৫ বছর বয়সী শিশু গাড়িতে, তবু অভিবাসীকে লক্ষ্য করে আইসিই এজেন্টের গুলি
· Prothom Alo
নিউইয়র্কের ব্রঙ্কসে গতকাল বৃহস্পতিবার অভিযান চলাকালে ডমিনিকান বংশোদ্ভূত অভিবাসীকে গুলি করেছেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই যা আইস নামে পরিচিত) এজেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের পর নিউইয়র্ক নগরে এটি আইসিই এজেন্টদের প্রথম গুলির ঘটনা।
Visit likesport.biz for more information.
নিউইয়র্ক নগরের কর্মকর্তারা বৃহস্পতিবার গভীর রাতে জানান, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল ৪টার কিছুক্ষণ পর মার্বেল হিল এলাকায়। সেখানে আইসিইর এক এজেন্ট ওই অভিবাসীর গাড়ি লক্ষ্য করে গুলি চালান। এ সময় গাড়ির পেছনের আসনে পাঁচ বছর বয়সী একটি শিশু বসা ছিল।
আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র সিএনএনকে জানায়, ওই ডমিনিকান অভিবাসীর আঘাত গুরুতর নয়। তাঁর ঘাড় ঘেঁষে গুলিটি চলে যায়। পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেছে। সূত্রটি আরও জানায়, ওই পাঁচ বছরের শিশুটিরও কোনো ক্ষতি হয়নি।
নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের কাছে এই গুলির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শিশুটি শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষত রয়েছে।’
সংবাদ সম্মেলনে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কমিশনার জেসিকা টিশ বলেন, আহত ব্যক্তি হচ্ছেন ২৮ বছর বয়সী অস্কার বেলগাল। ধারণা করা হচ্ছে, পাঁচ বছর বয়সী শিশুটি তাঁর ছেলে। শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সে বর্তমানে পরিবারের সদস্যদের হেফাজতে রয়েছে।
জোহরান মামদানি বলেন, ওই অভিবাসীর মুক্তির বিষয়ে তিনি ট্রাম্প ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) প্রধান মার্কওয়েইন মুলিনের সঙ্গে কথা বলেছেন। তবে ‘সেই আলোচনা সফল হয়নি’। ঘটনার শিকার অভিবাসী ব্যক্তিকে এনওয়াইপিডি থেকে আইসিইর হেফাজতে নেওয়া হয়েছে।
আটকের পর ওই ব্যক্তির দিকে গুলি তাক করে দাঁড়িয়ে আছেন এক আইসিই এজেন্ট। ৮ অক্টোবর ২০২৬, নিউইয়র্কমামদানি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর কাছে আমাদের এই দাবি স্পষ্ট করেছি, আইসিই এজেন্টরা ঘটনাস্থল থেকে পুরোপুরি চলে যাক। পাশাপাশি নিউইয়র্ক নগরে আইসিইর অভিযান বন্ধ করা হোক। পদক্ষেপগুলো শহরকে আরও অনিরাপদ করে তুলছে এবং মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করছে।’
সিএনএন এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস এবং ডিএইচএসের সঙ্গে যোগাযোগ করেছে।
২৮ বছর বয়সী এই ব্যক্তিকে কেন গুলি করা হয়েছে, সে ব্যাপারে ফেডারেল কর্তৃপক্ষ এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।
দুটি সূত্র জানায়, আইসিই নেতৃত্ব এজেন্টদের প্রতিদিন আরও এক হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার বৃদ্ধির নির্দেশ দেওয়ার পর এই গুলির ঘটনাটি ঘটল। কে বা কাদের লক্ষ্য করা হচ্ছে, তা নিয়ে কিছু রিপাবলিকান নেতার মনে অস্বস্তি থাকা সত্ত্বেও অভিবাসন নিয়ে করা প্রতিশ্রুতি বাস্তবায়নে ট্রাম্প প্রশাসন জোর গতিতে এগোচ্ছে।
ডিএইচএস জানিয়েছে, ওই ব্যক্তির ‘ট্রিনিতারিওস’ অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে। আগে তাঁর বিরুদ্ধে বড় ধরনের চুরি বা আত্মসাতের অপরাধে সাজা খাটাসহ হামলা, ডাকাতি, মাদক বহন এবং অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হওয়ার রেকর্ড রয়েছে।
টিশ জানান, নিউইয়র্ক নগরে বেলগালের আগে আরও দুবার গ্রেপ্তার হওয়ার রেকর্ড ছিল। এর মধ্যে ২০২৩ সালে ডাকাতির অপরাধে গ্রেপ্তার হওয়ার পর তিনি চতুর্থ মাত্রার আত্মসাৎ ও চুরির দোষ স্বীকার করে পাঁচ বছরের প্রবেশনে ছিল। ২০২৫ সালে মাদক বিক্রির অভিযোগের একটি মামলা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএইচএস জানায়, ওই ডমিনিকান অভিবাসীকে গুলি করার পর এজেন্টরা তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্রের মতে, ঘটনার সময় দুজন এজেন্টও আহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। একজন ফেডারেল কর্মকর্তার মতে, ওই এজেন্টদের একজন হয়তো গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। গ্রেপ্তারচেষ্টার সময় দুর্ঘটনাটি ঘটেছিল নাকি পরবর্তী প্রতিক্রিয়ার অংশ ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার মেয়র জোহরান মামদানি বলেন, আইসিই এজেন্টরা অভিবাসী ব্যক্তির গাড়ি ঘিরে ফেলেছিল। সাংবাদিকদের তিনি বলেন, তাঁরা কনস্ট্রাকশন ভেস্ট (নির্মাণশ্রমিকদের পোশাক) এবং মুখ ঢেকে রাখতে মাস্ক পরা ছিল। তারা যে আইসিই এজেন্ট, তা চেনার কোনো যুক্তিসংগত উপায় ছিল না।
ঘটনার এনওয়াইপিডি ক্যামেরা ভিডিওর বরাত দিয়ে টিশ জানান, ওই ব্যক্তি গাড়ি পিছিয়ে পার্কিংয়ের জায়গায় নিচ্ছিল। এমন সময় সাদাপোশাকে থাকা একজন ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা হাতে বন্দুক নিয়ে চালকের জানালার দিকে এগিয়ে যান। সাধারণ পোশাকে থাকা আরেকজন কর্মকর্তাও চালকের দিকের হেডলাইটের কাছ দিয়ে গাড়ির দিকে এগিয়ে যান। এর পরপরই গাড়িটি সামনের দিকে এগোতে থাকে এবং ক্যামেরার ভিজ্যুয়াল সীমার বাইরে চলে যায়। এ কারণে গুলি চালানোর দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়েনি।
ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে আইসিইর গুলির ঘটনায় প্রতিবাদ জানান নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি। ৮ অক্টোবর ২০২৬, মার্বেল হিলএনওয়াইপিডি কমিশনার টিশ বলেন, ‘ঘটনাস্থল থেকে সংগৃহীত প্রমাণের ভিত্তিতে আমরা জানতে পেরেছি, অন্তত একজন আইসিই এজেন্ট ৭ রাউন্ড গুলি ছুড়েছেন, যা চালকের বাঁ কানের নিচে ঘাড় ঘেঁষে চলে যায়। এতে তিনি ঘাড়ে হালকা আঘাত পেয়েছেন।’
টিশ বলেন, এনওয়াইপিডি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নির্মাণশ্রমিকদের মতো পোশাক, মুখে মাস্ক পরা কয়েকজন লোককে দেখতে পান। তাঁদের অন্তত একজনের হাতে বন্দুক ছিল। আহত ব্যক্তিটি হাতকড়া পরা অবস্থায় মাটিতে বসে ছিল। আহত ব্যক্তিকে এনওয়াইপিডির গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত কর্মকর্তা বা এজেন্টরা বডি ক্যামেরা পরা ছিলেন কি না, তা ডিএইচএসের কাছে জানতে চেয়েছিল সিএনএন। সংস্থাটি সিএনএনকে তাদের মূল বক্তব্যের দিকে নির্দেশ করে, যেখানে বডি ক্যামেরার কোনো উল্লেখ ছিল না।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে বলেছেন, তারা উজ্জ্বল হলুদ রঙের নির্মাণশ্রমিকদের ভেস্ট পরা এক ব্যক্তিকে বন্দুক হাতে দেখেছেন। তাঁরা পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ এবং মানুষের চিৎকার শুনেছেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল বৃহস্পতিবার জানান, তিনিও ঘটনাটি নিয়ে ট্রাম্প ও মুলিনের সঙ্গে কথা বলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হোকুল লিখেছেন, ‘আমি নিউইয়র্কবাসীদের পক্ষে ক্ষোভ প্রকাশ করেছি এবং নিউইয়র্কে আইসিইর অভিযান স্থগিত করার জোর দাবি জানিয়েছি।’
হোকুল আরও লিখেছেন, ‘আমি দাবি করেছি, গুলির ঘটনার কোনো বডি ক্যামেরা ফুটেজ থাকলে তা যেন সাধারণ মানুষের জন্য প্রকাশ করা হয়। এতে আমরা সত্য উন্মোচন ও সঠিক ঘটনাটি জানতে পারব।’