অন্যরা থেমে গেছেন, দৌড়াচ্ছেন শুধু মুশফিক

· Prothom Alo

কিছু মানুষের জীবনে বয়স শুধু ক্যালেন্ডারের হিসাব। কিছু মানুষের কাছে অর্জনও শেষ গন্তব্য নয়। বরং নতুন করে শুরু করার উপলক্ষ। মুশফিকুর রহিমকে দেখলে কথাগুলো মনে হয়।

Visit asg-reflektory.pl for more information.

ক্রিকেটের মাঠে তাঁর ছুটে চলা দেখলে মনে হয়, এই মানুষটির বুঝি কোথাও যাওয়ার তাড়া আছে। অথচ যাওয়ার চেয়ে থেকে যাওয়ার গল্পটাই তাঁর বেশি। কত সতীর্থ এলেন, কত সতীর্থ চলে গেলেন। কত পরিচিত মুখ হারিয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে। মুশফিক এখনো আছেন। ব্যাট হাতে, চোখে নতুন স্বপ্ন নিয়ে।

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে একটি সিঙ্গেল নিয়েই মুশফিক পৌঁছে গেছেন এমন এক উচ্চতায়, যেখানে বাংলাদেশের আর কেউ যেতে পারেননি। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন। যার হাতে সেই মুহূর্তের জন্ম হওয়ার কথা, তিনিই জন্ম দিলেন।

কিন্তু সাত হাজার রানই কি মুশফিকের সবচেয়ে বড় অর্জন? হয়তো নয়। এর চেয়েও বড় তাঁর এই পর্যন্ত পৌঁছানোর গল্প। ৩৯ বছর বয়সী মুশফিককে কাছ থেকে দেখেছেন, এমন মানুষদের কাছে তাঁর পরিশ্রমের গল্প অজানা নয়। দলের নির্ধারিত অনুশীলন তো আছেই, ছুটির দিনেও ব্যাট হাতে মাঠে চলে আসেন। কখনো ব্যাটিং নিয়ে আলাদা কাজ করেন। নিজের দুর্বলতা খুঁজে বের করে শুধরে নেওয়ার চেষ্টা করেন। কখনো দৌড়ান। যে দৌড় অনেক সতীর্থ আরও আগেই থামিয়ে দিয়েছেন। বয়স তাঁকে ছাড় দেয়নি। অর্জনও তাঁকে অলস করেনি।

অর্জন অলস করেনি মুশফিককে। পরিশ্রমে এখনো তিনি বাংলাদেশ দলে উদাহরণ

আন্তর্জাতিক ক্রিকেটে দুই দশকের বেশি সময় কাটিয়েও মুশফিকের এই তাগিদটাই বিস্ময়কর। যেন এখনো তাঁর অনেক কিছু শেখার বাকি, অনেক কিছু দেওয়ার বাকি। ক্রিকেটের প্রতি এমন ভালোবাসা খুব বেশি দেখা যায় না। ক্রিকেট আর পরিবার, এই দুইয়ের বাইরে তাঁর পৃথিবীতে আর কী আছে, সেটি বোধ হয় মুশফিকই ভালো বলতে পারবেন।

একসময় বাংলাদেশের ক্রিকেটে একসঙ্গে আলো ছড়িয়েছেন পাঁচজন। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুশফিক। বাংলাদেশের ক্রিকেটের সোনালি প্রজন্ম। একেকজন একেক রকম। কেউ আগুন, কেউ শিল্পী, কেউ লড়াকু। তাঁদের সম্মিলিত উপস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট পেয়েছিল অন্য রকম এক আত্মবিশ্বাস। সময় নিজের নিয়মেই হিসাব মিটিয়েছে। তামিম ও মাহমুদউল্লাহ অবসর নিয়েছেন। একজন এখন বিসিবি সভাপতি, আরেকজন কোচ। সাকিব দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। মাশরাফি তো আরও আগে থেকেই নেই। শুধু মুশফিক রয়ে গেছেন।

সাদা বলের ক্রিকেটকে বিদায় জানালেও টেস্টে এখনো দলের অন্যতম ভরসা তিনি। যেন একটি প্রজন্মের শেষ প্রতিনিধি। টেনে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের সেই সময়টাকে, যে সময়ের গল্পে জড়িয়ে আছে অনেক আবেগ, অনেক স্মৃতি।

২০০৫ লর্ডস টেস্টে অভিষেকের আগে মুশফিক

২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। বয়স তখন মাত্র ১৮। সেই শুরু। এখন পর্যন্ত ১০৭ টেস্টে সাত হাজারের বেশি রান। ১৪টি সেঞ্চুরি, ৩০টি ফিফটি। বাংলাদেশের হয়ে প্রথম পাঁচ হাজার, প্রথম ছয় হাজার, এখন প্রথম সাত হাজার টেস্ট রানও তাঁর। সঙ্গে টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি (২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, ২০০ রান), ২০২৫ সালের নভেম্বরে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি। একটা দেশের ক্রিকেট ইতিহাসে এমন অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে থাকা কি কম সৌভাগ্যের!

লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট

তবে মুশফিককে শুধু অতীতের পরিসংখ্যান দিয়ে বিচার করলে ভুল হবে। তাঁর বর্তমানও বেশ উজ্জ্বল। ২০২৫ সালে ছয় টেস্টে ৫০৩ রান করেছেন ৫৫.৮৮ গড়ে। ২০২৬ সালেও সাত টেস্টে তাঁর রান ৫৩০, গড় ৪৪-এর বেশি। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের ইনিংস। এরপর নিজের শততম টেস্টে সেঞ্চুরি। মাইলফলককে শুধু উদ্‌যাপনের উপলক্ষ না বানিয়ে ব্যাট হাতে স্মরণীয় করে রাখার কাজটাও করে যাচ্ছেন দারুণভাবে।

সিলেটেও তার ব্যতিক্রম হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে করেছেন ৩৪ রান। দ্বিতীয় ইনিংসে ৪৯। তাওহিদ হৃদয়ের সঙ্গে ১৩৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে টিকিয়ে রেখেছেন। যখন দলের প্রয়োজন অভিজ্ঞতার, তখনই সামনে এসে দাঁড়িয়েছেন মুশফিক। বয়সের ভার নয়, দায়িত্বের ভার কাঁধে তুলে নিয়েছেন।

অনুশীলনে এখনো ভীষণ সিরিয়াস মুশফিক

আসলে একজন ক্রিকেটারের সবচেয়ে বড় পরীক্ষা শুধু রান করা নয়। সময়ের সঙ্গে লড়াই করাও। নতুন প্রজন্মের আগমন, শরীরের ওপর চাপ, জায়গা হারানোর ভয়, প্রতিযোগিতা। সবকিছুর সঙ্গে প্রতিদিন লড়তে হয়। মুশফিক সেই লড়াইয়ে শুধু টিকে থাকেননি, নিজেকে বদলেছেনও। উইকেটকিপিং থেকে ব্যাটিং, দলের প্রয়োজনে দায়িত্ব নেওয়া, সবখানেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন।

সাত হাজার রান পূর্ণ হয়েছে। অভিনন্দন, করতালি, উদ্‌যাপন। কিন্তু মুশফিকের দিকে তাকালে মনে হয়, তাঁর কাছে এগুলোই শেষ কথা নয়। আরও কিছু রান, আরও কিছু ইনিংস, আরও কিছু দায়িত্ব যেন অপেক্ষা করছে। একসময় যাঁদের সঙ্গে শুরু করেছিলেন, তাঁদের অনেকেই এখন আর মাঠে নেই। সময় তাঁদের সরিয়ে দিয়েছে। মুশফিককে এখনো দেয়নি।

তাঁর দৌড় এখনো চলছে। হয়তো আরও অনেক দিন চলবে।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে লম্বা ক্যারিয়ার কার

Read full story at source