ঠিকাদারের ‘উপহার’ ঘুষ নয়—প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে টিআইবির ক্ষোভ, ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
· Prothom Alo

সরকারি কাজে ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ নেওয়াকে ঘুষ হিসেবে গণ্য করা যাবে না—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এ বক্তব্য প্রত্যাহার ও জড়িত ব্যক্তিদের জবাবদিহির দাবি জানিয়েছে।
তবে সোমবারের ওই বক্তব্যের জন্য আজ বুধবার সকালে গণমাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যাও দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
Visit moryak.biz for more information.
গত সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লাভের অংশ থেকে প্রকৌশলীকে দেওয়া ‘উপহার’ ঘুষ নয় এবং তা গ্রহণ করা যেতে পারে।
প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে টিআইবি আজ এক বিবৃতি দিয়েছে। সেখানে সরকারি দায়িত্ব পালনের জন্য উপহারের নামে ব্যক্তিগত সুবিধা নেওয়ার কথা বলে প্রতিমন্ত্রী কি পরোক্ষভাবে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার পাঁয়তারা করছেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব। এ কাজের জন্য তাঁরা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহার নামে অবৈধ অর্থ নেবেন কেন? প্রতিমন্ত্রীর বক্তব্য কি ঘুষকে বৈধতা দিচ্ছে, নাকি পরোক্ষভাবে ঘুষ নিতে উৎসাহিত করছে?
সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো যাঁদের দায়িত্ব, চাকরির শুরুতেই তাঁদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষের দাবিকে বৈধতা দেওয়াসহ দুর্নীতির বিস্তার ঘটাতে পারে।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এ ধরনের লেনদেন কাজ তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এতে অন্য ঠিকাদারদের সঙ্গে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে এবং ঠিকাদারদের সঙ্গে প্রকৌশলীদের যোগসাজশের মাধ্যমে দুর্নীতি আরও বাড়বে।
এ ছাড়া দণ্ডবিধির ১৬১ ও ১৬৫ ধারা, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এবং সরকারি ক্রয় বিধিমালা-২০২৫-এর প্রসঙ্গ টেনে টিআইবি জানায়, এসব বিধানের কোনোটিই দাপ্তরিক কাজের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অনুমতি দেয় না।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে একজন জ্যেষ্ঠ সচিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, প্রতিমন্ত্রীর বর্ণনা অনুযায়ী ওই জ্যেষ্ঠ সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তাঁর পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়েও গুরুতর প্রশ্ন ওঠে। এ ক্ষেত্রে প্রতিমন্ত্রী ও জ্যেষ্ঠ সচিবের যোগসাজশে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের চেষ্টা হচ্ছে কি না, সেই প্রশ্নের জবাব সরকারকে দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যা
টিআইবির বিবৃতির পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টির স্পষ্টীকরণ বা ব্যাখ্যা দেওয়া হয়।
মন্ত্রণালয় জানায়, সংবাদমাধ্যমে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যকে উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অসত্য ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে প্রতিমন্ত্রী তাঁর আনুষ্ঠানিক বক্তব্যে এলজিইডির নতুন নিয়োগ পাওয়া সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়নকাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের মান সম্পর্কে নিশ্চিত হয়ে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদ দিয়েছেন। কাজের গুণগত মান রক্ষা করে নিয়মতান্ত্রিক উপায়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার বিষয়টিকেই সেখানে উৎসাহিত করা হয়েছে। সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ও সরকারি ক্রয় আইন (পিপিএ) কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল বক্তব্যকে উহ্য রেখে একটি মহল প্রতিমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের অনানুষ্ঠানিক আলাপকালের কিছু বক্তব্য বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে তাঁকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছে। প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুষ লেনদেনের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা কেবল অনভিপ্রেত নয়; বরং এটি সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি একধরনের রাজনৈতিক অপপ্রচার। দায়িত্বশীল পদে থেকে কোনো প্রকার অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আজ সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত একটি কর্মশালায় গণমাধ্যমের সামনে তাঁর সোমবারের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন এবং তিনি সেসব অনানুষ্ঠানিক বক্তব্য প্রত্যাহার করেছেন।
এর আগে টিআইবি তাদের বিবৃতিতে প্রতিমন্ত্রীর বক্তব্যের পেছনে একজন জ্যেষ্ঠ সচিবের পরামর্শের কথা উল্লেখ করে ওই সচিবের জবাবদিহি দাবি করেছিল। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানিয়েছেন, তাঁর ওই অনানুষ্ঠানিক বক্তব্যগুলোর সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই।