এনএসইউতে ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্টের বিশেষ বক্তৃতা

· Prothom Alo

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সমসাময়িক বিশ্বরাজনীতি, বৈশ্বিক ক্ষমতার পরিবর্তন এবং আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তন নিয়ে বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স রুমে ‘জিও-স্ট্র্যাটেজিক অ্যাসপেক্টস অব গ্লোবাল পলিটিকস’ শীর্ষক এ বিশেষ বক্তৃতায় বিশ্বের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা ছিলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট (২০০৪–২০১২), সাবেক প্রতিরক্ষামন্ত্রী (২০০৩–২০০৪) এবং ডেমোক্রেটিক পার্টির সাবেক নেতা বরিস তাদিচ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসবিই) ডিন অধ্যাপক এ কে এম আতিকুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের (এসইপিএস) ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের (এসএইচএলএস) ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র।

Visit mwafrika.life for more information.

বক্তব্যের শুরুতে বরিস তাদিচ প্রাথমিক জীবনে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও কীভাবে প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়েছিলেন, সে অভিজ্ঞতা তুলে ধরেন। পরে সমসাময়িক বিশ্বরাজনীতিকে প্রভাবিত করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বিশ্বের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এবং বড় দেশগুলোর কৌশলগত স্বার্থ নিয়ে কথা বলেন তিনি। ইউরোপীয় রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ে নিজের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ইউরোপের বর্তমান ভূরাজনৈতিক চ্যালেঞ্জ এবং পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থার বিস্তৃত প্রভাব তুলে ধরেন। আলোচনায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্কের গুরুত্বও উঠে আসে। সার্বিয়া ও ইউরোপের ভূরাজনৈতিক পরিস্থিতি বুঝতে এসব শক্তিশালী দেশের কৌশলগত স্বার্থ ও পারস্পরিক সম্পর্ক বোঝার ওপর গুরুত্ব দেন বরিস তাদিচ। তিনি সার্বিয়ার পররাষ্ট্রনীতিতে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে এসব শক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

বরিস তাদিচ ইউরোপের নিরাপত্তা ও সংঘাত প্রতিরোধের গুরুত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাত এবং পরস্পরের সঙ্গে যুক্ত ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। সংঘাত বড় আকার নেওয়ার আগেই তা প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়ার কথাও তিনি তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে এনএসইউর সহ–উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ বরিস তাদিচের নর্থ সাউথ ইউনিভার্সিটি সফর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এ ধরনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা আমাদের বৈশ্বিক নেতাদের কাছ থেকে শেখার এবং সমসাময়িক ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ তৈরি করে।’

Read full story at source