বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, অনেকে হতাহত
· Prothom Alo

বলিভিয়ার ভিয়াচা পৌর এলাকার একটি সামরিক ব্যারাকে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ভিয়াচা।
Visit h-doctor.club for more information.
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে আতশবাজি তৈরিতে ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের একটি এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে কর্মকর্তারা বলেছেন, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষণ করা আতশবাজির মজুত থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এ ঘটনায় ১০ থেকে ১৫ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন ৬২ জন। আহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে বেশির ভাগ বাড়ির জানালার কাচ ভেঙে গেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ আহত ব্যক্তিদের চিকিৎসাকেন্দ্রে নেওয়ার জন্য সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসকদল ও পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
নেব্রাস্কা বলেন, ঘটনাস্থলে এখনো তাপের উৎস রয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক করেছেন। এতে আবার বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। এ কারণে তিনি স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছেন।