সিটিটিসির মাধ্যমে গুম-খুনের মামলায় অভিযোগ দাখিল, সাবেক এডিসি ইশতিয়াকসহ আসামি পাঁচ
· Prothom Alo

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) মাধ্যমে গুম ও খুনের অভিযোগের একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এতে আসামি করা হয়েছে সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদসহ পাঁচজনকে। ইশতিয়াক কারাগারে আছেন।
Visit h-doctor.club for more information.
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ আছে। তিনি মাওলানা আল আমিন নামের একজনকে তুলে নিয়ে গিয়েছিলেন। তাঁকে অপহরণ করার পর দীর্ঘদিন রাখা হয়। পরবর্তী সময়ে আল আমিনকে হত্যা করা হয়।
এ ঘটনায় তদন্ত সংস্থা প্রতিবেদন দিয়েছে।
পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, ‘সিটিটিসি নামে সরকারের একটা সংস্থা আছে। তারা ধর্মীয় মনোভাবাপন্ন যুবকদের সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে, অথবা বিভিন্ন সময়ে সরকারের সমালোচনা করার কারণে গুম করত। গুম করে বিভিন্ন আয়নাঘরে আটক রাখত। আটক রাখার পর যখন সরকারি সিদ্ধান্ত আসত, তখন একটি নির্দিষ্ট জায়গাতে তাঁদের রেখে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হতো।’
গাজী মোনাওয়ার আরও বলেন, কিছু ক্ষেত্রে লাশ গুম করে ফেলা হতো। কাউকে কাউকে মিথ্যা মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হতো। এ রকম একটি অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।