জিন্নাহর ছবি ছেঁড়ার ঘটনাকে ‘মব’ উল্লেখ করে বিচার দাবি করলেন ডাকসু নেতারা

· Prothom Alo

ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা এবং সেখানে গোলাম আযমকে জুতাপেটার ছবি লাগানোকে ‘মব’ হিসেবে উল্লেখ করে এতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন ডাকসুর নেতারা।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর কার্যালয়ে যান ডাকসুর নেতারা। উপাচার্য চীন সফরের উদ্দেশ্যে রওনা দেওয়ায় তাঁকে না পেয়ে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর কাছে এ দাবি জানিয়েছেন তাঁরা।

Visit rouesnews.click for more information.

সাক্ষাৎ শেষে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রশাসনের কাছে জানতে চেয়েছি, যারা ডাকসু সংগ্রহশালায় হামলা করে ঐতিহাসিক সম্পদ ও ছবি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? একই সাথে ডাকসু সংগ্রহশালা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য, শাহবাগ থানায় সাংবাদিক ও ডাকসু প্রতিনিধিদের ওপর হামলা, ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীকে প্রভোস্ট কর্তৃক নির্যাতন, ডাকসু নির্বাচন নিয়ে আমাদের অবস্থান জানিয়েছি।’

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখা নিয়ে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতা ফরহাদ বলেন, ‘ডাকসু সংগ্রহশালা উদ্বোধনের আগে উপাচার্য দুবার সেটি পরিদর্শন করেছেন এবং তিনি ডাকসুর সভাপতি হিসেবে সেখানে কী কাজ হচ্ছে, কী ছবি লাগানো হচ্ছে, এসব জানার সুযোগও তাঁর ছিল। যদি প্রশাসন মনে করে, ওই ছবি সরানো প্রয়োজন, তাহলে তারা আমাদের সেটা স্পষ্টভাবে বলুক। কিন্তু এ বিষয়ে তারা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া দেয়নি।’

ডাকসু সংগ্রহশালা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্যের বিষয়ে এস এম ফরহাদ বলেন, ‘জিন্নাহর বাংলা ভাষাবিরোধী বক্তব্যের ঐতিহাসিক প্রসঙ্গ উল্লেখ করে আমরা ছবি ও বক্তব্য প্রকাশ করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। আমরা প্রশ্ন করেছি, জিন্নাহর বাংলা ভাষাবিরোধী বক্তব্য তো বাংলাদেশের বিভিন্ন পাঠ্যবই ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে উল্লেখ আছে। তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি শিক্ষা মন্ত্রণালয় কিংবা এসব বই প্রণয়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে?’

ফরহাদ বলেন, ‘যারা ডাকসু সংগ্রহশালায় হামলা করে ঐতিহাসিক সম্পদ ও ছবি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়েও আমরা কথা বলেছি।’

প্রসঙ্গত ডাকসু সংগ্রহশালা গত রোববার উদ্বোধন করার পর সেখানে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার ঐতিহাসিক কোনো ছবি দেখা যায়নি। দেখা যায়, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করা হয়েছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সংগ্রহশালায় গিয়ে জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে ফেলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা জিন্নাহর ছবির স্থানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে ১৯৮১ সালে বায়তুল মোকাররমের সামনে জুতাপেটার একটি ছবি টাঙিয়ে দেন। এসব ঘটনাকে ‘মব’ হিসেবে আখ্যায়িত করেছেন ডাকসুর নেতারা।

এ ছাড়া ফজলুল হক মুসলিম হলের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীকে কেন উল্টো শোকজ করা হয়েছে এবং তাঁর সঙ্গে থাকা ডাকসু প্রতিনিধিদেরও কেন শোকজ করা হয়েছে, তা–ও জানতে চেয়েছেন বলে উল্লেখ করেন ডাকসুর সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়েও আমরা স্পষ্ট অবস্থান জানিয়েছি। সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণা না হলে তিন মাস মেয়াদ বাড়ার সুযোগ থাকলেও আমরা সে মেয়াদ বাড়াতে চাই না। আমরা দ্রুত নির্বাচনের তফসিল চাই।’

বৈঠকের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রথম আলোকে বলেন, ‘ডাকসুর নেতারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজকে এসেছিল। আমরা তাদের জানিয়েছি, ফজলুল হক মুসলিম হলের ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী সিন্ডিকেটে উপস্থাপন করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডাকসুতে জিন্নাহর ছবি টাঙানোর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এ ছাড়া ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসন কার্যক্রম শুরু করেছে জানিয়ে অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ছাত্রসংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটিও তদন্তাধীন। প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও জানান তিনি।

Read full story at source