আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন নেতৃত্ব
· Prothom Alo

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির পুরোনো উদ্যোক্তা বদিউর রহমান। আর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেলিম রহমান। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচিত করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত চেয়ারম্যান বদিউর রহমান ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ব্যাংক খাতের পাশাপাশি বদিউর রহমান বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
Visit h-doctor.club for more information.
দায়িত্ব গ্রহণের পর বদিউর রহমান বলেন, ২০০৮ সালে প্রথমবার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োজিত ছিল। সে সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যাংকটিকে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। বর্তমানে আবারও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগের প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জের মুখে দায়িত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ব্যাংকটিকে ঘুরে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। কেডিএস গ্রুপের গার্মেন্টস, টেক্সটাইল, স্টিল, লজিস্টিকস, আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে। সেলিম রহমান বর্তমানে বিজিএমইএর প্রথম সহসভাপতি।
গত বুধবার ব্যাংকটির পুরোনো ১৪ জন শেয়ারধারীকে ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির পর্ষদ ভেঙে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল। এর পর থেকে গতকাল পর্যন্ত ব্যাংকটি স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল।