এসএসসিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ১২ লাখের বেশি আবেদন পড়েছে: শিক্ষামন্ত্রী
· Prothom Alo

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এই অবস্থা দেখে মনে হয় প্রায় সব শিক্ষার্থীই খাতা পুনর্মূল্যায়ন করতে চায়। তাই খাতা পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করা হচ্ছে।
এত খাতা পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, তাই খাতা পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করা হচ্ছে; যাতে কোন ধরনের খাতা পুনর্মূল্যায়ন করা যাবে, সেগুলোর আওতা নির্দিষ্ট করা যায়।
Visit milkshakeslot.online for more information.
আজ সোমবার ঢাকার একটি হোটেলে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’–এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথাকগুলো বলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয়গুলোতেও টিভিইটির ওপর গুরুত্ব দিতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কিউএস রেটিংয়ের অবস্থান আরও উন্নত করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় জোর দিতে হবে। ক্রস-বর্ডার এডুকেশনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীর কোনো অভাব নেই উল্লেখ করে এহছানুল হক মিলন বলেন, এ দেশের শিক্ষার্থীরা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে খুব ভালো ফল করছে। পাশাপাশি গবেষণা ক্ষেত্রেও বিশাল সাফল্য দেখিয়েছে। রিভার্স ব্রেন ড্রেনের মাধ্যমে তাদের দেশে এনে তাদের মেধাকে কাজে লাগাতে হবে।
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বৃদ্ধি করতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের সহজেই বাংলাদেশের ভিসা পাওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে আরও বক্তব্য দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন, কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান, কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিন ফার্নান্দেজ। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।