আড়াইহাজারে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি মিছিল, উত্তেজনা
· Prothom Alo

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই সময়ে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৃথক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই দলের নেতা–কর্মীরা মুখোমুখি অবস্থান নিলেও পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। শনিবার বিকেল পাঁচটা থেকে প্রায় দেড় ঘণ্টা আড়াইহাজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, শনিবার বিকেলে জামায়াত জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আড়াইহাজার বাজার এলাকায় একটি মিছিল বের করে। একই সময়ে বিএনপির নেতা–কর্মীরাও পৃথক মিছিল নিয়ে ওই এলাকায় আসেন। দুটি মিছিল কাছাকাছি চলে এলে উভয় পক্ষের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Visit saltysenoritaaz.com for more information.
বিএনপির মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুতফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। এদিকে জামায়াতের মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মুমিনুর হক সরকার, সমাজকল্যাণ সম্পাদক ইলিয়াস মোল্লা ও আড়াইহাজার উত্তর শাখার আমির মাওলানা মনিরুল ইসলাম।
এটি জামায়াতের পূর্বঘোষিত কর্মসূচি ছিল বলে জানান জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ইলিয়াস মোল্লা। তাঁর দাবি, বিএনপি তাঁদের কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্যে মাঠে নেমেছিল। তবে তাঁরা কোনো সংঘাতে জড়াননি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জামায়াতের অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁদের কর্মসূচিও আগে থেকেই নির্ধারিত ছিল। তাঁরা কারও উসকানিতে পা দেননি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আড়াইহাজার বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, দুই পক্ষ একই এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে এলাকা ছেড়েছে।