতি বাদ দিন।’
‘ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেওয়া যাবে না’
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, এই জাতিকে আর ফ্যাসিবাদের যন্ত্রণায় ফেলে দেওয়া ঠিক হবে না। কার দুর্বলতায় ফ্যাসিবাদীরা কতটা আশকারা পাচ্ছে, সেই বিচারের ভার জনগণের হাতেই ছেড়ে দিতে হবে। সংসদে ভবিষ্যতে যেসব বিষয়ে কথা বলা হবে, সেগুলোর ওপর সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে কি না, তা জাতি দেখতে চায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবির জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ৫২ বছরের রাজনৈতিক জীবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেই অতীতের তুলনায় ভালো—এমন কথাই শুনে আসছেন। এভাবে ভালো হতে হতে বাংলাদেশ এখনো আমেরিকা বা ইংল্যান্ড হতে পারেনি, বাংলাদেশ বাংলাদেশই রয়ে গেছে। তাঁরা বাংলাদেশই থাকতে চান, অন্য কোনো দেশের অধীনতা স্বীকার করতে চান না। কারও আধিপত্যবাদ বরদাশত করা হবে না। তাঁরা চান, বাংলাদেশ নিজের মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াক।
সীমান্তে হত্যাকাণ্ড ২২ জন থেকে ১২ জনে নামিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে শফিকুর রহমান বলেন, ‘তাঁর এই সফলতার জন্য আমি তিন তালি দিচ্ছি। আগামীতে উনি যতটা চাইবেন, ততটাই দেব, যদি এটি শূন্যের কোঠায় নেমে আসে।’
জামায়াতের আমির আরও বলেন, প্রতিটি জীবনই অত্যন্ত মূল্যবান। সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার শক্ত অবস্থান দেখতে চায় জাতি। সরকার বুক টান করে দাঁড়ালে জনগণ সব সময় তাদের পাশে থাকবে।