ইউপি নির্বাচনের ঘোষিত সূচি ‘একেবারেই প্রাথমিক’: ইসি সচিব

· Prothom Alo

সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের যে সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে, তা একেবারেই প্রাথমিক সময়সূচি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ১৭ সেপ্টেম্বর অংশীজনদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

Visit freshyourfeel.org for more information.

আজ মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান আখতার আহমেদ।

এর আগে গতকাল সোমবার সাত দফায় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। আজ সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, তাঁরা পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনগুলোতে দেখেছেন, নির্বাচন কমিশন কয়েক ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এ ব্যাপারে সরকার কিছু জানে না এবং সরকারের সঙ্গে ইসির কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এ বক্তব্যের কিছু সময় পর নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করেন ইসি সচিব আখতার আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, গতকালই এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। সাংবাদিকদের কৌতূহলের কারণে তিনি বিষয়টি স্পস্ট করছেন।

ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে, এটি নিশ্চিত। তবে নির্বাচন কবে এবং কী পদ্ধতিতে বা কোন পর্যায়ে হবে, তা নিয়ে কমিশনে দুই দিন ধরে প্রাক্‌-প্রস্তুতিমূলক আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল একটি টেন্টেটিভ (প্রাথমিক) সময়সূচি করা হয়েছে। সেখানে পাঁচটি ধাপে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে। পাশাপাশি দুটি ধাপ রিজার্ভ রাখা হয়েছে। তবে এটি একেবারেই প্রাথমিক সময়সূচি। ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকের পর স্থানীয় নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের বিষয়ে কোনো পাল্টা মন্তব্য করতে রাজি হননি ইসি সচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘উনি যেটা বলেছেন, সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না। নো কমেন্টস ফ্রম মাই সাইড।’

মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর প্রয়োজনীয় ইনপুট পাওয়ার ভিত্তিতে কমিশনই এ বিষয়ে বিস্তারিত জানাবে।

সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আলোচনা তো একটা চলমান প্রক্রিয়া। কার সঙ্গে কখন, কীভাবে আলোচনা হয়েছে, এ বিষয়ে এ মুহূর্তে বাড়তি কোনো মন্তব্য করতে তিনি রাজি নন।

Read full story at source