আনারস: রসালো ফলের আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যরহস্য

· Prothom Alo

মাথায় সবুজ মুকুট, গায়ে সোনালি আভা—আনারস যেন গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় উপহার। সুস্বাদু এই ফলে রয়েছে ভিটামিন, খনিজ ও ব্রোমেলেইনের মতো বিশেষ এনজাইম। তবে এর উপকারের পাশাপাশি কিছু সতর্কতার বিষয়ও জানা জরুরি।

Visit casino-promo.biz for more information.

গ্রীষ্মের বাতাসে ভেসে আসে এক মিষ্টি-ঝাঁজালো সুবাস। সেই সুবাসের নাম আনারস। মৌসুমি ফলের রাজকুমার—মাথায় সবুজ পাতার মুকুট, গায়ে সোনালি আভা। বাইরে শক্ত আবরণ, ভেতরে রসালো মিষ্টতা। প্রকৃতি যেন সূর্যের উষ্ণতা, বৃষ্টির স্নিগ্ধতা আর মাটির মাধুর্য একসঙ্গে মিশিয়ে তৈরি করেছে এই ফল।

পুষ্টিগুণে ভরপুর

মজার বিষয় হলো, আনারস আসলে একটি বহু ফল—অনেকগুলো ছোট ফল একত্র হয়ে একটি ফলের রূপ নেয়। শুধু স্বাদ নয়, পুষ্টিগুণের কারণেও এটি গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ফল।

পুষ্টিগুণে ভরপুর

প্রায় ১৬৫ গ্রাম তাজা আনারসে রয়েছে—
• ৮২–৮৩ ক্যালরি
• প্রায় ৭৯ মিলিগ্রাম ভিটামিন সি
• প্রচুর ম্যাঙ্গানিজ
• ভিটামিন বি৬
• পটাশিয়াম
• ম্যাগনেশিয়াম
• কপার
• প্রায় ২.৩ গ্রাম খাদ্যআঁশ
এতে কোলেস্টেরল ও চর্বি প্রায় নেই বললেই চলে।

ব্রোমেলেইন: আনারসের বিশেষ শক্তি

আনারসের সবচেয়ে আলোচিত উপাদান ব্রোমেলেইন। এটি একধরনের প্রোটিওলাইটিক এনজাইম, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, ব্রোমেলেইন হজমে সহায়তা করতে পারে এবং কিছু ক্ষেত্রে প্রদাহ কমানোর ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে। এ কারণেই বিশ্বের বিভিন্ন দেশে এটি খাদ্য-পরিপূরক (সাপ্লিমেন্ট) হিসেবেও ব্যবহৃত হয়।

ব্রোমেলেইন আনারসে থাকা বিশেষ একটি উপাদান

কেন খাবেন আনারস

পরিমিত পরিমাণে আনারস খাওয়ার সম্ভাব্য উপকারিতা—

• রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক

• হজমে সাহায্য করে

• অ্যান্টি–অক্সিডেন্টের উৎস

• ত্বকে কোলাজেন তৈরিতে ভিটামিন সি সহায়তা করে

• কম ক্যালরির কারণে ওজন নিয়ন্ত্রণে উপকারী

• পটাশিয়াম হৃৎস্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে

কিছু গবেষণায় প্রদাহ কমানো, জয়েন্টের অস্বস্তি হ্রাস বা নির্দিষ্ট কিছু স্বাস্থ্যঝুঁকি কমানোর সম্ভাবনার কথাও বলা হয়েছে। তবে এসব বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

কারা সতর্ক থাকবেন

সব খাবারের মতো আনারসও সবার জন্য সমান উপযোগী নয়।

সতর্ক থাকবেন যদি—

• আনারসে অ্যালার্জি থাকে

• অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা থাকে

• ডায়াবেটিস থাকে (পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি)

• অপক্ব আনারস খাওয়ার অভ্যাস থাকে

গর্ভাবস্থায় সাধারণ পরিমাণে পাকা আনারস খাওয়া নিরাপদ বলে মনে করা হয়। তবে বিশেষ শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

কখন খাওয়া ভালো

দিনে খাওয়া যায়

• সকালের নাশতার সঙ্গে

• দুপুরের খাবারের পর

• বিকেলের স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে

প্রতিদিন এক থেকে দুই কাপ তাজা আনারস যথেষ্ট।

রাসায়নিক ব্যবহারের প্রশ্ন

বাংলাদেশের বিভিন্ন এলাকায় আনারস চাষে ফলের আকার বড় করা বা দ্রুত পাকানোর জন্য বিভিন্ন গ্রোথ রেগুলেটর, সার ও কীটনাশক ব্যবহারের অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অনুমোদিত মাত্রার বাইরে এসব রাসায়নিক ব্যবহার করলে দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই আনারস কেনার সময় বিশ্বস্ত উৎস বেছে নেওয়া এবং খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি।

শেষ কথা

আনারস শুধু সুস্বাদু ফল নয়; এটি পুষ্টিরও একটি চমৎকার উৎস। তবে যেকোনো খাবারের মতোই এর উপকারিতা নির্ভর করে পরিমিত খাওয়া, সঠিকভাবে সংরক্ষণ ও নিরাপদ উৎপাদনের ওপর। সচেতনভাবে বেছে নিলে গ্রীষ্মের এই সোনালি ফল হতে পারে প্রতিদিনের খাদ্যতালিকার একটি স্বাস্থ্যকর সংযোজন।

লেখক: খাদ্য ও পথ্য বিশেষজ্ঞ; প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

ছবি: পেকেজেলসডটকম

Read full story at source