মরুভূমি মন
· Prothom Alo

বাংলাদেশের বৃষ্টির সঙ্গে ইংল্যান্ডের বৃষ্টির তেমন মিল খুঁজে পাই না আমি। এখানে ঝুম বৃষ্টি হয় না বললেই চলে। টিনের চালে বৃষ্টির মধুর আওয়াজ শোনা হয় না, ঝুম বৃষ্টিতে ভেজা হয় না আনমনে। পুকুরঘাটে সারা শরীর ডুবিয়ে, দুচোখ পুকুরের পানির লেভেলে রেখে দেখা হয় না লাখো কোটি বৃষ্টিফোঁটার মিছিল। কই মাছের পুকুরপাড় বেয়ে উঠে আসা দেখা যায় না এখানে। মেঘেরাও এখানে অতিরিক্ত ভদ্র! দেশের মতো গর্জে না, বর্ষেও না। লুকোচুরি খেলে খুব বেশি। দুই কানে আর হাত দেওয়া হয় না বিজলি চমকানো দেখে।
এখানে হঠাৎ বৃষ্টি এলে কেউ দৌড় দেয় না, চট করে জ্যাকেটের হুড তুলে রোবটের মতো হেঁটে যায়। হঠাৎ বৃষ্টি এলে লেজ তুলে গরুরা দৌড়ায় না, ছাগল এসে আশ্রয় নেয় না বাংলাঘরের বারান্দায়। ঝোড়ো বাতাসে বাড়ির পুকুরে ওঠা ঢেউ এখন বুকের গহিনেই বাজে নীরবে। ধানের মাঠের সবুজের ঢেউ এখন আছড়ে পড়ে বুকের বাঁ পাঁজরে। টইটম্বুর পুকুরে বন্দী মাছেদের মুক্তির আশায় করা দৌড়ঝাঁপ দেখা হয় না। কালবৈশাখীতে আম কুড়ানোর সোনালি দিনগুলো হারিয়ে গেছে।
Visit chickenroad.qpon for more information.
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
এখানে বাইরে কাপড় শুকাতে দিই না, হঠাৎ বৃষ্টি এলে উঠান কিংবা ছাদ থেকে কাপড় তোলার জন্য দৌড়ঝাঁপ করার মতো উত্তেজনা পাওয়া যায় না এখানে। বৃষ্টির আগমনী বার্তা নিয়ে বাতাস এলে রাস্তাঘাটে বোম্বে সুইটসের সবুজ প্যাকেট এখানে ওড়ে না। লুঙ্গি পরা হয় না এই ঠান্ডার দেশে, ঝোড়ো বাতাসে লুঙ্গিও সামলাই না এখন আর। রাস্তাঘাট পরিষ্কার, দমকা বাতাসে ধুলাবালু থেকে বাঁচতে মুখ ঢাকি না অনেক দিন।
সুপারিগাছ বেয়ে নেমে আসা ঝরনাধারা ছুঁয়ে দেখা হয় না, কচুপাতায় আটকে থাকা বৃষ্টিফোঁটার মুক্তদানা মেঘে ঢাকা সূর্যের দেশে চমকায় না আর। বৃষ্টিতে ভিজে গাছের ডালে ঝিম মেরে বসে থাকা জবুথবু পাখিগুলোও দেখি না কত দিন।
বৃষ্টির দিনে প্রিয় বারান্দার প্রিয় চেয়ারে বসে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিই না যেন হাজার বছর ধরে।
আমার আকাশ মেঘলা হয় ঠিকই, চাতক মন ভেজে না এই দূর দেশে, ঝুম বৃষ্টির অভাবে সতেজ হয় না মরুভূমি মন আমার...।