বৈজ্ঞানিক গবেষণাও করবে ক্লড এআই মডেল

· Prothom Alo

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণার কাজ আরও দ্রুত করার উদ্যোগ নিয়েছে অ্যানথ্রপিক। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় গোপনে নিজস্ব বায়োলজ্যিকাল ল্যাব বা গবেষণাগার তৈরি করছে প্রতিষ্ঠানটি। নতুন এ গবেষণাগারে এরই মধ্যে নিজেদের তৈরি ক্লড এআই মডেলকে জীববিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার প্রশিক্ষণ দিচ্ছে অ্যানথ্রপিক। নতুন এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণার কিছু অংশ এআই মডেলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করার সম্ভাবনা খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি।

গবেষণাগারে ক্লড এআই মূলত পরীক্ষার নকশা উন্নয়নে সাহায্য করবে। এরপর রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্র সে পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা করবে। পরীক্ষার ফলাফল আবার পরবর্তী গবেষণার পরিকল্পনা ও নকশা উন্নয়নে ব্যবহার করা হবে। এভাবে গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার পুরো প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করা হবে। অ্যানথ্রপিকের লাইফ সায়েন্সেস বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস জানিয়েছেন, প্রতিষ্ঠানটির একটি ‘ওয়েট ল্যাব’ রয়েছে। সেখানে ইতিমধ্যে কিছু পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। জীববিজ্ঞান গবেষণার জন্য বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করছে অ্যানথ্রপিক। তবে এ গবেষণাগার ওষুধ আবিষ্কারের উদ্দেশ্যে তৈরি করা হয়নি।

Visit afrikasportnews.co.za for more information.

ক্লড এআই মডেল মানুষের সরাসরি অংশগ্রহণ ছাড়াই গবেষণাগারে পরীক্ষা চালাবে, এমন দাবি করেনি অ্যানথ্রপিক। জীববিজ্ঞান গবেষণার সঙ্গে নিরাপত্তার বিষয়টি জড়িত থাকায় মানুষের তত্ত্বাবধান এখনো অপরিহার্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ গবেষণার বিভিন্ন ধাপে এআই ও রোবোটিক ব্যবস্থা যুক্ত হলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে মানুষের নিয়ন্ত্রণ থাকবে।

জীববিজ্ঞান গবেষণায় এআই ব্যবহারের পরিকল্পনা অ্যানথ্রপিকের জন্য অবশ্য নতুন নয়। এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, রোগবিষয়ক গবেষণার গতি বাড়াতে এআই ব্যবহার করতে চায় তারা। বিশেষ করে বিরল রোগের মতো যেসব ক্ষেত্রে গবেষণায় দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন হয়, সেসব ক্ষেত্রে কাজ করার আগ্রহের কথা জানিয়েছিল অ্যানথ্রপিক। তবে বর্তমানে গবেষণাগারটিতে ঠিক কোন কোন বিষয়ে গবেষণা চলছে, তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

সূত্র: ইন্ডিয়া টুডে

Read full story at source