ইনমার ‘থার্টি আন্ডার থার্টি’ পুরস্কার পেলেন প্রথম আলোর তাহমীদ
· Prothom Alo

সংবাদমাধ্যমের বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) ‘থার্টি আন্ডার থার্টি’ পুরস্কার পেয়েছেন প্রথম আলোর অ্যাডভারটাইজিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ তাহমীদ জারিফ। গত শুক্রবার ইনমার ওয়েবসাইটে চলতি বছরের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সংবাদমাধ্যমে কর্মরত ৩০ বছরের কম বয়সীদের স্বীকৃতি দিতে ইনমা তাদের ‘ইয়ং প্রফেশনালস ইনিশিয়েটিভ’-এর আওতায় এ পুরস্কার দিয়ে থাকে। এ বছর বাংলাদেশ থেকে একমাত্র বিজয়ী হিসেবে তাহমীদ এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। ইনমা জানিয়েছে, এ বছর পুরস্কারের জন্য ১৮০টি আবেদন জমা পড়েছিল। বিচারকেরা মূলত সংবাদমাধ্যমশিল্পকে নতুন রূপ দেওয়ার সক্ষমতা, প্রমাণিত দক্ষতা ও অর্জন এবং দারুণ নেতৃত্বের গুণাবলি বিবেচনা করে বিজয়ীদের নির্বাচন করেছেন।
Visit sportbet.rodeo for more information.
তাহমীদ জারিফ ব্যবসায় প্রশাসনে (বিবিএ) মার্কেটিং নিয়ে পড়াশোনা শেষ করে কর্মজীবন শুরু করেন। ২০২৪ সালে তিনি জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে প্রথম আলোয় যোগ দেন। পরে মাত্র ১৮ মাসের মধ্যে নিজের কৌশলগত দক্ষতা ও ব্যবসায়িক নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করার দক্ষতার মাধ্যমে তিনি বিজনেস ডেভেলপমেন্ট ও অ্যাডভারটাইজিং বিভাগে এক্সিকিউটিভ পদে উন্নীত হন।
সংবাদমাধ্যমের প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে নতুন খাত উদ্ভাবনে বিশেষ পরিচয় দিয়েছেন তাহমিদ। উপাত্তভিত্তিক বিশ্লেষণ ও বিষয়ভিত্তিক পণ্য উদ্ভাবনের মাধ্যমে সংবাদমাধ্যমে টেকসই বাণিজ্য ও ব্যবসায়িক প্রবৃদ্ধি তৈরিতে তাহমীদনিজেকে উদীয়মান বাণিজ্যিক উদ্ভাবক হিসেবে প্রতিষ্ঠা করেছেন।
পুরস্কারপ্রাপ্তদের বিষয়ে ইনমার নির্বাহী পরিচালক ও সিইও আর্ল জে উইলকিনসন বলেন, এই ‘থার্টি আন্ডার থার্টি’ বিজয়ীরা দেখিয়ে দিচ্ছেন, সংবাদমাধ্যমশিল্প কোন দিকে এগোচ্ছে। তাঁরা দারুণ সাংবাদিকতার পাশাপাশি ডেটা, প্রোডাক্ট ও পাঠককেন্দ্রিক চিন্তাধারার দিকে এগিয়ে যাচ্ছেন। এই তরুণ পেশাজীবীরা ব্যবসার ধরন বদলাতে কারও অনুমতির অপেক্ষা করছেন না। ইনমা তাঁদের স্পটলাইটে আনতে পেরে গর্বিত।