নেত্রকোনায় কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি–সোয়েটার লুট, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
· Prothom Alo

নেত্রকোনার পূর্বধলায় কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, টাকা না পেয়ে চালক ও সহকারীকে মারধর করে সোয়েটার লুটের অভিযোগে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম সালমান রহমান। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল।
Visit somethingsdifferent.biz for more information.
আজ মঙ্গলবার সকালে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় রাধাগোবিন্দ মন্দিরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার রাতে সালমান রহমানকে বহিষ্কার করে নেত্রকোনা জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে সালমান রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় আকন্দ ফ্যাশন সোয়েটারের পরিচালক হারুন রশিদ বাদী হয়ে গত রোববার রাতে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় সালমান রহমান ও তাঁর সহযোগী মোরাদ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে দুর্গাপুর উপজেলার কেট্টা বাজারের আকন্দ ফ্যাশন সোয়েটার কারখানা থেকে ৭১ বস্তায় ৫ হাজার ২২৮টি সোয়েটার নিয়ে একটি কাভার্ড ভ্যান গাজীপুরের ভবানীপুর বাজারে মোহাম্মাদী সোয়েটার লিমিটেডের উদ্দেশে যাচ্ছিল। পথে মাঝিপাড়া এলাকায় সালমান রহমানের নেতৃত্বে কয়েকজন গাড়িটির পথরোধ করে চাবি নিয়ে নেন।
এ সময় সালমানসহ অন্যরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গাড়িতে অবৈধ মালামাল ও মাদক রয়েছে বলে চালক মো. শরিফ ও তাঁর সহকারী মো. শাহাজাহান আলীকে ভয় দেখান। একপর্যায়ে চালককে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চালক গাড়িতে সোয়েটার থাকার কথা জানালে তাঁকে ও তাঁর সহকারীকে হত্যার হুমকি দিয়ে গাড়িটি উপজেলার শ্যামগঞ্জ বাজারের অ্যাম্বিশন মডেল কলেজের সামনে নিয়ে যাওয়া হয়।
পরে কারখানার মালিকের স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সেখানে গিয়ে গাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে চাঁদার টাকা না পেয়ে সালমান ও তাঁর সহযোগীরা গাড়ি থেকে ১১ বস্তায় থাকা ৭৭৩টি সোয়েটার নিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এসব সোয়েটারের মূল্য ৬৮ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার একপর্যায়ে সালমান নিজেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। তাঁর ভাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করে পুলিশ প্রশাসন তাঁদের কিছু করতে পারবে না বলেও হুমকি দেন। পরে বিষয়টি পুলিশ ও দলীয় নেতাদের জানানো হলে জেলা নেতাদের মধ্যস্থতায় নেওয়া ৭৭৩টি সোয়েটারের মধ্যে ৭৬৬টি ফেরত দেওয়া হয়। রাত চারটার দিকে চালক ও তাঁর সহকারীকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় আকন্দ ফ্যাশন সোয়েটারের পরিচালক হারুন রশিদ বাদী হয়ে গত রোববার রাতে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় সালমান রহমান ও তাঁর সহযোগী মোরাদ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
পূর্বধলা থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।