সংবাদ সম্মেলনে স্কালোনির কান্না, ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা
· Prothom Alo

চার বছর আগে লুসাইলের মহাকাব্যিক রাতে যিনি ভেসেছিলেন আনন্দাশ্রুতে, ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন পরম আরাধ্য বিশ্বকাপ; চার বছর পর নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের ডাগআউটে সেই লিওনেল স্কালোনির চোখে এবার শুধুই বিষাদের জল।
Visit catcross.org for more information.
আবারও বিশ্বজয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার আর শেষটা মধুর হলো না। ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলটিই গড়ে দিল ভাগ্য। আর্জেন্টিনাকে হতাশায় ভাসিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের সোনালি ট্রফিটা নিজেদের করে নিল স্পেন।
রোববারের এই হৃদয়ভাঙা হারের পর নিজেকে ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার কোচ। ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমকর্মীদের সামনেই কেঁদে ফেলেন স্কালোনি। একই সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়েও রেখে গেছেন এক বড় প্রশ্নবোধক চিহ্ন।
রদ্রি পেলেন গোল্ডেন বল, এমবাপ্পে গোল্ডেন বুট: আর কার হাতে কোন পুরস্কারবিশ্বকাপের শিরোপা হারানোর তীব্র যন্ত্রণা বুকে চেপেও নিজের দলের লড়াই নিয়ে গর্ব প্রকাশ করেছেন স্কালোনি। স্পেনের শ্রেষ্ঠত্ব অকপটে স্বীকার করে তিনি জানান, তাঁর খেলোয়াড়েরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠের ভেতর নিজেদের সর্বস্ব উজাড় করে লড়েছেন। দেশের কোটি সমর্থককে তিনি মনে করিয়ে দিয়েছেন, ফাইনালে একটি পরাজয় যেন টুর্নামেন্টজুড়ে দলের এত বড় অর্জনকে কোনোভাবেই ম্লান করে না দেয়।
ম্যাচ শেষে আবেগাপ্লুত আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘আমি কষ্ট পাচ্ছি। তবে এটাও জানি, ছেলেরা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু এখন সেগুলো বলা সম্ভব নয়। এই দলটার প্রতি আমি চিরকৃতজ্ঞ। তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। সত্যি বলতে, আজ স্পেনই ভালো খেলেছে। তবু এই দল যা করেছে, তা নিয়ে আমার অসংখ্য গর্বের স্মৃতি থাকবে। এই পর্যায়ে পৌঁছানো কতটা কঠিন, আমরা তা ভালো করেই জানি।’
আবেগে ভেঙে পড়েছেন স্কালোনিফাইনালে হারের পেছনে কোনো অজুহাত দাঁড় করাননি আর্জেন্টিনার কোচ, ‘আমরা যা অর্জন করেছি, সেটার যথাযথ মূল্যায়ন করা উচিত। জয়ের সময় যেমন বড় হতে হয়, পরাজয়ের সময়ও তেমনি বড় হতে হয়। আজ আমরা দেখিয়েছি, কীভাবে হার মেনে নিতে হয়। আমরা ম্যাচ হেরেছি এবং সেটি মেনে নিচ্ছি। কিন্তু তাই বলে এত দিন ধরে যা করেছি, তা ভুলে যাওয়া যাবে না।’ দেশের সমর্থকদের উদ্দেশে তিনি শুধু এটুকুই বলেছেন, ‘দেশের মানুষের কাছে আমি শুধু বলতে চাই, আমরা মাঠে নিজেদের সর্বস্ব দিয়ে লড়েছি।’
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর ফুটবল বিশ্বে নতুন গুঞ্জন তৈরি করেছে স্কালোনির এক মন্তব্য। আর্জেন্টিনার ডাগআউটে তাঁর ভবিষ্যৎ কী, তা নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন তিনি নিজেই। চোখে অশ্রু নিয়ে স্কালোনি জানান, চুক্তির মেয়াদ শেষ হতে চললেও কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তিনি নেননি।
১৬ বছর পর আবার বিশ্বসেরা স্পেনস্কালোনি বলেছেন, ‘লিওর (লিওনেল মেসি) সঙ্গে এখনো কথা হয়নি। আমার ক্ষেত্রে আমি সভাপতির সঙ্গে কথা বলব। আমি কী করতে চাই, সে বিষয়ে একটা ধারণা আছে। আপাতত চুক্তির মেয়াদ পূরণ করব, তারপর দেখা যাবে। সত্যি বলতে, আমার কিছুটা সময় নিয়ে ভাবার প্রয়োজন আছে। কারণ, আমি জানি না এর চেয়েও বড় কিছু করতে পারব কি না। হয়তো আমাদের এ নিয়ে কথা বলতে হবে। এমন একটি সুযোগ দেওয়ার জন্য আমি সভাপতির প্রতি কৃতজ্ঞ। এই দায়িত্বে থাকতে পারাটাই অনেক বড় ব্যাপার।’
উল্লেখ্য, স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। তাঁর চুক্তি নবায়নের বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। দুই পক্ষের সম্পর্ক বরাবরই ভালো এবং আলোচনাও ইতিবাচক দিকেই এগোচ্ছিল।
তবে বিশ্বকাপ ফাইনালের পর স্কালোনির এই আবেগঘন ও নাটকীয় মন্তব্যে ইঙ্গিত মিলেছে, নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি এখনই নিচ্ছেন না। ডাগআউটে তাঁর থাকা না থাকার পুরো বিষয়টিই সম্ভবত এই আন্তর্জাতিক মৌসুম শেষ হওয়ার পর নির্ধারিত হবে।