পাটগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা
· Prothom Alo

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পয়ষট্টি বাড়ি সীমান্তে দুই দফায় আরসিসি খুঁটি বসানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্য ও নির্মাণশ্রমিকেরা কাজ বন্ধ করে নির্মাণসামগ্রী নিয়ে ফিরে গেছেন।
Visit moryak.biz for more information.
লালমনিরহাট ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা ব্যাটালিয়ন) সহকারী পরিচালক (এডি) কারিমুল ইসলাম আজ বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার ও আজ ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হাড়িকামাত (পানিশালা) গ্রামের সীমান্ত এলাকায় বাঁশের খুঁটি সরিয়ে আরসিসি খুঁটি বসানোর উদ্যোগ নেয় বিএসএফ। বিষয়টি জানতে পেরে লালমনিরহাট ৬১ বিজিবির টহল দল আপত্তি জানিয়ে কাজে বাধা দেয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ওই স্থান শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের দিকে। বিএসএফের তত্ত্বাবধানে নির্মাণশ্রমিকেরা বাঁশের খুঁটি সরিয়ে আরসিসি খুঁটি বসানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বিজিবির আপত্তির পর তাঁরা নির্মাণসামগ্রী সরিয়ে চলে যান।
এ বিষয়ে আজ দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে বাঁশের খুঁটি সরিয়ে আরসিসি খুঁটি স্থাপন করা যাবে না বলে বিএসএফকে জানায় বিজিবি।