কেন বন্ধুসভা করি? সম্পর্কের কাছে ফিরে আসার গল্প
· Prothom Alo

জীবনে অনেক মানুষ পেয়েছি, অনেক সম্পর্কের ভেতর দিয়ে গিয়েছি। কিন্তু একজন বিশ্বস্ত মানুষ, একটি নিরাপদ সম্পর্ক, কিছু নিঃস্বার্থ বন্ধুত্বের জন্য আমার অপেক্ষাটা ছিল দীর্ঘ। প্রথম আলো বন্ধুসভা আমাকে সেই অপেক্ষার একটি সুন্দর উত্তর দিয়েছে।
জীবনে খুব বেশি কিছু চাইনি। চেয়েছি এমন কিছু মানুষ, যাদের কাছে গেলে নিজেকে আড়াল করতে হবে না। যাদের সঙ্গে সম্পর্কের হিসাব মেলাতে হবে না। যাদের কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেলেও আমার অস্তিত্বের মূল্য ফুরিয়ে যাবে না।
Visit newsbetsport.bond for more information.
আমি বন্ধু খুঁজেছি। সত্যিকারের বন্ধু।
কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা বিষয় বারবার কষ্ট দিয়েছে, সম্পর্কের নাম থাকলেই সেখানে সম্পর্কের গভীরতা থাকে না। বন্ধুত্বের পরিচয় থাকলেই সেখানে বন্ধুত্বের সততা থাকে না। কখনো কখনো মানুষ আমাদের জীবনে আসে, আমাদের কাছ থেকে সময় নেয়, শ্রম নেয়, মেধা নেয়, সামর্থ্য অনুযায়ী অর্থনৈতিক সহযোগিতাও নেয়। আমরা আন্তরিকতা দিয়ে তাদের পাশে থাকি, তাদের প্রয়োজনে নিজেদের উজাড় করে দিই। মনে করি, এই দেওয়া-নেওয়ার বাইরেও নিশ্চয়ই একটা সম্পর্ক তৈরি হচ্ছে।
তারপর কোনো এক সময় প্রয়োজন ফুরিয়ে যায়। আর তখনই বোঝা যায়, সম্পর্কটিকে আমরা যতটা আপন ভেবেছিলাম, অন্য পক্ষের কাছে হয়তো তার অর্থ ততটা গভীর ছিল না।
কিছু ঘটনায় দেখেছি, আমার দেওয়া সময়ের মূল্য নেই, শ্রমের স্বীকৃতি নেই, আন্তরিকতার প্রতিদান হিসেবে সামান্য ধন্যবাদটুকুও নেই। অথচ আমি তো প্রতিদানের জন্য কাজ করিনি। আমি চেয়েছিলাম পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা আর সম্পর্কের ন্যূনতম যত্ন।
এই অভিজ্ঞতাগুলো আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। নিজেকে বহুবার প্রশ্ন করেছি, মানুষ এমন কেন? কেন আমরা সম্পর্কের নাম ব্যবহার করি, অথচ সম্পর্কের দায়িত্ব নিতে চাই না? কেন কারও কাছ থেকে সবটুকু গ্রহণ করতে পারি, অথচ তার প্রয়োজনের সময়ে একবার খোঁজ নেওয়ার কথাটুকুও মনে থাকে না?
দীর্ঘ জীবনে নানা মানুষের মধ্যে, নানা সংগঠনের অভিজ্ঞতায় এই প্রশ্নগুলো আমাকে তাড়া করেছে। কখনো কখনো মনে হয়েছে, বন্ধুত্ব বলে যে সম্পর্কটিকে এত সুন্দর ভেবেছি, তার আড়ালেও কত মুখোশ থাকতে পারে! মানুষের প্রতি আমার বিশ্বাসে চিড় ধরেছে। সম্পর্ক নিয়ে আমার সহজ, সরল ধারণাগুলো বদলে যেতে শুরু করেছে।
কিন্তু সবচেয়ে কঠিন উপলব্ধিটি এসেছিল এমন এক সময়ে, যখন আমার অন্য সবকিছুর চেয়ে বেশি প্রয়োজন ছিল মানুষের একটু আন্তরিকতা। যে সময়ে বুঝেছিলাম, একাকিত্ব কতটা গভীর হতে পারে।
তখন আমি গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি। আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত হয়েছি মাত্র এক-দুই দিন আগে। শারীরিকভাবে তখনো ভীষণ দুর্বল, মানসিকভাবেও বিধ্বস্ত।
জীবনের এমন কিছু মুহূর্ত আসে, যখন মানুষ বড় কোনো সাহায্য চায় না। চায় না কেউ তার জন্য পৃথিবী বদলে দিক। শুধু চায়, কেউ একবার জিজ্ঞেস করুক, কেমন আছ? কষ্ট হচ্ছে? তোমার কিছু প্রয়োজন?
সেই সময়ে যাদের খুব কাছের মানুষ বলে বিশ্বাস করতাম, যাদের জন্য নিজের সময়, শ্রম, মেধা ও সামর্থ্য দিয়ে কাজ করেছি, তাদের অনেকের কাছ থেকেই কোনো খোঁজ পেলাম না।
হাসপাতালের কেবিনে শুয়ে সেই অনুপস্থিতিগুলো খুব তীব্রভাবে অনুভব করেছিলাম। অসুস্থ শরীরের কষ্টের সঙ্গে মিশে গিয়েছিল সম্পর্ক নিয়ে জমে থাকা অভিমান। মনে হয়েছিল, যাদের আপন ভেবেছি, তাদের কাছে আমি আসলে কতটা আপন ছিলাম?
এমন মুহূর্তে মানুষের ভেতরে শুধু কষ্ট জন্মায় না, নিজের বিচারবোধ নিয়েও প্রশ্ন তৈরি হয়। এত দিন যাদের বিশ্বাস করেছি, তাদের কি ভুল চিনেছি? সম্পর্কের জন্য এতটা দেওয়া কি ভুল ছিল? মানুষকে আপন করে নেওয়ার আমার যে স্বভাব, সেটাই কি আমার দুর্বলতা?
আমি তখনো প্রথম আলো বন্ধুসভার সঙ্গে বিচ্ছিন্নভাবে যুক্ত ছিলাম। মানুষের পাশে দাঁড়াতে আমার ভালো লাগে। কারও প্রয়োজনে কিছু করতে পারলে নিজের জীবনকেও অর্থপূর্ণ মনে হয়। সেই ভালো লাগা থেকেই বন্ধুসভার কিছু কাজের সঙ্গে যুক্ত থাকা।
তখনো জানতাম না, এই বন্ধুসভাই একদিন আমার জীবনে সম্পর্কের অর্থ নতুন করে বুঝতে সাহায্য করবে।
একগুচ্ছ ফুল, একটি ফলের ঝুড়ি, আর ফিরে পাওয়া বিশ্বাস
একদিন তাহসিন আহমেদ আমাকে ফোন করে বলল সে প্রথম আলো বন্ধুসভা থেকে আমার সঙ্গে দেখা করতে আসতে চায়।
তাহসিন যখন এল, তার হাতে ছিল একগুচ্ছ সুন্দর ফুল আর একটি ফলের ঝুড়ি।
দেখতে খুব সাধারণ একটি ঘটনা। ফুল, ফলের ঝুড়ি, অসুস্থ একজন মানুষকে দেখতে আসা। পৃথিবীতে প্রতিদিন এমন কত ঘটনাই তো ঘটে!
কিন্তু সব উপহারের মূল্য কি তার দামের মধ্যে থাকে? সব সাক্ষাতের গুরুত্ব কি তার স্থায়িত্ব দিয়ে মাপা যায়?
আমার কাছে সেই মুহূর্তটির মূল্য ছিল অন্য জায়গায়। আমি অসুস্থ, কেউ সেটা মনে রেখেছে। আমার খোঁজ নেওয়ার প্রয়োজন অনুভব করেছে। আমার কাছে আসার জন্য সময় বের করেছে। বন্ধুসভার পক্ষ থেকে সেই প্রথম উপহার, সেই আন্তরিক উপস্থিতি আমাকে এমনভাবে ছুঁয়ে গিয়েছিল, যা হয়তো বাইরে থেকে বোঝানো কঠিন।
সে চলে যাওয়ার পর আমি ফুলগুলো স্পর্শ করেছিলাম। অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল। মনে হয়েছিল, এই ফুলগুলো যেন আমার খুব পরিচিত কোনো অনুভূতির ভাষা বলছে। এ তো সেই আমি যে ছোট ছোট বিষয় মনে রাখে, সম্পর্ককে যত্ন করতে ভালোবাসে, কাউকে ভালোবাসলে তার প্রতি আন্তরিকতা প্রকাশ করতে চায়। যে বিশ্বাস করে, সম্পর্ক মানে শুধু পাশাপাশি থাকা নয়; সম্পর্ক মানে একে অন্যকে মনে রাখা।
সেদিন ফুলগুলো আমার কাছে ছিল মনে রাখার একটি চিহ্ন, গুরুত্ব দেওয়ার একটি ভাষা, সম্মান জানানোর একটি ছোট অথচ গভীর প্রকাশ। বুঝেছিলাম, মানুষকে ভালোবাসার জন্য সব সময় বড় কিছু করতে হয় না। কখনো কখনো একটি ফোন, একটি সাক্ষাৎ, একগুচ্ছ ফুলই কাউকে জানিয়ে দিতে পারে, তুমি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
আমি সেই ফুলের মধ্যে কোনো বস্তুগত মূল্য দেখিনি। দেখেছিলাম আমার অসুস্থতার ভেতরেও আমাকে মনে রাখার সৌন্দর্য। দেখেছিলাম, সম্পর্কের যত্ন নেওয়ার একটি সংস্কৃতি।
আর আমার ভেতরে বন্ধুসভার সঙ্গে এক অদ্ভুত আত্মিক সংযোগ তৈরি হতে শুরু করেছিল।
‘বুশরা আপু, তুমি ঢাকা মহানগর বন্ধুসভায় কাজ করবে’
তখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি। হাসপাতালের কেবিনে আছি। এমন সময় উত্তম রায় ফোন করে বললেন, ‘বুশরা আপু, তুমি ঢাকা মহানগর বন্ধুসভায় কাজ করবে!’
কথাটা ছিল খুব স্বাভাবিক, খুব আন্তরিক। তারপর দুই-তিন দিন পর জাফর সাদিক ফোন করে বললেন, ‘বুশরা আপা, আমাদের সঙ্গে থাকেন।’
কেউ আমাকে এমনভাবে ডাকেননি যে আমার কাছ থেকে কী পাওয়া যাবে, কীভাবে আমাকে কাজে লাগানো যাবে। বরং তাঁদের কথায় আমি অনুভব করেছিলাম, তাঁরা আমাকে তাঁদের সঙ্গে চান।
এই চাওয়ার মধ্যে আমার কাছে একটা গভীর পার্থক্য ছিল।
আমাকে শুধু আমার কাজের জন্য নয়, একজন মানুষ হিসেবে তাঁদের পরিসরে জায়গা দেওয়া হচ্ছে, এমনই অনুভূতি হয়েছিল আমার।
আমি সারা জীবন যে বন্ধুত্ব খুঁজেছি, তার মধ্যে এই জায়গাটাই তো ছিল! এমন একটি জায়গা, যেখানে আমাকে বারবার নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করতে হবে না। যেখানে আমি কাজ করব, অবদান রাখব, আবার একই সঙ্গে সম্পর্কের আনন্দও অনুভব করব।
ধীরে ধীরে বন্ধুসভার বন্ধুদের কাছে চলে এলাম। তাঁরাও আমার কাছে এলেন। সম্পর্ক তৈরি হলো। পরিচয় গভীর হলো। একসঙ্গে কাজ করতে করতে আমি এমন এক ভালোবাসা ও সম্মানের অভিজ্ঞতা পেলাম, যা আমাকে নিজের পুরোনো বিশ্বাসগুলো নতুন করে দেখতে সাহায্য করল।
আমি যেন আবার জেগে উঠলাম।
বন্ধুত্বের সবচেয়ে সুন্দর দিক, এখানে নিরাপদ বোধ করি
একজন সিঙ্গেল নারী হিসেবে আমার জীবনে নিরাপত্তা, সম্মান ও ব্যক্তিগত সীমারেখার মূল্য অনেক। আমি চাই, যে জায়গায় যাব, সেখানে আমাকে নিজের মর্যাদা নিয়ে অস্বস্তিতে থাকতে হবে না। নিজের মতো করে কথা বলতে, কাজ করতে, প্রতিভা প্রকাশ করতে এবং নিজের অবস্থান নিয়ে স্বচ্ছন্দ থাকতে পারব। বন্ধুসভায় এসে আমি এই নিরাপদ বোধ করার অভিজ্ঞতা পেয়েছি।
এখানে আমার ভালো লাগার একটি বড় কারণ হলো, এমন একটি পরিসর পেয়েছি, যেখানে বন্ধুত্বের পাশাপাশি পারস্পরিক সম্মান, ব্যক্তিগত সীমারেখা এবং সুস্থ সম্পর্কের চর্চাকে গুরুত্ব দিতে দেখি। আমি নিজের মতো করে কাজ করতে পারি। আমার অভিজ্ঞতা ও প্রতিভা কাজে লাগাতে পারি। আবার অন্য বন্ধুদের প্রতিভা, উদ্যোগ ও সম্ভাবনাকেও সামনে এগিয়ে যেতে দেখি।
আমার কাছে সুস্থ বন্ধুত্ব মানে সারাক্ষণ একমত হওয়া নয়। প্রত্যেকের আলাদা মত থাকতে পারে, আলাদা ব্যক্তিত্ব থাকতে পারে; কিন্তু মতের পার্থক্য যেন অসম্মানের কারণ না হয়। ঘনিষ্ঠতা যেন কারও ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করার অনুমতি না হয়। কারও অবদান যেন তাকে ছোট করার অস্ত্র না হয়। সম্পর্কের ভেতরে এই সুস্থতাটুকু আমার কাছে খুব মূল্যবান।
বন্ধুসভার বন্ধুদের মানুষের জন্য কাজ করতে দেখি। নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে দেখি। অনেক সময় ব্যক্তিগত সুবিধা বা আর্থিক লাভের প্রত্যাশা ছাড়াই তাঁরা সময় দেন, শ্রম দেন, উদ্যোগ নেন। শুধু নিজেদের বন্ধুমহলের জন্য নয়, দেশের নানা প্রান্তের মানুষের জন্যও কিছু করার চেষ্টা করেন।
এই কাজগুলোর মধ্যে এমন এক মানবিকতার পরিচয় পাই, যা আমাকে আশাবাদী করে।
আমি জানি, কোনো সংগঠনই সব মানুষের কাছে সব সময় নিখুঁত হতে পারে না। বন্ধুসভাও নিশ্চয়ই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায়। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বন্ধুদের আন্তরিকতা, একসঙ্গে কাজ করার আগ্রহ এবং পরস্পরের প্রতি যত্ন আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।
এখানে আমি এমন একটি সম্ভাবনা দেখি, যেখানে মানুষ শুধু একটি সংগঠনের সদস্য হয় না; একে অন্যের জীবনের অর্থপূর্ণ অংশও হয়ে উঠতে পারে।
আমি অন্যের পাশে দাঁড়াই, কিন্তু আমারও তো কোথাও দাঁড়ানোর জায়গা প্রয়োজন।
পেশাগত জীবনে আমি মানুষের মানসিক কষ্ট, সম্পর্কের জটিলতা এবং জীবনের নানা সংকটের কথা শুনি। মানুষকে নিজের ভেতরের শক্তি খুঁজে পেতে সাহায্য করি। তাঁদের বোঝাতে চেষ্টা করি, কষ্টের অভিজ্ঞতা থাকলেও ভবিষ্যতের সব সম্পর্ক একই রকম হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এই উপলব্ধি শুধু অন্যদের জন্য নয়; নিজের জীবনেও প্রয়োজন আছে।
কেউ একবার বিশ্বাস ভেঙেছে বলে পৃথিবীর সব মানুষ অবিশ্বস্ত হয়ে যায় না। কিছু সম্পর্ক স্বার্থের কাছে হেরে যায় বলে সব সম্পর্ক স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে না। কিছু মানুষ আমাদের অবদান গ্রহণ করেও আমাদের মূল্য দিতে শেখেনি বলে আমাদের আন্তরিকতা মূল্যহীন হয়ে যায় না।
তবে এর অর্থ এই নয় যে বারবার কষ্ট পেলেও একইভাবে নিজেকে উজাড় করে যেতে হবে। সুস্থ সম্পর্কের জন্য ভালোবাসার পাশাপাশি সীমারেখাও প্রয়োজন। নিজের শ্রম, সময় ও সামর্থ্যের মূল্য বোঝাও প্রয়োজন। কাউকে সাহায্য করা আর নিজের অস্তিত্বকে অবহেলা করা এক বিষয় নয়।
বন্ধুসভার অভিজ্ঞতা আমাকে সম্পর্কের প্রতি নতুন করে আশাবাদী হতে সাহায্য করেছে। আমি আবার অনুভব করেছি, মানুষকে ভালোবাসার আমার স্বভাবটি কোনো ভুল নয়। মানুষের জন্য কাজ করতে ভালোবাসা আমার দুর্বলতা নয়। তবে সেই ভালোবাসার সঙ্গে আত্মসম্মান, পারস্পরিকতা ও সুস্থ সীমারেখা থাকাও জরুরি।
বন্ধুসভায় এসে আমি শুধু অন্যদের জন্য কাজ করার সুযোগ পাইনি; পেয়েছি এমন একটি পরিসর, যেখানে আমার নিজের ভালো থাকাটুকুও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।
ব্যস্ত জীবনের মধ্যে এক টুকরো শান্তি
আমার দিনগুলো ব্যস্ততায় ভরা। কাজ করতে করতে কখনো শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ি, কখনো মানসিকভাবেও অবসন্ন লাগে। কিন্তু বন্ধুসভার বন্ধুদের সঙ্গে দেখা হলে, কোনো আয়োজনের মধ্যে যুক্ত হলে, একসঙ্গে কাজ করলে আমার ভেতরে অন্য রকম প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
মাঝেমধ্যে তাঁদের ভালোবাসা দেখে চোখে অজান্তেই পানি চলে আসে। ভালোবাসা পাওয়ার অনুভূতিটা আমার কাছে শুধু আনন্দের নয়; এর সঙ্গে মিশে থাকে দীর্ঘদিনের অপেক্ষা, পুরোনো কষ্ট পেরিয়ে আসা, আর নতুন করে বিশ্বাস করতে পারার স্বস্তি।
কখনো কখনো আমার মন ভালো থাকে না। কিন্তু বন্ধুসভার বন্ধুরা পাশে এসে দাঁড়ান। কখনো তাঁদের উপস্থিতি, কখনো একটি ফোন, কখনো একটুখানি আন্তরিকতা আমার দিনটাকে বদলে দেয়।
আমি তখন ভাবি, মানুষ আসলে মানুষের কাছেই ফিরে আসে।
জীবনের সব সমস্যার সমাধান বন্ধুত্ব দিতে পারে না। বন্ধুরা সব সময় আমাদের সব কষ্ট দূর করতে পারবেন না। কিন্তু কিছু মানুষ পাশে থাকলে কষ্টের ভেতরেও নিজেকে একা মনে হয় না। জীবনের ভারটা একটু ভাগ করে নেওয়া যায়। আবার হাসতে ইচ্ছা করে, আবার নতুন কিছু করতে ইচ্ছা করে, আবার সামনে এগিয়ে যাওয়ার শক্তি পাওয়া যায়।
আমার কাছে বন্ধুসভা সেই শক্তির একটি উৎস। কর্মব্যস্ত জীবনের মধ্যে এটি আমার বিশ্রামের জায়গা, আমার আনন্দের জায়গা, আমার এক টুকরো শান্তি।
এখানে এসে আমি শুধু অন্যদের জন্য কাজ করি না; নিজের জন্যও কিছু আনন্দ জমা করি। এখানে আমার পেশাগত পরিচয়ের বাইরেও আমার একটি পরিচয় আছে।
আমি বুশরা, একজন বন্ধু। আমারও ভালোবাসা পাওয়ার অধিকার আছে, আমারও মন খারাপ হতে পারে, আমারও কখনো কারও আন্তরিক উপস্থিতির প্রয়োজন হতে পারে। এই অনুভূতিটুকু আমাকে ভীষণ স্বস্তি দেয়।
বন্ধুসভা আমার কাছে একটি বিশাল পৃথিবী
আমি জানি, বন্ধুসভার প্রত্যেক বন্ধু হয়তো আমার মতো করে এই সংগঠনকে অনুভব করেন না। প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা, প্রত্যেকের গল্প আলাদা। কিন্তু আমার নিজের গল্পে বন্ধুসভার জায়গাটি অনন্য।
একসময় সম্পর্কের অভিজ্ঞতা আমাকে প্রশ্ন করতে শিখিয়েছিল, মানুষ কেন এমন? কেন এতটা দিয়েও মানুষকে আপন করে পাওয়া যায় না?
আজ বন্ধুসভার অভিজ্ঞতা আমাকে আরেকটি প্রশ্নের সামনে দাঁড় করায়, মানুষের আন্তরিকতা যখন সত্যিই অনুভব করা যায়, তখন একটি সম্পর্ক কতটা সুন্দর হতে পারে?
আমি কোনো মানুষের কাছে নিখুঁত বন্ধুত্ব আশা করি না। শুধু চাই, সম্পর্কের মধ্যে সততা থাকুক, সম্মান থাকুক, পারস্পরিক যত্ন থাকুক। কেউ কারও পাশে দাঁড়ালে সেই অবদানকে ছোট করা না হোক। কেউ দুর্বল সময়ে থাকলে তাকে ভুলে যাওয়া না হোক। আর কাউকে আপন বলা হলে, সেই আপনত্বের মধ্যে যেন মানুষের মর্যাদাটুকু অক্ষুণ্ন থাকে।
বন্ধুসভায় আমি এই মূল্যবোধগুলোর চর্চা দেখতে পাই, অনুভব করি। সে কারণেই এর সঙ্গে আমার সংযোগ শুধু সাংগঠনিক দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমার ব্যক্তিগত জীবনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
কখনো কখনো বন্ধুসভার বন্ধুদের ভালোবাসা দেখে মনে হয়, এরা যেন আমার নিজের মানুষ। তাঁদের সঙ্গে আমার সম্পর্কের মধ্যে এমন এক আপন অনুভূতি তৈরি হয়েছে, যা ব্যাখ্যা করতে গেলে শব্দ কম পড়ে যায়।
আমি কৃতজ্ঞতা নিয়ে কথাগুলো বলি। জীবনের এক কঠিন সময়ে বুঝেছিলাম, সম্পর্কের অনুপস্থিতি কতটা কষ্ট দিতে পারে। আর জীবনের আরেক সময়ে এসে বুঝেছি, আন্তরিক সম্পর্কের উপস্থিতি কতটা শক্তি দিতে পারে।
আমি একজন সিঙ্গেল নারী। আমার জীবন, আমার কাজ, আমার দায়িত্ব—সবকিছুর ভেতর দিয়ে নিজের মতো করে পথ চলি। সেই পথ চলার মধ্যে বন্ধুসভা আমাকে এমন একটি জায়গা দিয়েছে, যেখানে নিরাপদ বোধ করি, সম্মান অনুভব করি, মানুষের সঙ্গে যুক্ত থাকার আনন্দ পাই।
এটি আমার কাছে কেবল একটি সংগঠন নয়, আমার একাকিত্বের বিপরীতে মানুষের কাছে ফিরে আসার একটি পথ। ক্লান্তির মধ্যে একটু নিশ্বাস নেওয়ার জায়গা। আবার নতুন করে ভালো থাকার সাহস পাওয়ার জায়গা।
আমি বন্ধুসভা করি। কারণ, এখানে এসে মনে হয়, পৃথিবীতে এখনো এমন সম্পর্ক সম্ভব, যেখানে মানুষ শুধু প্রয়োজনের জন্য নয়, মানুষ হিসেবেও গুরুত্বপূর্ণ। আমি বন্ধুসভা করি। কারণ, বিশ্বাস করতে চাই—সব সম্পর্কের পরিণতি এক নয়, সব মানুষের মুখোশ থাকে না, সব বন্ধুত্বের ভেতরে স্বার্থ লুকিয়ে থাকে না। আমি বন্ধুসভা করি। কারণ, এখানে শুধু অন্যদের জীবনে কিছু যোগ করতে চাই না; এই সম্পর্কগুলো আমার জীবনেও কিছু যোগ করে। আমাকে আনন্দ দেয়, সাহস দেয়, ভালোবাসা দেয়। আর সবচেয়ে বড় কথা, আমি বন্ধুসভা করি। কারণ, এ জায়গাটিতে এসে আমি আবার নিজের সেই মানুষটিকে খুঁজে পাই, যে এখনো বিশ্বাস করতে চায়, ভালোবাসতে চায়, মানুষের পাশে দাঁড়াতে চায়।