শাহরুখের বাংলোতে ৮ ফুট লম্বা সাপ! একটি উদ্ধার, আরেকটি গেল কোথায়

· Prothom Alo

বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বিখ্যাত বাংলো ‘মান্নাত’-এ হঠাৎ দেখা মিলেছে জোড়া সাপের। ঘটনাটি আবার নাগপঞ্চমীর দিনের। বাড়ির লনে দুটি সাপ দেখতে পেয়ে চমকে যান কর্মীরা। খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী দলকে। দীর্ঘ তল্লাশির পর আট ফুট লম্বা একটি সাপ উদ্ধার করা গেলেও অন্যটির আর খোঁজ মেলেনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল সোমবার মান্নতের লনে দুটি সাপ দেখতে পান বাড়ির কর্মীরা। বিষয়টি নিরাপত্তাকর্মীদের জানানো হলে দ্রুত সাপ উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়।

Visit lej.life for more information.

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাত আটটার দিকে এক সাপ উদ্ধারকারীর কাছে ফোন আসে। তাঁকে জানানো হয়, শাহরুখের বাড়ির চত্বরে দুটি সাপ দেখা গেছে। এরপর উদ্ধারকারী দল মান্নতে পৌঁছে লন ও আশপাশের জায়গায় তল্লাশি শুরু করে।
একপর্যায়ে একটি সিঁড়ির নিচে লুকিয়ে থাকা সাপের সন্ধান মেলে। সাবধানে সেটিকে সেখান থেকে বের করে আনেন উদ্ধারকারীরা। প্রায় আট ফুট লম্বা সাপটি ‘ইন্ডিয়ান র‍্যাট স্নেক’ প্রজাতির। এটি বিষধর নয়।

একটি সাপ উদ্ধার হলেও তখনো বাকি ছিল আরেকটি। কারণ, কর্মীরা শুরুতেই দুটি সাপ দেখেছিলেন। উদ্ধারকারীদের ধারণা, লোকজনের চলাচল ও তল্লাশি শুরু হওয়ার পর দ্বিতীয় সাপটি দ্রুত সরে যায়। সেটি মান্নতের চত্বরেই কোথাও লুকিয়ে আছে, নাকি বাইরে চলে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

দ্বিতীয় সাপটির খোঁজে অনেক রাত পর্যন্ত চলে তল্লাশি। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজেও শেষ পর্যন্ত সেটির কোনো হদিস পাননি উদ্ধারকারীরা। উদ্ধার করা সাপটি বিষধর নয় জানতে পেরে কর্মী ও নিরাপত্তারক্ষীরা স্বস্তি পেলেও দ্বিতীয় সাপটি কোথায়, সে প্রশ্নের উত্তর মেলেনি।

শাহরুখ খান

মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্রমুখী এলাকায় অবস্থিত মান্নাত শাহরুখের ভক্তদের কাছেও বিশেষ আকর্ষণের জায়গা। প্রতিদিনই বাংলোটির বাইরে ভক্তদের ভিড় দেখা যায়। বিশেষ করে জন্মদিন ও ঈদের মতো উপলক্ষে মান্নতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন শাহরুখ। সেই বহুল পরিচিত বাড়িতে এবার সাপের উপস্থিতির খবর আলোচনায় এসেছে।

গৌরীর সঙ্গে যে বাড়িতে সংসার শুরু, সেই বাড়ি কিনলেন শাহরুখ

এদিকে শাহরুখকে সামনে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এ। ছবিটিতে তাঁর সঙ্গে থাকছেন মেয়ে সুহানা খান। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জিসহ আরও কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে।

Read full story at source