নতুন এআই মডেল আনল মেটা, যেসব সুবিধা পাওয়া যাবে
· Prothom Alo

‘মিউজ গ্লিমার’ নামের শক্তিশালী এআই মডেল উন্মুক্ত করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তিন হাজার কোটি প্যারামিটারযুক্ত এআই মডেলটি সরাসরি কম্পিউটারে ব্যবহারের পাশাপাশি সহজেই প্রয়োজন অনুযায়ী এআই এজেন্ট তৈরি করে দিতে পারে। শুধু তাই নয়, এআই এজেন্ট তৈরির জন্য ক্লাউড সার্ভারের ওপরও নির্ভর করতে হবে না।
Visit michezonews.co.za for more information.
মিউজ গ্লিমারের বিশেষত্ব হলো এটি সরাসরি ব্যবহারকারীদের কম্পিউটারে চালানো যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি বড় এআই মডেলগুলো সাধারণত ব্যবহারকারীদের অনুরোধ প্রথমে ইন্টারনেটের মাধ্যমে ডেটা সেন্টারে পাঠিয়ে থাকে। কিন্তু মিউজ গ্লিমার মডেলটি সেই কাজ কম্পিউটারেই করতে পারে। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা যাবে। ইন্টারনেট সংযোগ না থাকলেও নির্দিষ্ট কিছু কাজ করা যাবে মডেলটিতে।
মেটার তথ্যমতে, মিউজ গ্লিমারকে সাধারণ চ্যাটবটের মতো শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি করা হয়নি। এটি মূলত ‘এজেন্টিক’ এআই মডেল। অর্থাৎ একাধিক ধাপে কাজের পরিকল্পনা করার পাশাপাশি সেগুলো বাস্তবায়নের সক্ষমতা রয়েছে মডেলটির। স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন টুল ব্যবহারসহ মডেলটি কৃত্রিম ছবি তৈরি, কোড লেখা ও ত্রুটি সংশোধনও করতে পারে।
মিউজ গ্লিমার মডেলের মাধ্যমে ডেভেলপাররা এমন এআই এজেন্ট তৈরি করতে পারবেন, যা কম্পিউটারের ফাইল, কোড লেখার সরঞ্জাম ও বিভিন্ন সফটওয়্যারের সঙ্গে সরাসরি কাজ করতে পারবে। নতুন এআই মডেলটির বিষয়ে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, মেটা ওপেন সোর্স প্রযুক্তি ব্যবহার সমর্থন করে। আর তাই মডেলটি উন্মুক্ত করতে পেরে মেটা গর্বিত।
সূত্র: ইন্ডিয়া টুডে