রাত সোয়া ১১টার ট্রেন ছাড়ল ১২টায়, পৌঁছেও প্রায় ২ ঘণ্টা দেরিতে
· Prothom Alo

রাত সোয়া ১১টায় ট্রেন ছাড়ার কথা। নির্ধারিত সময়ের আগেই ঢাকার কারওয়ান বাজার থেকে কমলাপুর রেলস্টেশনে পৌঁছান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ফিরোজ খান। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন ছাড়ার কোনো লক্ষণ ছিল না। তাঁর মতো অন্তত ৭০০ যাত্রী অপেক্ষায় ছিলেন ট্রেন ছাড়ার। তাঁদের অপেক্ষার অবসান হয় রাত ১২টায়। নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পর চট্টগ্রামের উদ্দেশে কমলাপুর স্টেশন ছাড়ে ট্রেনটি।
Visit palladian.co.za for more information.
ঘটনাটি গতকাল বুধবার ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেসের। কমলাপুর স্টেশন থেকে রাত সোয়া ১১টায় ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ছেড়েছে রাত ১২টায়। ট্রেন ছাড়তে দেরি হওয়ায় স্টেশনে অস্বস্তিকর সময় পার করেন যাত্রীরা। শুধু ছাড়তেই নয়, গন্তব্যে পৌঁছাতেও প্রায় ২ ঘণ্টা দেরি হয়েছে ট্রেনটির। চট্টগ্রাম স্টেশনে আজ বৃহস্পতিবার সকাল ৫টা ১০ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও সেটি পৌঁছায় সকাল ৭টায়। ট্রেনের দেরি নিয়ে এমন অভিযোগ করেছেন যাত্রীরা।
যাত্রীরা আরও অভিযোগ করেন, ট্রেন ছাড়তে দেরির কারণ জানিয়ে মুঠোফোনে কোনো খুদে বার্তা দেওয়া হয়নি। স্টেশনেও এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে ট্রেন কখন ছাড়বে, তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তাঁরা।
ফিরোজ খান বলেন, অফিসের কাজে চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়েছিলেন তিনি। কাজ শেষ করতে রাত ১০টা পেরিয়ে যায়। তখন দুশ্চিন্তায় ছিলেন, স্টেশনে গিয়ে ট্রেন ধরতে পারবেন কি না। তড়িঘড়ি করে কাজ শেষ করে নির্ধারিত সময়ের আগেই স্টেশনে পৌঁছান। কিন্তু ট্রেন ছাড়ে প্রায় পৌনে এক ঘণ্টা দেরিতে। আবার চট্টগ্রামেও নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই ঘণ্টা পরে পৌঁছেছে।
আরেক যাত্রী অভিযোগ করেন, তিনি তূর্ণার ‘ঙ’ বগিতে কেবিনের টিকিট নিয়ে ভ্রমণ করেছেন। এতে শীতাতপনিয়ন্ত্রিত কেবিনের বগিগুলো অপরিচ্ছন্ন ছিল। সেখানে ময়লা পড়ে থাকতে দেখা গেছে। আসনের চাদরও ঠিকভাবে পরিষ্কার করা হয়নি। টেবিল ছিল ভাঙা। মশার যন্ত্রণায় বসা যায়নি।
এ বিষয়ে রেলওয়ের ঢাকার বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে আসা মহানগর গোধূলী ফিরতি যাত্রায় তূর্ণা এক্সপ্রেস হয়ে চট্টগ্রামে যায়। বগি ও ইঞ্জিন একই থাকে। বুধবার মহানগর গোধূলী চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছাতে ১ ঘণ্টা ৫ মিনিট দেরি করে। এ ছাড়া টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত অন্য ট্রেনেরও চাপ ছিল। এসব কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস কমলাপুর স্টেশন ছাড়তে প্রায় ৪৫ মিনিট দেরি করে।