চন্দনাইশে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত
· Prothom Alo

চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী এসি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই সিএনজিযাত্রী নিহত, চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
Visit palladian.co.za for more information.
নিহত ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার তোফায়েল মো. মোরসালিন (২২) ও চন্দনাইশের আবদুর গফুর (৫৫)। আহত ব্যক্তিরা হলেন সানজিদা আক্তার সুমাইয়া (২১), আরিফ (৪০) ও সিএনজিচালক সাইমুন হোসেন (২০)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ শাহ সুফি মাজার গেটের বটতল এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, আজ বিকেল চারটার দিকে কক্সবাজারমুখী ‘তিশা প্লাটিনা’ নামের এসি বাসের সঙ্গে পটিয়ামুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ পাঁচ সিএনজি যাত্রী গুরুতর আহত হন।
দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মোরসালিনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আবদুর গফুর নামের অপর একজন মারা যান। বর্তমানে আহত বাকি তিনজনকে চমেকে পাঠানো হয়েছে।